একেকটা ঘূর্ণিঝড়ের পড়ে আমরা দেখতে পাই, পিতা-মাতা যেমন সন্তানকে বুক দিয়ে আগলে রাখে তেমনি সুন্দরবন নিজের নিদারুণ ক্ষতি নিয়ে আমাদের রক্ষা করেছে। এটা বেশি স্পষ্ট হয়েছিল ২০০৭ সালে সিডর এবং ২০০৯ সালে আইলার সময়। ঘূর্ণিঝড় রেমালের পরেও আমরা দেখতে পেলাম মূল আঘাতটা নিজ বুকে ধারণ করে ক্ষত-বিক্ষত হয়েছে। যে পিতা নিজের জীবন বিপন্ন করে, খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করে কিন্তু কখনো কখনো আমরা দেখি সেই সন্তানই পিতাকে অসম্মানের মধ্যে ফেলে দেয়। সেই কুলাঙ্গার সন্তানের মতোই আমরা সুন্দরবনের প্রতি আচরণ করছি। আমরা হয়তো পুলকিত হই যে, যাক গিয়েছেতো সুন্দরবনের উপর দিয়েই, আমাদেরতো তেমন ক্ষতি হয়নি। যদি সুন্দরবন না থাকতো তাহলে সিডর, আইলা ও রেমালের ধাক্কায় আমরাই আরো বেশি ক্ষত-বিক্ষত হতাম। যদি ভবিষ্যতে সুন্দরবন না থাকে তাহলে কি ঘটতে পারে সেই ভাবনাটা আমাদের আরো গভীরভাবেই ভাবা দরকার। সাড়ে ৬ হাজার বর্গকিলোমিটার বিস্তৃত বনটির সর্বত্র সুগম্য নয়। আমরা জানি সুন্দরবন টিকে আছে রয়েল বেঙ্গল টাইগারের কারণেই। অনেক মানুষ ভয়ে বনের ভেতরে ঢুকতে সাহস পায় না। বাঘ টিকে থাকে একটি ইকো সিস্টেমের কারণে। তার টিকে থাকার জন্য বনের হরিণ ও শূকর দরকার। একেকটা ঘূর্ণিঝড়ে একদিকে যেমন লক্ষ লক্ষ গাছপালা ভেঙে পড়ে আরেকদিকে ঝড়ের তাণ্ডবে হরিণ ও শূকরের মতো প্রাণীরাও মৃত্যুবরণ করে। বনের ভেতরে বিপুল পরিমাণ সমুদ্রের লবণাক্ত পানি ঢুকে পড়লেও ক্ষতি হয়। বনের ভেতরে থাকা মিঠাপানির পুকুরগুলোও ভরে যায় লবণাক্ত পানিতে। তাতে পশু-পাখির এবং গাছপালার মারাত্মক সমস্যা হয়। একেকটা বড় ঝড়ে দীর্ঘসময় লবণাক্ত পানি থাকে বনের ভেতর। রেমালের জলোচ্ছ্বাসে প্রায় ৩০-৪৮ ঘণ্টা জলমগ্ন থাকে সুন্দরবন। পানিতে দীর্ঘসময় হরিণ-শূকর টিকে থাকতে পারে না। এ সময় অতিরিক্ত লবণাক্ত পানি খেয়েও বহু প্রাণী মারা যায়। রেমালের ছোবলে ১৩৪টি হরিণ ও ৪টি শূকরের মৃতদেহ বনকর্মীরা খুঁজে পেয়েছে। খুঁজে পায়নি এমন মৃত প্রাণীর সংখ্যাওতো কম নয়। বহু প্রাণীই ভেসে গেছে সমুদ্রে। ঝড়ে মারা যায় বা স্থানচ্যুত হয় বিপুল পরিমাণ পাখ-পাখালিও। পাখির বাসা, পাখির ডিম, পাখির ছানা সবই ধ্বংস হয়েছে। মৌমাছি, গোলপাতা, সাপসহ বহু প্রাণী, উদ্ভিদ, পতঙ্গও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে বহু মৌচাক এবং মারা পড়েছে অগণিত মৌমাছি। ফলে সুন্দরবন আমাদের যতটুকু রক্ষা করে তারচেয়ে তার নিজেরই বেশি ক্ষতি হয়। বনের