আমাদের দেশের অন্যান্য বাহিনীর চেয়ে জনগণের সবচেয়ে কাছাকাছি অবস্থান করে এই বাহিনী। দেশের আইন-শৃঙ্খলা ফেরাতে পুলিশই আমাদের সবচেয়ে আস্থার জায়গা। সম্প্রতি একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমাদের দেশ। বর্তমানে দেশের এই বড় ধরনের উত্থান-পতনের মধ্যে পুলিশ বাহিনীর নামটা অনেকটা কলঙ্কিত হয়েছে। কী কারণে এমন পরিস্থিতির উদ্ভব তা আমরা সবাই জানি।
পুলিশ বাহিনীকে বলা হয় জনগণের সেবক, নিত্যদিনের পথচলায় নিরাপত্তা বিধানকারী সর্বোত্তম বন্ধু। তবে তাদের কর্মকাণ্ডে পুলিশ কখনো আতঙ্কের নাম, আবার কখনো আমাদের পরমবন্ধু হয়ে উঠছে। পুলিশ সম্পর্কে আমাদের ইতিবাচক এবং নেতিবাচক উভয় ধরনের অভিজ্ঞতা আছে। ভুক্তভোগীর উপর পুলিশের আচরণের উপর ভিত্তি করে পুলিশের প্রতি আমাদের মনোভাব তৈরি হয়। আমাদের যাপিত জীবন কিংবা সামাজিক অবক্ষয় অথবা দেশে চরম বিশৃঙ্খলা, সবার আগে এগিয়ে আসে পুলিশ বাহিনী। দেশের জন্য নিজেদের অকাতরে বিলিয়ে দেয়ার ঘটনাও কম নয়।
একাত্তরের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলির প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল এই বাহিনী। মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে সহস্রাধিক পুলিশ সদস্য দেশ মাতৃকার জন্য অকাতরে নিজেদের বিলিয়ে দিয়েছেন। দেশের কল্যাণে কাজ করে যেমন পুলিশ বাহিনী প্রশংসা কুড়িয়েছেন, তেমনি পুলিশ বাহিনীর উপর কালিমা লেপে দেয়ার ঘটনাও নেহাত কম নেই। দেশের কল্যাণে কাজ করার শপথ নিয়ে এই মহান পেশায় কাজ করার অঙ্গীকারবদ্ধ হয়েও কিছু নীতিভ্রষ্ট সদস্যের জন্য সাধারণ মানুষের জন্য আতঙ্ক হয়ে উঠেছে বিপদের পরমবন্ধু পুলিশ! মানবতা কিংবা ভালোবাসা অন্যান্য সব কর্মের উদাহরণ পুলিশ বাহিনীতে প্রচুর।
হলি আর্টিজেনের ঘটনা কিংবা করোনা মহামারী যখন দেশের ভারসাম্য বিনষ্ট করে দেশকে হুমকির মুখে নিয়ে যাচ্ছিল, আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশ যখন হুমকির মুখে তখন পুলিশ সদস্যরা নিজের সর্বোচ্চটা দিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে গেছেন। তবে তাদের ভালো কাজগুলো আড়াল হয়ে যায় যখন এএসআই মকবুলদের মতো পুলিশ সদস্যরা পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে মিথ্যা মামলা ঠুকে দেয় অথবা পথভ্রষ্ট কোনো পুলিশ সদস্য নিজের স্বার্থের জন্য সাধারণের উপর চড়াও হয়ে অমানবিক অত্যাচার নির্যাতন চালায়। সাধারণ মানুষদের হুমকি, ভয়-ভীতি দেখিয়ে নিজেদের ফায়দা হাসিল করার মতো অভিযোগ কিছু নীতিভ্রষ্ট পুলিশের নামে হরহামেশাই হয়ে আসছে।
