সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বল্পমেয়াদি ও আজীবন বহিষ্কারের হার বেড়েই চলেছে। দেশের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের এমন পরিণতি দুঃখজনক। বহিষ্কার বা বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান থাকলেও বিশ্ববিদ্যালয়ে অপরাধের মাত্রা দিন দিন বেড়েছে। এ প্রক্রিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করা যায় কি না- তা এখন বিবেচনার দাবি রাখে।
মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বহিষ্কারের মূল কারণ হিসেবে উঠে এসেছে র্যাগিং, চাঁদাবাজি, সংঘর্ষ-মারামারি, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, সিট দখল, টেন্ডারবাজিসহ নানা অসদাচরণ। গত কয়েক বছরের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে এ সংখ্যা নেহায়েত কম নয়। গত বছরের মাঝামাঝি সময়ে র্যাগিংয়ের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ শিক্ষার্থীকে আবাসিক হল থেকে একযোগে আজীবন বহিষ্কার করা হয়। এছাড়া বহুল আলোচিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফুলপরীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরীসহ পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বছরজুড়ে সংঘর্ষ, সাংবাদিক হেনস্তা, আবাসিক হলে ভাঙচুর, ছাত্রী হলে মারামারিসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
এর বাইরে বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও সাজা ভোগ করেছে। আর সবচেয়ে বড় বহিষ্কারের ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের ১০৯ শিক্ষার্থীকে স্থায়ী, সাময়িক ও বিভিন্ন মেয়াদে বহিষ্কারের মাধ্যমে। এসব শিক্ষার্থীর বিরুদ্ধে পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ইভটিজিং, প্রতিষ্ঠানের মূল্যবোধবিরোধী আচরণ ও মাদকগ্রহণের অভিযোগ ছিল।
বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের তালিকায় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কর্মীদের পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরাও আছেন। বশেমুরপ্রবিতে আইন বিভাগের শিক্ষার্থী ও ‘দ্য ডেইলি সান’ এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফাতেমা-তুজ-জিনিয়া বহিষ্কৃত হয়েছিলেন তার সাংবাদিকতা ও ফেসবুক স্ট্যাটাসের কারণে। ময়মনসিংহের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সাথে আন্দোলনকারীদের বাকবিতণ্ডার রেকর্ড সাংবাদিক সমিতি থেকে প্রচার করায় সাময়িক বহিষ্কারের শিকার হয়েছিলেন এক সাংবাদিক। এছাড়া উপাচার্যের বক্তব্য বিকৃত করার অভিযোগে বহিষ্কৃত হয়েছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ইকবাল মনোয়ার।
মাঝে মাঝে শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত অপরাধের জন্য কর্তৃপক্ষকে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। এতে সাধারণ শিক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও নির্দোষ ছাত্রদের ফেঁসে যাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। অনেকক্ষেত্রেই শিক্ষার্থীদের তীব্র আন্দোলন বা দাবির মুখে প্রশাসন বহিষ্কার করলেও দিনশেষে তারা নির্দোষ প্রমাণিত হয়ে ফিরে আসেন। এতে শিক্ষাজীবন ফিরে পেলেও নিজ প্রতিষ্ঠানে সম্মানহানি কোনো ক্ষতিপূরণ দ্বারা পূরণযোগ্য নয়।
তবে বহিষ্কারের এ রীতি শুধু আমাদের দেশেই আছে- এমনটা ভাবা ভুল হবে। থ্রি ইডিয়টস সিনেমায় ‘প্রিন্সিপাল ভাইরাস’ তো রাজুকে ডেকে তার নিজের বহিষ্কারের আদেশ টাইপ করতে দিয়েছিলেন। শিক্ষার্থীদের বহিষ্কারের এ রীতি খোদ পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোও বলবৎ রেখেছে। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলো এক্ষেত্রে কিছুটা কঠোর। অসদাচরণের জন্য শিক্ষার্থীদের মৌখিক সতর্ক করা থেকে শুরু করে স্থায়ী বহিষ্কার পর্যন্ত সব বিধানই জারি রেখেছে এ প্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষার্থীদের প্রতি অপেক্ষাকৃত সদয় আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো। হার্ভার্ডে অপরাধের মাত্রা নির্ধারণ করা হয় নিয়ম লঙ্ঘনের মাত্রা ও তা প্রতিষ্ঠানকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে তার ওপর ভিত্তি করে। এক্ষেত্রে তাদের ভূমিকা যতটা না বিচারমূলক, তারচেয়ে বেশি সংশোধনমূলক। গত পাঁচ বছরে মৌখিকভাবে সতর্ক করা, তিরস্কার, নির্দিষ্ট সময়কাল প্রাতিষ্ঠানিক নজরদারিতে রাখা এমন ক্যাটাগরিতে ৩৯৮ শিক্ষার্থীকে সাজা দিয়েছে হার্ভার্ড কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের বিচারের কাজটি করা হয় যথেষ্ট আইনি পক্রিয়া অনুসরণ করে। এক্ষেত্রে শিক্ষার্থী তার পক্ষে একজন ‘ব্যক্তিগত পরামর্শক’ নিয়োগের সুযোগ পান। তাছাড়া পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় খুবই সীমিত সময়ের মধ্যে, যেন বিচারের দীর্ঘসূত্রতায় একজন শিক্ষার্র্থীর একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া প্রতিষ্ঠানের কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত করলেও তার জন্যও চমকপ্রদ ব্যবস্থা রেখেছে তারা। ধরুন, কেউ বাগানের কোনো গাছ নষ্ট করলো, ফলশ্রুতিতে তাকে আগামী এক সপ্তাহ বাগান পরিষ্কারের দায়িত্ব দেয়া হবে।
কাজেই, আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান শৃঙ্খলা বিধানের প্রক্রিয়া নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে। কারণ এখানে সাজা দেয়ার প্রক্রিয়া অনেকটাই বিচারমূলক। বিশ্ববিদ্যালয়গুলো খুঁজলে এমন অনেক শিক্ষার্থীর দেখা মিলবে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এক/দুই বছরের জন্য বহিষ্কৃত হয়েছেন, পরবর্তীতে আর কোনোভাবেই নিয়মিত পড়াশোনায় ফিরে আসতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের গণরুম-গেস্টরুমের সংস্কৃতি আর মাদকের অবাধ সরবরাহ জারি রেখে শিক্ষার্থীদের কেবল বহিষ্কারের মাধ্যমে অপরাধ নির্মূলের চেষ্টা করা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। বিশ্ববিদ্যালয়ে অপরাধমূলক কর্মকাণ্ড কমিয়ে আনতে চাইলে তাদের কাউন্সিলিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। র্যাগিং দূর করে সিনিয়র-জুনিয়রদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্ব দিতে হবে। ছাত্ররাজনীতিকে ক্ষমতা চর্চার হাতিয়ার না বানিয়ে তাকে প্রকৃত অর্থে গঠনমূলক করে তুলতে পারলে এ প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এসআরএস