ক্ষতি কাটানোর রাষ্ট্রীয় উদ্যোগ আমরা দেখি না। বন নিজেই আস্তে আস্তে কাটিয়ে উঠে ক্ষতি। সিডর ও আইলার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। সিডরেতো ১ লাখ ১০ হাজার হেক্টরজুড়ে ধ্বংসলীলা চালায়। তাতে ৩০ হাজার হেক্টর এলাকার গাছপালা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। একেকটা ঘূর্ণিঝড়ে বিশ্বের বৃহত্তর শ্বাসমূলীয় ম্যানগ্রোভ বনটির ক্ষতি নিরূপণ করার উদ্যোগও নেয়া হয় না। একেকটি বড় ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক যুগ লেগে যায়। কিন্তু গড়পড়তা প্রতি বছরই একটি করে বড় ঝড় আঘাত হানে সুন্দরবনে।
ঝড়ই সুন্দরবনের একমাত্র শত্রু নয়। আমি কয়েকবারই সুন্দরবনে ঢুকেছি। এখন প্রচুর সংখ্যক পর্যটকও ঢুকে সুন্দরবনে। বনের বাঘ, হরিণসহ সকল প্রাণীই মানুষের উপস্থিতি পছন্দ করে না। এজন্য মানুষকেই ব্যবস্থা নিতে হবে যাতে প্রাণীদের জীবনযাপনে ব্যাঘাত না ঘটে। আবার পুকুরগুলোকে দ্রুত লবণমুক্ত করার উদ্যোগ নিতে হবে। সুন্দরবনে বাঘের সংখ্যা খুবই কম। এদের রক্ষার জন্য উঁচু টিলা তৈরি করে সেখানে শক্ত শেড নির্মাণ করা দরকার। এসব করে কিছু প্রতিদান দেয়া যায়। এখন বনের ভেতরে বহু রিসোর্ট রয়েছে। এসব রিসোর্ট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করবে। সুন্দরবন রক্ষার জন্য বিশেষ আইন দরকার। কেবল সংরক্ষিত বন ঘোষণা করাই যথেষ্ট নয়। বনের ভেতর থেকে বনদস্যুদের সম্পূর্ণ উৎখাতই করতে হবে। আমরা প্রায়ই দেখি হরিণের মাংসসহ লোকজন ধরা পড়ছে। এর মানে হলো, বহুজনই হরিণ শিকার করে বা ধরে মাংস খায় এবং বিক্রিও করে। এটাকে কঠোর শাস্তির আওতায় আনলে হরিণ ধরা বন্ধ করা সম্ভব হতো। বাঘের পর্যাপ্ত খাবার না থাকলে বাঘও থাকবে না। বাঘ না থাকলে সুন্দরবনও থাকবে না।
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের সম্মান দিয়েছে ইউনেস্কো। সেই সম্মান আমরা ঝুঁকির মধ্যেই ফেলে দিয়েছি। এ কারণেই ইউনেস্কো আবার নিজেই সুন্দরবনকে বিশ্ব-ঐতিহ্যের ঝুঁকিপূর্ণ তালিকায় ফেলেছে। সুন্দরবনের মাত্র ১৩ কিলোমিটার কাছেই রয়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। সুন্দরবনের ২০ কিলোমিটারের মধ্যেই দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বনটিকে সবচেয়ে ঝুঁকির মধ্যে ফেলেছে। বনের উপর এর প্রভাব নিয়ে বহু যৌক্তিক কথাই বলা হয়েছে। তাতে কেউই কর্ণপাত করেনি। বরং নিয়মিতই কলকারখানা স্থাপনের সংবাদ পাওয়া যায়। সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যেই