সাম্প্রতিক সময়ে গোটা পুলিশ বাহিনী যেভাবে কলঙ্কিত হয়েছে তা পুরো পুলিশ বাহিনীর জন্য লজ্জাজনক। দীর্ঘ ১৫ বছর দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহৃত হয়েছে তা ন্যক্কারজনক। গত জুলাই মাস থেকে ও চলতি মাসের ৫ আগস্ট পর্যন্ত সদ্য সাবেক সরকার তার ক্ষমতার অপব্যবহারের নিমিত্তে পুলিশ বাহিনীকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন তাতে এখন পুলিশ বাহিনী দেশের মানুষের কাছে তার ভরসা ও আশ্বাসের জায়গা হারিয়েছেন। সাধারণ ছাত্র-জনতার উপর পুলিশের নির্বিচারে গুলিসহ বিভিন্ন কাজে সাধারণ জনতা অতিষ্ঠ, চারদিকে দেশের মানুষের ক্ষোভ, গণভবন ঘেরাও কর্মসূচির পরে তখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এর পতনের পরেই পুলিশ বাহিনী তার অস্তিত্ব হারিয়ে নিজেদের সত্তা খুঁজে চলেছে। যেই পুলিশ বাহিনী জনগণের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পরিগণিত, তারাই রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে মানুষের শত্রুতে পরিণত হয়েছে।
সরকার পতনের পরে যখন পুলিশ বাহিনী কর্ম বিরতিতে চলে যায়, থানাগুলোতে লাগাতার ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়, জনরোষের মুখে পড়ে হামলার স্বীকার হয় অনেক পুলিশ সদস্য। অসংখ্য পুলিশ সদস্য আহত এবং নিহত হওয়ার মতো ঘটনা ঘটে। এরপর দেশের পরিস্থিতি আমরা সবাই জানি, দেশে তখন আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে এবং অরাজকতা ও নৈরাজ্যের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। অসাধু মহল রাষ্ট্রীয় সম্পদে হামলা ভাঙচুর করছে, সাম্প্রদায়িক হামলা চালানোর মতো নোংরামি করতেও পিছপা হয় নাই। তখন আমরা আসলে বুঝতে পারি যে, এই পুলিশ বাহিনী আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এর বাইরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে নগরগুলোকে বেশামাল অবস্থা থেকে বাঁচানোর জন্য শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসতে হয়।
রাজনৈতিকভাবে ব্যবহার হওয়ার কারণে পুলিশ বাহিনীর প্রতি মানুষের এই অনাস্থা আর অভিযোগ। এর বাইরে অসাধু পুলিশ কর্মকর্তাদের দৌরাত্ম্য তো ছিলোই। উপর মহলকে খুশি করতে চাটুকারিতার আশ্রয় নিয়ে যে তাণ্ডব তারা সাধারণ ছাত্র-জনতার উপর চালিয়েছে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে সবকিছু ছাপিয়ে তো আমাদের এগিয়ে যেতে হবে। তাই আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে পুলিশ বাহিনীকে কর্মে ফিরিয়ে হারিয়ে ফেলা অস্তিত্বের সন্ধান করা, তাদের মনোবল বৃদ্ধি করাটাই এখন জরুরি। সেই সাথে জরুরি হলো পুলিশকে পুনর্গঠিত করার মাধ্যমে এই বাহিনীকে আবারো তাদের সত্তায় ফিরিয়ে দেয়া। কিন্তু কীভাবে সম্ভব এটা? নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পরপরই এটা নিয়ে জোরালোভাবে কাজ শুরু করেছেন।
