রাসেল ভাইপারের বিস্তার নিয়ে সংবাদপত্র থেকে শুরু করে ফেসবুক-ইউটিউব সবখানে ছড়িয়ে পড়ছে, তা নিঃসন্দেহ আতঙ্কজনক। বিশেষ করে দেশের কৃষকদের জন্য। এই রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আরেক নাম উলুবোড়া। এই সাপ দ্রুত বংশবিস্তার করে এবং ১০০ টারও বেশি বাচ্চা প্রসব করে। বিষধর এ সাপ মাঝে কয়েক বছর খুব কম দেখা গেছে। কিন্তু কয়েক বছর ধরে এর বিচরণ আবার বাড়ছে সেইসঙ্গে মানুষের প্রাণও হারাচ্ছে।
আমাদের দেশে প্রায় ১০৪ প্রজাতির সাপ পাওয়া যায়। তাদের মধ্যে ৩০ প্রজাতির বিষধর সাপ রয়েছে। সবচেয়ে বিষধর হলো রাসেলস ভাইপার। চট্টগ্রামের ভেনম রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, শুধু বাংলাদেশ নয়, ভীষণ রকমের বিষাক্ত রাসেলস ভাইপার আছে ভারত, ভুটান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও মিয়ানমারে। রাসেলস ভাইপার সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের খেতে বাস করে থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, সাপের এখন প্রজননকাল চলছে, তাই সাপ দেখাও যাচ্ছে বেশি। তবে রাসেলস ভাইপারের অভিযোজন ক্ষমতাও বেড়েছে। বর্ষায় পদ্মার অববাহিকা ধরে সাপের যাতায়াত আরও সহজ হবে। তাই রাসেলস ভাইপারের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা অমূলক নয়। সাপটি দংশনের সময় সর্বোচ্চ পরিমাণে বিষ ঢেলে দেয়। তাই দ্রুততম সময়ে চিকিৎসা নিতে না পারলে প্রাণহানির ঝুঁকি বাড়ে।
ফসলের জমিতে সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় ফসল ও গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে বিপাকে পড়ছেন কৃষকেরা। পদ্মার তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারীরা রয়েছেন সবচেয়ে বেশি বিপদে। মানিকগঞ্জ, দোহার, মুন্সীগঞ্জ এমনকি ঢাকাসহ দেশের প্রায় ২৫টির মতো জেলায় ছড়িয়ে পড়েছে এই সাপ। যেহেতু ইঁদুর এদের প্রধান খাবার তাই ফসলি জমিতে এর বিস্তার সবচেয়ে বেশি লক্ষণীয়। যা দেশের কৃষি ও কৃষকদের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে।
মার্চ থেকে মে এই তিন মাসে মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলেই বিষধর রাসেলস ভাইপারের দংশনে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন। এ ছাড়া গত মাসে একদিনের ব্যবধানে রাজশাহীতে রাসেলস ভাইপারের কামড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুজন মারা যান। এ ঘটনায় আতঙ্ক দেখা দেয়।
সাপের কামড় বিষয়ে প্রথম জাতীয় জরিপে জানা গেছে, বাংলাদেশে প্রতি বছর অন্তত ৬ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায়। আর কামড়ের শিকার হয় ৫ লাখ ৮৯ হাজার ৯১৯ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসকের কাছে যান মাত্র ৩ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ শাখার (এনসিডিসি) ২০২৩ সালের এক গবেষণা বলছে, দেশে প্রতিবছর প্রায় ৪ লাখ ৩ হাজার মানুষ সাপের দংশনের শিকার হন। এর মধ্যে সাড়ে ৭ হাজার মানুষ মারা যান। এ ছাড়া সাপের কামড়ে আক্রান্ত রোগীদের ১০ দশমিক ৬ শতাংশ শারীরিক ও ১ দশমিক ৯ শতাংশ মানসিক অক্ষমতায় ভোগেন। তবে রাসেলস ভাইয়ার নিয়ে আমরা কতটুকু সচেতন।
দেশে কয়েক বছর ধরে রাসেলস ভাইপারের বিচরণ বেড়ে যাওয়ার কারণ হিসেবে গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের সরীসৃপ-সংক্রান্ত বিশেষজ্ঞ সোহেল রানা বলেন, রাসেলস ভাইপার বরেন্দ্র অঞ্চলের সাপ বলেই পরিচিত ছিল। এটি মূলত শুষ্ক জায়গার সাপ। বরেন্দ্র অঞ্চলে এক ফসলি মাঠে ইঁদুর খেতে এর আনাগোনা ছিল বেশি। তবে এখন সেসব এলাকায় অন্য সময়েও ফসল হচ্ছে, ইঁদুর বাড়ছে।
রাসেলস ভাইপার স্থলভাগের সাপ হলেও এটি পানিতে দ্রুতগতিতে চলতে সক্ষম। অর্থাৎ এটি মাটি ও পানি উভয় স্থানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে শিখছে রাসেলস ভাইপার। এই সাপের প্রজননকাল বছরের যেকোনো সময়ই। তবে মে থেকে পরের তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে। সাপটি এখন পানিতে চলতে পারে বলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাচ্ছে। তাই সচেতন হওয়ার এখনই প্রকৃত সময়।
বিষয়টি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান কিংবা কর্তৃপক্ষের এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় এটি মানুষের প্রাণহানি থেকে শুরু করে দেশের সামগ্রিক কৃষিক্ষেত্রের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দি ডেইলি স্টারের তথ্য মতে, ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে কেবল রাজশাহী অঞ্চলেই চনন্দ্রবোড়ার দংশনে ২০২ জন চিকিৎসা নিতে আসেন এবং ৬২ জন মারা যান। মানে এখানে মৃত্যুর হার প্রায় ৩১%। বাংলাদেশে এটার কার্যকর অ্যান্টিভেনম আছে। পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে দেশের সব বিষধর সাপের কামড়ের চিকিৎসা করা হয়।
সাপ কামড়ানোর পরে দ্রুত হাতের আংটি, চুরি, কানের দুল খুলে ফেলতে হবে। কারণ সাপের কামড়ে সেই স্থান ফুলে যায়। সাপ উদ্ধারে দেশে স্বেচ্ছাসেবী সংগঠনের সংখ্যা বাড়াতে হবে। বনবিভাগের জনবল বাড়াতে হবে। ব্যক্তি ও সংগঠনের যারা উদ্ধার কার্য পরিচালনা করেন, তাদের সরকারি সাহায্যের ব্যবস্থা করতে হবে। রাসেলস ভাইপারের ছোবল থেকে বাঁচতে যথেষ্ট সচেতনতা প্রয়োজন। দেশে অন্তত উপজেলা পর্যায়ের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ ও আইসিইউ ব্যবস্থা রাখতে হবে। যাতে করে সময় মতো চিকিৎসা নিতে এই সাপের হাত থেকে বাঁচা যায়।
তাই আসুন নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি, রাসেলস ভাইপারের ছোবল থেকে বাঁচি।
লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।
মানবকণ্ঠ/এফআই