গড়ে উঠেছে শত শত শিল্প-কারখানা। কয়লাভর্তি বার্জ ডুবে যাওয়ার আশঙ্কার কথা আগেই বলা হয়েছিল। এখন আমরা এমন ঘটনা মাঝেমধ্যেই দেখছি। এতে সুন্দরবনের পানি বিষাক্ত হয়ে পড়ছে। আবার বনের ভেতর দিয়ে অহরাত্র কয়লাবাহী যানবাহনের চলাচলও বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর হয়ে উঠছে। এসব কাজ দেখে আমরা বলতে পারি না যে, সুন্দরবনের প্রতি আমাদের বিশেষ কোনো মমতা রয়েছে।
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভারসাম্যমূলক পরিবেশ বজায় রাখার জন্য যেকোনো দেশে অন্তত ২৫% বনাঞ্চল প্রয়োজন। বাংলাদেশে বন অধিদপ্তরের নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ ১০.৭৪% মাত্র। সরকারি নথি মোতাবেক মোট বনভূমির আয়তন ১৫.৫৮% মাত্র। রোহিঙ্গাদের প্রবেশে চট্টগ্রামের বনাঞ্চলের মারাত্মক ক্ষতি হয়েছে। এছাড়া সারাদেশেই বনভূমি দখলের একটা উৎসব চলছে। যেমন সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ গাজীপুরের বন দখল করে রিসোর্ট নির্মাণ করেছেন। এছাড়া আরো বহু প্রতিষ্ঠান ও ব্যক্তি বনের ভেতরে অবৈধভাবে লিজ নিয়ে বা জাল দলিল করে জমি ক্রয় দেখিয়ে তৈরি করেছেন রিসোর্ট বা বাগানবাড়ি। তাতে বলা যায় বন অধিদপ্তরের নিয়ন্ত্রিত বনভূমি খাতার চেয়ে অনেক কমই রয়েছে। সারাদেশের বনাঞ্চলের আয়তনও বাস্তবিক অনেক কমই রয়েছে। এই যে এ বছরের উষ্ণতা নিয়ে এতো কথা হলো তারও মূল কারণ ওই বনাঞ্চল না থাকা। বিশেষ করে রাজধানী ঢাকার গাছপালাই দ্রুত কমে গিয়েছে। এসব ক্ষেত্রে গাছপালা যেখানে বাড়ানো দরকার সেখানে তা দ্রুত কমানো হয়েছে। ঢাকার পার্কগুলোর ক্ষেত্রে সরকার নিজেই বেশি দখলে নিয়েছে এবং বেশি ক্ষতি করেছে। এ অবস্থাটা আমাদের বনভূমির ক্ষেত্রেও হয়েছে।
বাংলাদেশে ১৯৮৯ সাল পর্যন্ত বিভিন্ন বনাঞ্চলের ৭৭ হাজার হেক্টর বনভূমি বেআইনি দখলে চলে গিয়েছে। প্রতিবছর ৮ হাজার হেক্টর বন উজাড় হচ্ছে। বাংলাদেশে বাস্তবিক বন আচ্ছাদনের পরিমাণ এখন মাত্র ৫%। এছাড়া ২০ লক্ষ হেক্টর বনভূমির মাত্র অর্ধেকটা বৃক্ষপূর্ণ। দেশে ১৯৬০ থেকে ১৯৯০ পর্যন্ত এই তিন দশকেই ৪০% বনভূমি হারিয়ে গিয়েছে। বন উজাড়ের হারও ধারাবাহিকভাবে বাড়ছে। ১৯৭০ সালে বন উজাড়ের হার ছিল ০.৯% যা এক দশক পরেই দাঁড়ায় তিনগুণে! এখন বাংাদেশে মাথাপিছু বনভূমির পরিমাণ ০.