চারদিক দুর্নীতিগ্রস্ত। বাজারে আলু, পেঁয়াজ একশ টাকা। পাঁচশ টাকায় বাজার হয় না। সাধারণ মানুষ দিশাহীন। রাজনীতিবিদরা তামাশা করে। উন্নয়নের ঢেঁকুর তোলে। সব বিবেকহীন। অন্যদিকে আমলা, প্রশাসন, মন্ত্রী, সামরিক বাহিনী, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক সর্বক্ষেত্রেই অবক্ষয়। নির্লজ্জ সমাজ, বিবেকহীন নেতৃত্ব। গরিব মানুষ সারাজীবনের সঞ্চয়ের টাকা রাখছে পোস্ট অফিসে, সেই টাকাসহ গরিবের ৫৫ কোটি টাকা হাওয়া। শেয়ার বাজার খেয়ে ফেলে যারা, তারা রাষ্ট্রের নীতিনির্ধারণ করে। খেলোয়াড়দের কোনো আশা নাই। সেখানেও শুনি নয়ছয়। আদালতের উপর অনেক অভিযোগ। এদিকে বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর দুর্নীতির সূচকেও বাংলাদেশ অনেক পিছিয়ে। এক গবেষণা থেকে জানা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটানের স্কোর ৬৮, ভারত ও মালদ্বীপের ৩৯, নেপালের ৩৫, শ্রীলঙ্কার ৩৪, পাকিস্তানের ২৯ ও আফগানিস্তানের ২০। সূচকে ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। ৮৭ পেয়ে দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড, চতুর্থ স্থানে নরওয়ে। যেসব দেশে দুর্নীতি কম সেই তালিকার পঞ্চম স্থানে সিঙ্গাপুর। ষষ্ঠ স্থানে রয়েছে যৌথভাবে সুইডেন ও সুইজারল্যান্ড। অন্যদিকে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি সোমালিয়ায়। তাদের স্কোর মাত্র ১১। দ্বিতীয় স্থানে আছে সাউথ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা।
টিআই বলেছে, তালিকায় ১০০ স্কোরের মধ্যে সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম। আগের বছর ১৪৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। দেশের সরকারি কার্যালয়গুলোতে যে দুর্নীতি হচ্ছে, দুদকও সেটি স্বীকার করছে। তবে অভিযোগ রয়েছে দুদকও তৎপর চুনোপুঁটিদের ধরতে। রাঘব বোয়ালরা ওভাবে ধরা পড়ার অবস্থায় নেই। এ পর্যন্ত শতাধিক দুর্নীতির মামলায় প্রায় ৩৭৪ জনকে আসামি করা হয়েছে, যাদের অর্ধেকই সরকারি চাকরিজীবী। তাদের পরিচয় পর্যালোচনা করে দেখা যাচ্ছে, আসামিদের মধ্যে ৯৬ শতাংশই মধ্যম ও নিম্নসারির কর্তকর্তা-কর্মচারী। উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন মাত্র চার শতাংশের মতো। করোনা মহামারির সময় দুর্নীতির কারণে বাংলাদেশে স্বাস্থ্যখাত বেশ আলোচনায় ছিল। তখন মাস্ক কেলেঙ্কারি, কোভিড টেস্ট নিয়ে জালিয়াতি, জনবল নিয়োগে কোটি টাকা ঘুষ প্রস্তাব, যন্ত্রপাতি কেনা-কাটায় শত শত কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির খবর গণমাধ্যমে শিরোনাম হয়েছে। কিন্তু এসব ঘটনায় উচ্চপদস্থ কোনো কর্মকর্তা গ্রেপ্তার হননি। গ্রেপ্তার হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেক ও কর্মচারী আবজাল হোসেন।
একইভাবে ভূমি অফিস, রাজউক কিংবা সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ থাকলেও এসব প্রতিষ্ঠানে কর্মরত শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারের নজির খুব একটা নেই বলে জানাচ্ছে টিআইবি। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বলছে, আইনগতভাবে সব ধরনের ক্ষমতা দেয়ার পর কেবল সদিচ্ছার অভাবে সরকারি চাকরিজীবীদের মধ্যে দুর্নীতির লাগাম টানতে পারছে না দুদক। তাছাড়া দুদকের তথ্যানুসারে, ২০২৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর “আইন তাদের সব ধরনের ক্ষমতা দিয়েছে, এমনকি প্রোটেকশনও দিয়েছে। তারপরও যদি তারা দুর্নীতির লাগাম টানতে না পারে, সেটি খুবই দুভাগ্যজনক,” বলেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার।
