চামড়া শিল্প এখন রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে। দেশের যে শিল্প আয় তার জন্য চামড়া খাতের অবদান হচ্ছে ২ শতাংশ। আর মোট রপ্তানি আয়ের প্রায় ৩ দশমিক ৮ ভাগ হচ্ছে চামড়াজাত পণ্য। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে চামড়া শিল্পের সম্ভাবনা রয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের বড় দুটি উৎসবের একটি হচ্ছে ঈদুল আজহা। বলা বাহুল্য, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে তথা জাতীয় অর্থনীতির সঙ্গে উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে ঈদুল আজহার। এ ঈদে প্রতি বছর বিভিন্ন গ্রহপালিত পশু যেমন গরু, ছাগল, উট, দুম্বা ইত্যাদি পশু কোরবানি করা হয়। ধর্মীয় নীতি অনুসারে মানুষ এই ত্যাগ স্বীকার করে থাকে এবং কোরবানির পশুর মাংস সমাজের পিছিয়ে পড়া গরিব-দুস্থ মানুষের মাঝে বণ্টন করা হয়। এতে করে একদিকে যেমন সমাজের বৃহৎ জনগোষ্ঠীর সুষম খাদ্য তালিকার ঘাটতি সাময়িক সময়ের জন্য হলেও কিছুটা পূরণ হয়, পাশাপাশি আমাদের অর্থনৈতিক খাতে কোরবানিকৃত পশুর চামড়া অর্থ উপার্জনে রাখে বিশেষ ভূমিকা। দেশের জিডিপির কথা বলতে গেলে এর অবদান শূন্য দশমিক ৬০ শতাংশ। মূল্য সংযোজন ৮০ শতাংশ। এত কিছুর পরও চামড়া শিল্প এখন চ্যালেঞ্জের মুখে। তবে চ্যালেঞ্জ থাকলেও রয়েছে অপার সম্ভাবনা এ তথ্য চামড়া শিল্পের সংশ্লিষ্টদের। সামর্থ্যবান মুসলিমরা কোরবানি দিতে সমর্থ হলেও বিপাকে পড়েন পশুর চামড়া নিয়ে। সাধারণত মসজিদ বা মাদ্রাসায় এ চামড়া দান করে থাকেন কিংবা কোরবানির স্থলে আগত পাইকারদের কাছে তা বিক্রি করেন। পাঁচ বছর আগেও যেখানে একটি পূর্ণবয়স্ক গরুর চামড়া প্রায় দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি করা যেত সেখানে গত কোরবানির ঈদে একটি পূর্ণবয়স্ক গরুর চামড়ার বিনিময় মূল্য হিসেবে ৩০০ টাকার বেশি পাওয়া যায়নি। অথচ এক দশকে চামড়ার জুতার দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে! এবার ঢাকায় সরকার কর্তৃক প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার নির্ধারিত বিনিময় মূল্য ধরা হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা, ২০১৩ সালে যা ছিল ৮৫ থেকে ৯০ টাকা। উল্লেখ্য, একটি পূর্ণ বয়স্ক গরু জবাইয়ের পর এর চামড়ার আকার হয়ে থাকে ৫০-৫৫ বর্গফুট। চামড়ার এ অস্বাভাবিক মূল্য হ্রাসের পেছনে চামড়া শিল্পসংশ্লিষ্ট ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতা ছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক বেশকিছু কারণ রয়েছে।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, চামড়া শিল্প খাতের উন্নয়নে স্বল্প ও দীর্ঘ মেয়াদি করণীয় নির্ধারণ করা হয়েছে। কোরবানির ঈদ চামড়া শিল্প খাতের সার্বিক উন্নয়নে স্বল্প ও দীর্ঘ উভয় মেয়াদেই কার্যকর করণীয় নির্ধারণের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে নীতিগত সহযোগিতাসহ এসব করণীয় বাস্তবায়নে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। শিল্পমন্ত্রী রাজধানীর মতিঝিলে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘চামড়া শিল্প খাতের উন্নয়নে সুপারিশ প্রদান ও কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্কফোর্স’র ৭ম সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ টাস্কফোর্সের সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। মন্ত্রী বলেন, ‘আমাদের চামড়া শিল্প খাতে সংরক্ষণ সুবিধা বাড়াতে হবে যাতে চামড়া নষ্ট না হয়। চামড়া ব্যবসায়ী,পাইকারগণ যাতে পুঁজির সমস্যায় না পড়েন ও সহজ শর্তে ঋণ পান, সে বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে।’ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কোরবানির ঈদে পশুর চামড়া এতিমখানাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাঠানো হয়ে থাকে। এর সঙ্গে ‘আমাদের ধর্মীয় অনুভূতি জড়িত’। এজন্য কোরবানির চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও মানসম্মত পরিবেশ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। তিনি বলেন, ‘কোরবানির ঈদে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আগের অবস্থা আর নেই। এক্ষেত্রে আমরা আগের চেয়ে অনেক উন্নতি করেছি।’
