বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের হাত ধরে গড়ে ওঠা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সকলেই নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের স্বপ্নের সেই বাংলাদেশ গড়তে হলে আমাদের পাড়ি দিতে হবে কঠিন এক পথ। কারণ বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রেই মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ প্রশাসনিক স্তর পর্যন্ত বিভিন্ন অপচর্চার মাধ্যমে যে জঞ্জাল এবং অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তা দূর করতে সরকারের পাশাপাশি আমাদের সকলকেই অংশগ্রহণ করতে হবে।
বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে অসন্তোষ যুগ যুগ ধরে চলমান। এই অসন্তোষ দূর করতে এবং ভবিষ্যতের চাহিদা অনুযায়ী বৈশ্বিক নাগরিক তৈরি করতে একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এই সরকারের অন্যতম প্রধান কাজ। বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয় সেই লক্ষ্যে বিভিন্ন অংশীজনকে সাথে নিয়ে সঠিকভাবেই এগোচ্ছে। তবে, শিক্ষাব্যবস্থার যে কোনো ধরনের সংস্কার সঠিকভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হলে প্রয়োজন একটি জবাবদিহিতামূলক ও শক্তিশালী শিক্ষা প্রশাসন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং তদারকির জন্য বর্তমানে, বিদ্যালয়, উপজেলা, জেলা, অঞ্চল মিলে মাঠ প্রশাসনে বিদ্যমান কাঠামো জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। এমন প্রেক্ষাপটে, মাঠ পর্যায়ের শিক্ষা প্রশাসনের ক্ষুদ্র কর্মী হিসেবে, দীর্ঘদিনের কর্ম অভিজ্ঞতার আলোকে শিক্ষা প্রশাসনের কাঠামোগত সংস্কারে আমার সুনির্দিস্ট প্রস্তাবনা উপস্থাপন করছি।
১। বাংলাদেশের মাধ্যমিক শিক্ষা কার্যক্রমের অধিকাংশই সম্পন্ন হয় সরকারি ও বেসরকারি (এমপিওভুক্ত) শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে। এই সকল প্রতিষ্ঠানের শিক্ষকগণ নানা বাস্তবতায় বিভিন্ন অসন্তোষ নিয়ে কাজ করে যাচ্ছে দিনের পর দিন। শিক্ষকগণকে অসন্তুষ্ট রেখে যে কোনো সংস্কার সিদ্ধান্তই ফলপ্রসূ হবে না। সুতরাং, বাংলাদেশের নতুন সরকারের উচিত হবে, মাঠ পর্যায়ে কর্মরত এই সকল শিক্ষকগণের অসন্তোষ দূর করা। অসন্তোষ দূর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারে। যেমন-
সরকারি: পদোন্নতির কাঠামো তৈরি এবং সক্রিয় করা যেতে পারে। আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধিতে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।
বেসরকারি (এমপিওভুক্ত) : উৎসব ভাতা শতভাগ করা যেতে পারে। চিকিৎসা ভাতা সরকারি চাকুরির অনুরূপ করা যেতে পারে এবং বাড়িভাড়া ভাতা ৩০%-৪০% করা যেতে পারে।
২। বর্তমানে সারাদেশে প্রতিটি উপজেলায় এবং সিটি কর্পোরশনের আওতাধীন থানাসমূহে একটি করে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিস রয়েছে। বিদ্যমান জনবল কাঠামোতে এই অফিসসমূহে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ১ জন, সহকারী উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ১ জন (২য় শ্রেণির) এর পদ রয়েছে। এছাড়াও সেসিপ প্রকল্প (৩১ ডিসেম্বর, ২০২৪ মেয়াদ শেষ হবে) হতে নিয়োগকৃত ১ জন উপজেলা/থানা একাডেমিক সুপারভাইজার এর পদ রয়েছে। এই জনবল কাঠামো একটি উপজেলার মাধ্যমিক শিক্ষার তদারকির জন্য যথেষ্ট নয়। অধিকাংশ উপজেলায় এই পদগুলো ফাঁকা রয়েছে অথবা আগামী ২ বছরের মধ্যে ফাঁকা হবে। এখানে উল্লেখ্য যে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ পূরণের ক্ষেত্রে বিদ্যমান ২০২১ সালের নিয়োগবিধি অনুযায়ী, ৫০% সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে এবং ৫০% পদোন্নতির মাধ্যমে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসারগণের নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এই নিয়োগবিধি অনুযায়ী, নিয়োগ প্রদান করা হলে বিদ্যমান বিভিন্ন মামলার রায় সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘসূত্রিতা সৃষ্টি হতে পারে। এছাড়াও শিক্ষকগণের কাজের অভিজ্ঞতা, শিক্ষা অফিসের কাজের ধরন থেকে অনেকটাই আলাদা হওয়ায় মাধ্যমিক কর্মকর্তার পদসমূহে শিক্ষকগণকে পদায়ন করা হলে, একদিকে মাধ্যমিক বিদ্যালয়সমূহে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এর সংকট দেখা দিবে, অপরদিকে উপজেলা শিক্ষা অফিসসমূহে সম্পূর্ণ ভিন্ন কাজের অভিজ্ঞতা নিয়ে আসা কর্মকর্তার দ্বারা একধরনের জটিলতার সৃষ্টি হবে।