অন্যদিকে, বার্লিনভিত্তিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই )২০২৩ সালে দুর্নীতির যে ধারণাসূচক প্রকাশ করেছে, সেখানে আগের বছরের তুলনায় দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে বলে জানাচ্ছে দুর্নীতিবিরোধী এই আন্তর্জাতিক সংস্থাটি। সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন দশম। টিআই এটাও বলছে যে, বিশ্বে যেসব দেশে গণতন্ত্র নেই এবং যারা কর্তৃত্ববাদী শাসনের অধীনে রয়েছে, সেসব দেশের চেয়েও বাংলাদেশে দুর্নীতির মাত্রা তুলনামূলকভাবে বেশি দেখা যাচ্ছে। এক্ষেত্রে সরকারের কোন খাতে কতটা দুর্নীতি হচ্ছে, সে বিষয়ে ধারণা দিতে দুই বছর আগে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
সেখানে বলা হয়েছে যে, বাংলাদেশের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হলো- আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। তাদের কাছে সেবা নিতে গিয়ে দেশের ৭৪ শতাংশেরও বেশি সংখ্যক পরিবার দুর্নীতির শিকার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরে সবচেয়ে বেশি দুর্নীতি পাওয়া গেছে পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে। সেবা নিতে গিয়ে পাসপোর্ট অধিদপ্তরে ৭০.৫ শতাংশ এবং বিআরটিএ কার্যালয়ে ৬৮.৩ শতাংশ পরিবারকে বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে। এছাড়া বিচারিক সেবাখাতে ৫৬.৮ শতাংশ, সরকারি স্বাস্থ্য সেবায় ৪৮.৭ শতাংশ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ৪৬.৬ শতাংশ এবং ভূমি সেবায় ৪৬.৩ শতাংশ পরিবার দুর্নীতির শিকার হয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। দুর্নীতিগ্রস্তরা এত নষ্ট হয়েছে, তাদের কোনো লজ্জা নাই। ঘুষ তাদের অধিকার। সাধারণ মানুষের টাকা মেরে খায়, কিছুই করতে পারে না কেউ। মেধাবীদের চাকরির জন্যও লাগে ৯-১০ লক্ষ টাকার ঘুষ। গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলাকাটা বড় নির্মম, দেশটাকে এফোঁড়-ওফোঁড় করে দিচ্ছে। দুর্নীতিবাজদের সন্তান ১২ লক্ষ টাকায় ছাগল আর কোটি টাকার গরু খায়। এমপি নিজের কন্যার বয়সের যুবতীর হানিট্র্যাপের শিকার হয়ে খুন। সে নাকি ছিল চোরাচালানের নিয়ন্ত্রক। তার কন্যা লজ্জিত নয়। বরং দুর্নীতিগ্রস্ত দুর্নীতিবাজদের সন্তান স্ত্রীর দাপট আমাদের সমাজ রাষ্ট্রে। প্রশাসনের বড় কর্তার স্ত্রীর সন্তানের জন্য আইন নাকি ভিন্ন। ভয়াবহ অসভ্য গোষ্ঠী আমরা। বিভিন্ন ঔষধ কোম্পানির ওষুধের দাম বৃদ্ধি। যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পেছনে রাষ্ট্রের কোটি টাকা খরচ হয় তারা সত্য-মিথ্যা বলে চিকিৎসার নামে টাকা নেয়, অপারেশনে শিশুদের মৃত্যু। মেয়াদোত্তীর্ণ ওষুধ, আইসিইউতে রেখে গলা কাটা তারা কি মানবিক মানুষ? এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চমূল্য, এই যে গলা কাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া, এই যে পরীক্ষায় ভালো করলেও চাকরি না হওয়া, এই সবের মূলে তো দুর্নীতিবাজরা। আমাদের দেশে এখন চলছে ‘দুর্নীতিবাজদের অর্থনীতি’! এই দুর্নীতিবাজরা কারা? সাব-রেজিস্ট্রারের কোটি কোটি টাকার সম্পদ, চিকিৎসা খাতের অনিয়ম, খাদ্যে ভেজাল, শেয়ার মার্কেটের লুটপাট, ব্যাংকের টাকা লুটপাট, শিক্ষাক্ষেত্রে প্রশ্নফাঁস, প্রশাসন রক্ষক নয় ভক্ষকের ভূমিকায়, সামরিক বাহিনীতে অনিয়মের অভিযোগ, রাজনীতিবিদরা ভয়ংকর। সংসদে দুর্নীতি নিয়ে সোচ্চার সাংসদ মৃত্যুর হুমকি প্রাপ্ত হয়ে ঘুরছে। দুর্নীতি দমন কমিশনের উপর আস্থা নেই। এনবিআর এখন সোনার রাজ্য, সবাই সেখানে চাকরি করতে চায়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গত ২৫ জুন জাতীয় সংসদে বলেছেন, দুর্নীতি সরকারের সব অর্জন ম্লান করে দিচ্ছে। সরকার