রাজধানীতে খোঁড়াখুঁড়ির চিত্র নতুন নয়। সারা বছরই কোনো না কোনো বিভাগের খোঁড়াখুঁড়ি চলতে থাকে। এ শহরে আগমন ও বহির্গমনে পোস্তগোলা ও বাবুবাজার সেতু ব্যবহার করেন দক্ষিণবঙ্গের মানুষ। পদ্মা সেতু চালু হওয়ার পর এ দুই সেতুপথে গাড়ির চাপ বেড়েছে কয়েক গুণ। গত কয়েক মাস ধরে এ দুই সেতুমুখ বাবুবাজার এবং টিকাটুলী সড়কে বিভিন্ন সংস্থার খোঁড়াখুঁড়িতে যানজটে নাজেহাল যাত্রীরা।
সকাল থেকে শুরু হওয়া টিকাটুলীর এ যানজট রাত পর্যন্ত প্রবেশমুখ ছেড়ে কাকরাইল পর্যন্ত বিস্তৃতি লাভ করে। ফলে দীর্ঘ সময় যানজটে বসে থাকায় ওই অঞ্চলের মানুষের কাছে ঢাকায় আসা-যাওয়া অনেকটা যুদ্ধের মতো। আসছে বর্ষা মৌসুমে এ সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে বলে আশঙ্কা জনসাধারণের। তবে এ চিত্র শুধু প্রবেশমুখেই নয়; বর্ষা মৌসুমের শুরুতে রাজধানীর অভ্যন্তরের প্রধান সড়ক থেকে অলিগলিতেও।
নগরজুড়ে কমপক্ষে শতাধিক সড়কে চলছে বিভিন্ন সংস্থা ও সিটি করপোরেশনের উন্নয়নের খোঁড়াখুঁড়ি। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানজট ও ভোগান্তি। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সাধারণত সড়কের মধ্যে শুষ্ক মৌসুম ধরে উন্নয়ন কাজের অনুমতি দেয় ওয়ানস্টপ সমন্বয় সেল। তবে সিটি করপোরেশনের দাবি, সংস্থাগুলো শেষ সময়ে এসে উন্নয়ন কাজের অনুমতি চায়। তাদের ২৩টি শর্ত জুড়ে অনুমতি দিলেও তারা এসব শর্ত মানে না। যার কারণে নগরজুড়ে দেখা দেয় দুর্ভোগ ও যানজট।
সিটি করপোরেশন, ঢাকা ওয়াসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বছরের বেশিরভাগ সময় সড়কে চলে খোঁড়াখুঁড়ি। কোনো প্রকার নিয়ম না মেনেই দিনের পর দিন চলে এসব কাজ। এই কাটাকাটি বা খোঁড়াখুঁড়িতে সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে বেশি দুর্ভোগ পোহাতে হয়। কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করতে সিটি করপোরেশন সড়ক খোঁড়াখুঁড়ি করছে। কোথাও আবার স্যুয়ারেজ লাইন ঠিক করতে ঢাকা ওয়াসা রাস্তা কাটছে। আবার কোথাও বিদ্যুতের লাইন ও ইন্টারনেট ক্যাবল মাটির নিচে নিতে রাস্তা কাটছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। কোথাও আবার সড়কে তিন মাস আগে কাজ শেষ করে সংস্কার হয়ে নতুনভাবে আবার খোঁড়াখুঁড়ি চলছে। আবার কোথাও দুই থেকে তিন মাস রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে। এত সড়কে একসঙ্গে কাটাকাটি ও খোঁড়াখুঁড়ির কারণে বাসিন্দাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
রাজধানীর অধিকাংশ এলাকায় ড্রেনেজ, বিদ্যুৎসহ কয়েকটি সংস্থার রাস্তা কেটে সংস্কার চলছে। দীর্ঘদিন কাজ চলতে থাকায় এ এলাকার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। কোনো গাড়ি বা রিকশা চলাচল করতে পারছে না। একই সঙ্গে হেঁটে চলাও দায় হয়ে দাঁড়িয়েছে।
কোরবানির ঈদও আর খুব বেশি দেরি নেই। এই খোঁড়াখুঁড়ির কারণে যানজট প্রকট আকার নিতে পারে। এ ছাড়াও বর্ষা মৌসুম সমাগত। দ্রুত কাজ শেষ না করলে বৃষ্টিতে মানুষের ভোগান্তি হয়ে দাঁড়াবে অন্তহীন। কারণ বৃষ্টি হলে খননকৃত সড়কে পানি জমবে। এসব খানা-খন্দের ভেতরে রিকশা বা মানুষ পড়ে গেলে সংকটের অন্ত থাকবে না।
আমরা একটা বিষয় বুঝতে পারি না যে, একটি রাজধানী শহরের এত ব্যস্ত সড়কের কাজ এত ঢিলেঢালা হয় কেন? দিনের পর দিন কেন ব্যয় হয় একটা কাজ শেষ করতে। উন্নয়ন কর্মকাণ্ডের কারণে সাময়িক ভোগান্তি হবে সেটা স্বাভাবিক। কিন্তু দিনের পর দিন ধরে এ ধরনের ভোগান্তি অসহনীয়। খোঁড়াখুঁড়ির এ কাজ দ্রুত শেষ করা একান্ত জরুরি।
মানবকণ্ঠ/এফআই

