ঘূর্ণিঝড়ের রেমালের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে গত কয়েক দিনে বিভিন্ন সংবাদমাধ্যমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে যে জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিক্রিয়াও প্রকাশিত হয়েছে। জোর গলায় দাবি উঠেছে, স্থায়ী এবং টেকসই বাঁধ চাই। জলবায়ু পরিবর্তন বিশেষ করে বৈশ্বিক উষ্ণতার কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায়, মানুষকে এখন সবচেয়ে বেশি মোকাবিলা করতে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তীব্র দাবদাহ, খরা, দাবানলের সঙ্গে বেড়ে চলছে অতি বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়। আর এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো বদ্বীপ দেশগুলো। ঘূর্ণিঝড়ের রেমাল কতটা প্রলয়ংকরী হতে পারে, আবারো তার সাক্ষী হলো বাংলাদেশ। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে প্রবল রেমালের ধ্বংসলীলা। দমকা বাতাস আর ভারি বৃষ্টি কমতে শুরু করার পর দেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলার ক্ষত চিহ্নগুলো ফুটে উঠতে শুরু করেছে। রবিবার রাত আটটার দিকে উপকূলে আছড়ে পড়ার ব্যাপক তাণ্ডব চালাতে শুরু করে রিমাল। আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিলেও, প্রায় ৩৬ ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়। সরকারের পক্ষ থেকে প্রাথমিক হিসাব সেরে ফেলা হয়েছে। বলা হচ্ছে, প্রবল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৭ লাখ মানুষ। আর কেড়ে নিয়েছে দশটি প্রাণ। প্রবল জোয়ারের তোড়ে বহু জায়গায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ উপকূলের বহু এলাকা।
জলোচ্ছ্বাসের ১০ থেকে ১২ ফুট পানির নিচে তলিয়ে যায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা সেখানে। ভেসে গেছে উপকূলের বহু মাছের ঘের, প্লাবিত হওয়া উপকূলের নিম্নাঞ্চলে ঢুকে পড়েছে লবণাক্ত পানি। ১৫ বছর আগে বাংলাদেশের ভূমিতে ঘূর্ণিঝড় আইলা যে প্রলয় চালিয়েছিল, রেমালের দীর্ঘসময় ধরে চালানো তাণ্ডবেও একই রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে সরকারের সংশ্লিষ্টরা কর্মকর্তারা। প্রবল ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কাতে হু-হু করে পানি ঢুকে পড়ে সুন্দরবনে। মুহূর্তেই নোনাপানির তোড়ে ভেসে যায় সেখানে থাকা ৮০টি মিঠাপানির পুকুর। জলোচ্ছ্বাসের কারণে হরিণ ভেসে গিয়ে মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। গত সোমবার বিকালেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান খান ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব তুলে ধরেন। তিনি জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৬৫ সাল থেকে পরবর্তী ১০-১২ বছরে অস্বাভাবিক জোয়ারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলাদেশের উপকূলজুড়ে বেড়িবাঁধ নির্মিত হয়েছে। এখন এসেছে এগুলো পুনর্র্নির্মাণ বা ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কারের বিষয়। উপকূলবাসীর দাবি স্থায়ী বা টেকসই বাঁধ নির্মাণের। এই দাবি অত্যন্ত যৌক্তিক। ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্রের একটি পরামর্শদাতা সংস্থা বেড়িবাঁধগুলোর একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছিল। এরপর আরেকটি মার্কিন সংস্থা এগুলোর নির্মাণকাজ তদারকি এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডকে পরামর্শ দিয়েছিল। জনবল এবং অর্থবলের অভাবে আমাদের দেশে এ কাজটি হয় না। স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে অনেকটাই এগোনো যেতে পারে। বাঁধের ফাঁদে সাড়ে ৪ কোটি জীবন বাংলাদেশের দক্ষিণে সমুদ্র উপকূলবর্তী ১৯টি জেলা নিয়ে উপকূলীয় অঞ্চল। দেশের তিন ভাগের এক ভাগজুড়ে বিস্তৃত এই অঞ্চলে প্রায় সাড়ে ৪ কোটি মানুষের বাস। ফণী ও বুলবুলের প্রভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও রেমালের তাণ্ডবে তছনছ হয়ে যায় উপকূল। রেমালের বিরূপ প্রভাবে বেড়িবাঁধ ভেঙে ও ঝড়ের কবলে পড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা ও মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যা কাটিয়ে ওঠা উপকূলবাসীর জন্য অসম্ভব হয়ে উঠেছে। বাঁধ নির্মাণের পরিকল্পনা বা প্রকল্প যে হয়নি তা কিন্তু না। প্রকল্প, পরিকল্পনা সবই হয়েছে। এ বিষয় নিয়ে টেলিভিশন, সংবাদমাধ্যমে অনেক আলোচনা-সমালোচনা হয়। বাংলাদেশ সরকার দেশকে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। উপকূলীয় অঞ্চলের মানুষের সংকট নিরসনে বাংলাদেশের সরকারের টেকসই বাঁধ চাই। অথচ দেশের এক-দশমাংশ এলাকা উপকূল, যার বিস্তৃতি প্রায় ৭১০ কিলোমিটার। এই বিস্তৃত ভূমিতে প্রায় চার কোটি মানুষের বসবাস। দেশের ২৫ শতাংশ নাগরিক যেমন উপকূলে বসবাস করে, তেমনি জাতীয় অর্থনীতিতে জিডিপির কমবেশি ২৫ শতাংশ অবদান রয়েছে উপকূলের।
এখন ঊপকূলীয় নদ-নদীর ভাঙনপ্রবণ অঞ্চল চিহ্নিত করে বাঁধ নির্মাণ এবং পুরনো বাঁধ সংস্কার জরুরি। ক্ষেত্রবিশেষে ছয় থেকে সর্বোচ্চ দশ মিটার পর্যন্ত বাঁধ উঁচু করতে হবে। ঊপকূলীয় বাঁধগুলো টেকসই এবং নির্মাণ কাজে যথাযথ তদারক করা হলে আগামী ১০০ বছরেও এই বাঁধের কোনো ক্ষতি হবে না। টেকসই বাঁধ নির্মাণ সম্পন্ন হলে উপকূল এবং উপকূলের চর ও চরাঞ্চলগুলোর জীবন ও জীবিকার গতিপথ ত্বরান্বিত হবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পরিমাপ করা হলেও এখন জলবায়ু পরিবর্তনের কারণে নদীর গতিপ্রকৃতি, ঝড়-জলোচ্ছ্বাসের প্রকৃতিও পরিবর্তিত হচ্ছে। এসব বিষয় বিবেচনায় রেখে এখনই উপকূলীয় অঞ্চল রক্ষায় বাঁধ নির্মাণ ও সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
লেখক: শিক্ষক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