পুলিশ বাহিনীর পেশ করা দাবিগুলোকে আমলে নিয়ে তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে নির্দেশেনা প্রদান করা হয়েছে। এছাড়া এই অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, এরপর থেকে আর পুলিশ রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবে না। পুলিশের পরিচালনার জন্য আলাদা কমিশন গঠন, ইতিপূর্বে যেসব পুলিশ সদস্যের নৈতিক অবক্ষয় হয়েছিল সেসব সদস্যদের দ্রুত বিচারের আওতায় আনাসহ পুলিশের পোশাকে যেই গণমানুষের রক্তের দাগ লেগে আছে সেই রক্তাক্ত পোশাক পাল্টে এক নতুন পুলিশের আবির্ভাবের প্রচেষ্টায় আছে সরকার। এর বাইরে আর কি কি থাকতে পারে? আমরা সাধারণ মানুষ আর কি চাইতে পারি পুলিশ বাহিনীর কাছে বা তাদের এই ক্রান্তিলগ্নে আমরা কীভাবে তাদের পাশে থাকতে পারি? এর জন্য আমরা যা চিন্তা করতে পারি যে, পুলিশের ডিউটির সময়টাকে সঠিকভাবে বিভাজন করা, পুলিশের স্বাস্থ্যগত দিকটার দিকে নজর দেয়াটাতো আরো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের পুলিশ বাহিনীর একটা বড় অংশ কোনো না কোনো বড় ধরনের শারীরিক অসুস্থতায় ভুগছে, যার মূলে রয়েছে তাদের নিয়মিত শারীরিক কসরত না করা, স্বাস্থ্য সম্পর্কে অসচেতনতা, খাবারে তারল্য সংকট, ক্ষেত্র বিশেষ মাদক গ্রহণের মতো বিষয়গুলোও চোখে পরে।
সর্বোপরি এই বাহিনীর জীবন প্রবাহের দিকে নজর দেয়া, তাদের মানসিকভাবে অতিরিক্ত চাপ গ্রহণের দিকটা খেয়াল রাখার দিকে নজর দেয়া যেতে পারে। যেই মানুষের নিরাপত্তার বিধান, ও আইনের সুফল প্রদান করার জন্য পুলিশ দায়িত্বে আসে তাতে যেন তারা সার্বিকভাবে দায়িত্বে নিয়োজিত থাকে তা লক্ষ্য রাখা উচিত। পুলিশকে আইনের শাসন আনতে সহায়তা করি, তাদের পাশে থাকি এবং কোথাও কোনো অনাচার দেখলে তাদের তথ্য দিয়ে সহায়তা করি। পুলিশ বাহিনীর প্রতি আমাদের আশা-আকাক্সক্ষা সবচেয়ে বেশি। তাই তাদের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে থেকে তাদের মনোবৃদ্ধির জন্য জনসাধারণকে এগিয়ে আসা উচিত। যতটুকু সম্ভব তাদের এটা বোঝাতে হবে যে, পুলিশ যেমন জনগণের বন্ধু তেমনি জনগণও পুলিশের বন্ধু। তাই পুলিশ এবং জনগণ যদি একত্রিত হয়ে কাজ করে তবে সমাজের সকল অন্ধকার দূর হয়ে নব প্রভাত রবির আলোয় আলোকিত হবে আমাদের প্রিয় মাতৃভূমিটা।
রাষ্ট্রের অতীন্দ্রিয় প্রহরী পুলিশ বাহিনী। ১৯৭১ সালে শূন্য একটি দেশের যাত্রা শুরু হয়েছিল সেই শূন্য দেশটা এখন অনেক দূর এগিয়েছে। এই এগিয়ে যাওয়ার পেছনে পুলিশ বাহিনীর অবদান অস্বীকার করার উপায় নেই। জনগণের বিশ্বস্ত বন্ধু হিসেবে পুলিশ বাহিনীকে নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো বিকল্প নেই। জনতার সাথে পুলিশের বন্ধুত্ব দৃঢ় হলে এবং বিশ্বস্ততা বজায় থাকলে, দেশের উন্নয়নের ধারা অবিরাম চলতে থাকবে। আশা করি ইতিবাচক ভূমিকায় বদলে যাবে পুলিশ বাহিনী, এটাই আমাদের প্রত্যাশা।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/আরএইচটি

