কয়েক দিন বৃষ্টি না হওয়া ও পাহাড়ি ঢল কমে আসায় সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত শনিবার সুরমা, কুশিয়ারাসহ ওই অঞ্চলের নদ-নদীগুলোর পানির উচ্চতা আরও কমেছে। তবে প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নামছে ধীরগতিতে। প্রায় একই চিত্র দেশের উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকাগুলোর। পানি ধীরগতিতে নামায় চরম ভোগান্তিতে পড়েছেন বন্যাদুর্গত এলাকার লোকজন। তারা খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছেন।
সরকারের তরফ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অর্থ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন বন্যাদুর্গতরা। ঝুঁকিপূর্ণ এলাকার পানিবন্দি লোকজন গবাদি পশুপাখি নিয়ে আশ্রয়কেন্দ্র, সরকারি রাস্তা ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। কোনো কোনো আশ্রয়কেন্দ্রে সরকারি তরফে অল্প পরিমাণে ত্রাণ পৌঁছালেও অনেক আশ্রয়কেন্দ্র ও অন্যত্র থাকা বন্যার্ত মানুষজন এখনো পাননি কোনো ত্রাণ।
হতদরিদ্র বানভাসি লোকজন অর্ধাহারে-অনাহারে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন। শনিবার (২২ জুন) সুরমা নদীর পানি সিলেট শহর পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার নিন্মাঞ্চলে বন্যা পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত।
প্রায় ২০ হাজার মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। বন্যায় ক্ষেতের ফসল, চাষের মাছ হারিয়ে নিঃস্ব হয়েছেন অগণিত মানুষ। সিলেট নগরীর প্লাবিত এলাকার পানি অনেকটাই নেমে গেছে। তবে নগরীর ড্রেনগুলোয় ময়লা-আবর্জনার স্তূপ জমেছে। এই আবর্জনা থেকে চারপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে। নগরীর আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন বাসাবাড়িতে ফিরে যাচ্ছেন। আর যাদের বাসার পানি নামেনি তারা রয়েছেন।
নদীর পানি কিছুটা কমে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বন্যাদুর্গতদের। পানি কমলেও আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি যেতে পারছেন না লোকজন। কারণ পানি নামলেও বাড়ি ও সড়ক কাদায় ভরা এবং ঘরের মেঝে পাকা না হওয়ার কারণে কাদার জন্য বাড়ি যেতে পারছেন না বন্যার্তরা। পানিবন্দি মানুষরা আশ্রয়কেন্দ্রে গেলেও সেখানে তাদের পড়তে হচ্ছে নতুন ভোগান্তিতে। আশ্রয়কেন্দ্রগুলোয় ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
সিরাজগঞ্জে পাঁচদিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে প্রতিদিনই জেলার যমুনা নদীতীরবর্তী নিচু চরাঞ্চলের ফসলি জমি বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। শাহজাদপুর কৃষি বিভাগ থেকে জানা গেছে, সোনাতনী ইউনিয়নের ৪-৫টি গ্রামের ৭০-৮০ বিঘা জমির তিল ও বাদাম ডুবে গেছে।
পাউবোর তথ্যানুযায়ী, সিরাজগঞ্জে আরও তিনদিন পানি বাড়বে এবং বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। শাহজাদপুর উপজেলার যমুনা নদীতীরবর্তী খুকনি ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, পাড় মহোনপুর, ঘাটাবাড়ি, জালালপুর ইউনিয়নের জালালপুর, পাকুরতলা, গুচ্ছগ্রাম ও কৈজুরী ইউনিয়নের হাটপাঁচিল, শরিফমোড়সহ বিভিন্ন স্থানে ভাঙন অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় এসব গ্রামে আরও ২০টি বাড়িঘর ও ৫০ বিঘা জমি যমুনা নদীতে বিলীন হয়ে গেছে।
প্রতিদিনই এ এলাকার বাড়িঘর ও ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। মানুষ নিঃস্ব থেকে আরও নিঃস্ব হয়ে পড়েছে। তাদের পাশে দাঁড়ানোর বিকল্প নেই। সিলেট ও উত্তর জনপদের বন্যার্ত ও নদীতে বাড়িঘর ভাঙা মানুষগুলোর পাশে পানি ও খাবার নিয়ে না দাঁড়ালে সংকট বড় আকারে দেখা দেবে। আমরা মনে করি এ সময়ে শুধু সরকার নয়, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোরও মানুষের পাশে খাদ্য ও পানি নিয়ে দাঁড়ানো একান্ত জরুরি।
মানবকণ্ঠ/এফআই