সভায়, অন্যান্য বছরের ন্যায় এবারও ঈদুল আজহায় কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ এবং চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে বিজ্ঞাপন, টিভিসি আকারে বিভিন্ন মাধ্যমে প্রচারের ব্যবস্থা করা, স্থানীয়ভাবে চামড়া সংগ্রহ এবং পর্যাপ্ত লবণ দিয়ে চামড়া সংরক্ষণের জন্য কৌশলগত স্থানে অস্থায়ী সংরক্ষণাগার নির্মাণ, কোরবানির পশুর চামড়ার পাচার রোধ, চামড়া সংগ্রহ ও পরিবহন কার্যক্রমে কোনো প্রকার চাঁদাবাজি, বিশৃঙ্খলা বা বাধার সৃষ্টি যাতে না হয় এবং চামড়া নিয়ে সোশ্যাল মিডিয়াসহ গণমাধ্যমে যেন কোনো গুজব না ছড়ায় সে বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সিইটিপি’র পরিশোধন ক্ষমতার মধ্যে সীমিত রাখার লক্ষ্যে কোরবানির পরবর্তী ৭ (সাত) দিনের মধ্যে ঢাকার বাইরে থেকে যাতে কোরবানির পশুর চামড়া ঢাকার ভিতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। চামড়া শিল্পনগরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে ইফ্লুয়েন্ট ডিসচার্জ করা, সারাদেশে পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিতকরণসহ এতিমখানাগুলোতে বিনামূল্যে লবণ সরবরাহ করতে বিসিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায়, বিটিএ’র প্রতিনিধির অনুরোধে চামড়া ব্যবসায়ীদের স্বার্থে চামড়া ব্যবসায়ীদেরকে সহজ শর্তে ব্যাংক ঋণ পাওয়ার ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক’কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। এছাড়াও, সাভারে অবস্থিত সিইটিপি’র মান উন্নয়নসহ পরিবেশ মন্ত্রণালয়ের নির্ধারিত প্যারামিটারগুলোর অগ্রগতি এবং সিইটিপি রেকটিফিকেশন অ্যান্ড আপগ্রেডেশন’র জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ’র (পিপিপিএ) গৃহীত কার্যক্রমের অগ্রগতি অবহিত করা হয়। সভায় উপস্থিত রাজউক’র প্রতিনিধি হাজারীবাগের ট্যানারি শিল্পের বর্তমানে অব্যবহƒত জমিতে ভবন নির্মাণের জন্য জুলাই-২০২৪ হতে নকশা অনুমোদন করা হবে মর্মে সভাকে অবহিত করেন। সভায় আলোচিত সকল বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই অদক্ষ এবং অপেশাদার কসাই দিয়ে অবৈজ্ঞানিক ও অস্বাস্থ্যকর উপায়ে কোরবানির পশুর চামড়া ছাড়ানো হয়। এতে করে উচ্চ মূল্যের ভালো জাতের চামড়াও মূল্যহীন হয়ে যায়। নির্দিষ্ট সময়ে চামড়া সংরক্ষণে আমাদের ব্যর্থতা রয়েছে। কোটি টাকা ব্যয়ে পুরনো ঢাকায় একটি কসাইখানা প্রতিষ্ঠা করা হলেও গত ১০ বছরেও তা চালু করা সম্ভব হয়নি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সনদ প্রদানকারী প্রতিষ্ঠান লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) পূর্বশর্ত পূরণ না হলে চামড়াজাত পণ্য রপ্তানি সম্ভব নয়। বাংলাদেশ ট্যানার্স বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা, বহির্বিশ্বে চামড়া শিল্পের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা, সুষ্ঠু কেমিক্যাল ব্যবস্থাপনা ও চতুর্থ শিল্প বিপ্লবের সুফল গ্রহণে সক্ষমতা অর্জন করা। এ ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ২০২৬ সালের পর এলডিসি গ্র্যাজুয়েশনের পর যেসব চ্যালেঞ্জ আসবে তার জন্য প্রস্তুতি নেওয়া। কারণ সে সময় ডব্লিউটিওর সুযোগ-সুবিধা থাকবে না। থাকবে না জিএসপি সুবিধা। বাংলাদেশে এখনো অনেকে চামড়া শিল্প নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে এশিয়া ফাউন্ডেশন। এ ব্যাপারে তাদের বেশ কিছু সুপারিশ রয়েছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে-এলডব্লিউজি সনদসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কমপ্লায়েন্স অর্জনের জন্য ট্যানারি মালিকদের আর্থিক ও নীতিগতভাবে সহায়তা প্রদান। ট্যানারি মালিকদের ক্যাশ ইনসেনটিভের স্থলে শুল্কমুক্ত যন্ত্রপাতি ও কেমিক্যালস আমদানিতে সহায়তা করা ও শিল্প নগরীতে সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস স্থাপনের ব্যবস্থা গ্রহণ করা। এ ছাড়াও সিইটিপির রেক্টিফিকেশন ও আপগ্রেডেশনের ব্যবস্থা করা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত কয়েক বছরে চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে মোট বছরের প্রবৃদ্ধি ছিল ১০.৫৯ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ১২.০৩ শতাংশ, ২০১৮-১৯ অর্থবছরে ৬.০৬ শতাংশ, ২০১৯-২০ অর্থবছরে ২১.৭৮ শতাংশ, ২০২০-২১ অর্থবছরে ১৮.০৬ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে ৩২.২৩ শতাংশ। সদ্য বিদায়ী অর্থবছরে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরে ১১ মাসে চামড়া ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছিল ১৬২.৭৩ মিলিয়ন ডলার। রপ্তানি হয়েছে ১১৪.৫৯ মিলিয়ন মার্কিন ডলার। চামড়াজাত পণ্য লক্ষ্যমাত্রা ছিল ৩৯৮.৭৮ মিলিয়ন ডলার। রপ্তানি হয়েছে ৩৬১.৪৭ মিলিয়ন ডলার। ফুটওয়্যার লক্ষ্যমাত্রা ছিল ৭৪১.৩১ মিলিয়ন ডলার। রপ্তানি হয়েছে ৬৪৪.১। দেশের চামড়া শিল্প নানা সমস্যার সম্মুখীন। রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারিগুলো সাভারে পুরোপুরি স্থানান্তর করা হয়নি যেখানে অধিকাংশ ক্রেতার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এই শিল্পে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শ্রমিকদের প্রযুক্তিগত জ্ঞান গড়ে তুলতে হবে।
লেখক: শিক্ষক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