বারবার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহিষ্ণুতা) নীতি ঘোষণা করেছে। তারপরও দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়নি। দুর্নীতির বিধিবিধানকে বরং আরও নমনীয় ও শিথিল করে দেয়া হয়েছে। নামমাত্র দণ্ড দিয়ে তাদের চাকরিতে বহাল রাখার সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের দফায় দফায় বেতন বাড়ানোর পরও দুর্নীতি কেন হবে? চাকরিতে যোগ দেয়ার সময় এবং নির্দিষ্ট সময় পর পর সরকারি কর্মচারীদের হলফনামা আকারে সম্পদের হিসাব দাখিলের বিধান করার দাবি জানান আওয়ামী লীগের এই নেতা। একই সঙ্গে সরকারি কর্মচারীরা যাতে দুর্নীতিতে না জড়ান, সে জন্য আইন আরও কঠোর করতে পরামর্শ দেন তিনি।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গত ২০ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বলেছেন, দুর্নীতির কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দুর্নীতিবাজ আমলাদের থামাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও কঠোর শাস্তির ব্যবস্থার দাবি জানান তিনি। আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক, আমলাতান্ত্রিক, প্রশাসনিক কাঠামোই দেশের দুর্নীতির জন্য থাকা কঠোর আইনগুলো থেকে দুর্নীতিবাজদের রক্ষা পেতে সাহায্য করছে। বিশেষত যখন দেশের প্রতিষ্ঠানগুলোর দুর্বলভাবে এবং প্রভাবিত হয়ে কাজ করছে, যাদের দুর্নীতি নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল। তারচেয়েও ভয়ংকর হলো, যখন দুর্নীতিগ্রস্তরা অন্য রাষ্ট্রের থেকে বিশেষ সুবিধা গ্রহণ করে রাষ্ট্রের স্বার্থবিরোধী কাজ করে। আমলাতান্ত্রিক দুর্নীতি রাষ্ট্রের স্বার্থবিরোধী কাজগুলো সম্পন্ন করার জন্য সরকারি কর্মকর্তাদের অনানুষ্ঠানিক অর্থ লেনদেন দেশের উন্নয়ন, রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তাকে প্রভাবিত করছে। ঘুষ এবং দুর্নীতিসহ অদৃশ্য কারণগুলো রাষ্ট্রব্যবস্থাকে প্রভাবিত করছে। আন্তর্জাতিকভাবে রাষ্ট্র একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত হচ্ছে। ‘ঘুষ লেনদেন পরিবেশ কাঠামো’-এর অন্তত সিংহভাগ ঘুষদাতাই রাষ্ট্রের সব সংস্থার ও সরকারি কর্মকর্তাদের কাছ থেকে অগ্রাধিকারমূলক সুবিধা পায়, যা তাদের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি পেতে এবং অন্যভাবে লাভবান হতে সাহায্য করে। ঘুষ দিয়ে ফায়দা লুটা প্রতিযোগীরা খুবই দক্ষ, তারা আমলাতান্ত্রিক নিয়ম মেনে চলার ক্ষেত্রে খুবই কৌশলী, কারণ তা না হলে তারা তাদের দুর্নীতির মাধ্যমে লাভবান হওয়া থেকে বাস্তুচ্যুত হবে। কম ছড়িয়ে ছিটিয়ে থাকা ‘ঘুষ লেনদেন পরিবেশ কাঠামো’-এর সমস্ত সংস্থা একইভাবে ঘুষ লেনদেন চলছে। আসলে আমাদের দেশে ঘুষ একটি অতিরিক্ত ফি হিসাবে কাজ করছে। আমলাতান্ত্রিক দুর্নীতির প্রভাবগুলো আমাদের দেশের সঠিক উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে এবং দক্ষ শ্রমবাজারের ক্ষেত্রে বড় বাধা। কারণ ‘ঘুষ লেনদেন পরিবেশ কাঠামো’ কর্মসংস্থান কাঠামোকে প্রভাবিত করছে। অত্যন্ত ‘ঘুষ লেনদেন পরিবেশ কাঠামো’তে অদক্ষকর্মী বিভিন্ন পদে নিয়োগ পায়। এই কালো টাকার দেশে, এই দুর্নীতিবাজদের আস্ফালনের দেশে প্রশাসনের উপর এই ভয়ংকর আস্তাহীনতার দেশে, দ্রব্যমূল্যের নাকাল হয়ে, রাজনীতির এই খেলায় সাধারণ মানুষ যাবে কোথায়? আমলাতান্ত্রিক দুর্নীতির বিভিন্নমুখী প্রভাব আমাদের রাষ্ট্রব্যবস্থাকে, অর্থনীতিকে, সমাজব্যবস্থাকে এক ভয়ংকর অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। উন্নয়নের সুখস্বপ্ন আর কতদিন টিকবে ‘দুর্নীতির অর্থনীতি’র এই ‘ঘুষ লেনদেন পরিবেশ কাঠামো’য়?
লেখক: কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক
মানবকণ্ঠ/এসআরএস