০২ হেক্টরেরও কম। এটি বন ও মানুষের বিশ্ব অনুপাতে সবচেয়ে খারাপ অবস্থা। একেক অঞ্চলে একেক কারণে বনভূমি উজাড় হয়েছে। যেমন পার্বত্য অঞ্চলে অবৈধভাবে জুমচাষ করার কারণে বনভূমি কমছিল কিন্তু রোহিঙ্গাদের অনুপ্রবেশে তা মারাত্মক আকার ধারণ করে। গাজীপুরজুড়েই অবৈধ দখলদারগণ বিভিন্ন জনকে ম্যানেজ করে বা রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব বিস্তার করে বন উজাড় করেছেন। ফলে সংরক্ষিত বনভূমিগুলো আর সুরক্ষিত থাকেনি। ১৮৭৫ সালেই ব্রিটিশ সরকার সুন্দরবনকে সংরক্ষিত বন ঘোষণা করে। তাতেও রক্ষা পায়নি। এখন ক্ষতিগ্রস্ত বনের মধ্যে অন্যতম সুন্দরবনও। দুই বাংলা মিলে এর আয়তন প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার যার দুই তৃতীয়াংশই বাংলাদেশে। এই বন স্মরণকালের মধ্যেই অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শুরু থেকে আজ পর্যন্ত কমতে কমতে প্রায় অর্ধেকে এসে ঠেকেছে। বিভিন্ন গাছপালা বিশেষ করে সুন্দরী গাছ বিভিন্ন রোগের কবলে পড়ে বিলীন হয়েছে। এসব বালা-মুসিবত থেকেও বনকে রক্ষার বাস্তবসম্মত উদ্যোগ নেয়া হয় না। সুন্দরবনকে ১৯১১ সালে ট্র্যাক্ট আফ ওয়াস্ট ল্যান্ড হিসেবে আখ্যা দিয়ে হুগলী নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় ২৬৬ কিলোমিটার এলাকাজুড়ে সীমানা নির্ধারণ করা হয়েছিল। এ হিসাবের এক তৃতীয়াংশ এলাকা নিয়ে এখন সুন্দরবন রয়েছে। প্রাকৃতিক কারণে সুন্দরবন ক্ষতিগ্রস্ত হলে তা নিজেই কাটিয়ে উঠতে পারে। কখনো কখনো দীর্ঘ সময় লাগে। কিন্তু মানুষ যখন সুন্দরবনের জায়গা দখল করে আবাসন, শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসা কেন্দ্র গড়ে তুলে তার ছোবল থেকে সুন্দরবন আর রক্ষা পায় না। চিংড়ি চাষের জন্য সরকার কয়েকশ হেক্টর বনভূমি ইজারা প্রদান করে। এই সুযোগে অনিয়ন্ত্রিতভাবে চিংড়ি চাষ ও লবণ উৎপাদন করতে বহু ব্যক্তি বনের ক্ষতি করে। এই ক্ষতিরও কোনো সীমা-পরিসীমা থাকে না। সুন্দরবনকে ক্ষতি করার জন্য আমরা বহু উপকরণ তৈরি করেছি কিন্তু সুবন্দরবন আমাদের বাঁচিয়ে রাখতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে কী পরিমাণ ভূমিকা রাখছে সে হিসাব আমরা করিনি। সুন্দরবন হারিয়ে গেলে কেবল রয়েল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ আর সুন্দরী গাছই হারিয়ে যাবে না, হারিয়ে যাবে একেকটি সামুদ্রিক ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য আমাদের মাথার উপর সুন্দরবন নামক ছাতাটিও। তাই নিজেদের নিরাপদে বাঁচিয়ে রাখার জন্য হলেও সুন্দরবনকেও বাঁচিয়ে রাখতে হবে।
লেখক: কবি, প্রাবন্ধিক ও সংগঠক
মানবকণ্ঠ/এসআরএস