এমতাবস্থায়, এই অফিসসমূহের কাঠামোগত পরিবর্তনের জন্য আমার সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপন করছিÑ উপজেলাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যার ভিত্তিতে (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসমূহের আদলে) নির্দিষ্ট সংখ্যক শিক্ষা কর্মকর্তার পদ তৈরি করা যেতে পারে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের শূন্য পদ পূরণের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগবিধি পরিবর্তন পূর্বক পদগুলো পূরণের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের পদোন্নতির ক্ষেত্রে সুনির্দিষ্ট পদসোপান তৈরি পূর্বক পদোন্নতির কাঠামো সক্রিয় করা প্রয়োজন। সিটি কর্পোরশনের আওতাধীন থানা মাধ্যমিক শিক্ষা অফিসসমূহকে (প্রকল্পভুক্ত) স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।
৩। বিদ্যমান কাঠামোতে সারাদেশে ৬৪টি জেলায় ৬৪টি জেলা শিক্ষা অফিস রয়েছে। প্রতিটি জেলা শিক্ষা অফিসে, জেলা শিক্ষা অফিসার ১ জন এবং সহকারী জেলা শিক্ষা অফিসার ১ জন এর পদ রয়েছে। এছাড়াও উক্ত অফিসসমূহে সেসিপ প্রকল্প হতে নিয়োগকৃত গবেষণা কর্মকর্তা-১ জন, সহকারী পরিদর্শক-৪ জন, জেলা প্রশিক্ষণ সমন্বয়কারী-১ জন এবং সহকারী প্রোগ্রামার-১ জন এর পদ রয়েছে। সেসিপ প্রকল্পের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ শেষ হলে, এই অত্যাবশ্যকীয় পদগুলোর বিলুপ্তির ফলে এই অফিসসমূহে এক ধরনের স্থবিরতা সৃষ্টি হবে। তাছাড়া, জেলা শিক্ষা অফিসার এবং সহকারী জেলা শিক্ষা অফিসার এর পদগুলো পূরণের ক্ষেত্রে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণের পদায়নের বিধান থাকায়, একদিকে যেমন বিদ্যালয়ের এই পদগুলো দীর্ঘদিন ফাঁকা থাকছে, অপরদিকে, একধরনের প্রশাসনিক জটিলতাও সৃষ্টি হয়েছে। এই জটিলতা নিরসনে জেলা শিক্ষা অফিসসমূহের কাঠামো সংস্কারে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনাÑ জেলা শিক্ষা অফিস এর নাম পরিবর্তন করে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস করা প্রয়োজন। জেলা শিক্ষা অফিসার নিয়োগের জটিলতা দূর করতে পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রতিটি জেলায় উপজেলা সংখ্যার ভিত্তিতে এক বা একাধিক সহকারী জেলা শিক্ষা অফিসারের পদ তৈরি করা যেতে পারে। এছাড়াও প্রকল্প হতে নিয়োগকৃত অত্যাবশ্যকীয় সহকারী পরিদর্শক, সহকারী প্রোগ্রামার, গবেষণা কর্মকর্তা এবং জেলা প্রশিক্ষণ সমন্বয়কারীর পদ তৈরি অত্যন্ত জরুরি। (প্রয়োজনে প্রতিটি জেলায় ১টি করে SECONDARY EDUCATION TRAINING AND RESEARCH INSTITUTE গঠন পূর্বক গবেষণা কর্মকর্তা এবং জেলা প্রশিক্ষণ সমন্বয়কারীর পদগুলো সেখানে স্থানান্তর করা যেতে পারে)।
৪। বিদ্যমান কাঠামোতে সারাদেশের ৯টি অঞ্চলে ২টি স্বতন্ত্র অফিসের মাধ্যমে আঞ্চলিক অফিসের কার্যক্রমসমূহ চলমান রয়েছে একটি আঞ্চলিক পরিচালকের কার্যালয় অপরটি আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়। উক্ত অফিসসমূহের কার্যক্রম পরিচালনা করতে একদিকে যেমন সমন্বয়হীনতা সৃষ্টি হয় তেমনি দুটি স্বতন্ত্র অফিস হওয়ার কারণে সরকারি ব্যয় বৃদ্ধিও লক্ষণীয় একটি বিষয়। এমতাবস্থায়, আঞ্চলিক অফিসসমূহের কাঠামোগত সংস্কার হতে পারেÑ দুটি স্বতন্ত্র অফিসের পরিবর্তে একটি কার্যালয়ের মাধ্যমে উক্ত অফিসসমূহের কার্যক্রম পরিচালনা করা যেতে পারে। অফিসসমূহ পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদগুলো রেখে সুনির্দিষ্ট পদসোপান তৈরি করা যেতে পারে। পদগুলো পূরণের ক্ষেত্রে প্রশাসন, শিক্ষা ক্যাডার কর্মকর্তা, শিক্ষার মাঠ প্রশাসনকে গুরুত্ব দিয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি।
৫। এছাড়াও মাঠপর্যায়ের চলমান বিভিন্ন কার্যাবলি বিভিন্ন উইং এর মাধ্যমে সম্পাদন করার ক্ষেত্রে রিপোর্টিং শক্তিশালী করা প্রয়োজন। মাধ্যমিক ও উচ শিক্ষা অধিদপ্তরের অধীন মাধ্যমিক শিক্ষার উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্প একীভূত করে একটি প্রকল্প বাস্তবায়ন উইং/ইউনিট করা যেতে পারে। এতে করে সমন্বয়হীনতা দূর হবে ও প্রকল্প ব্যয় কমবে। সেইসাথে জবাবদিহিতা তৈরি হওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ে প্রকল্প সমাপ্ত হয়ে লক্ষ্য অর্জন সম্ভব হবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী মাধ্যমিক শিক্ষার মাঠ প্রশাসনকে ঢেলে সাজালে এবং পদগুলো পূরণের ক্ষেত্রে বিদ্যমান বিধির সংশোধন পূর্বক সমজাতীয় পদে সেসিপ প্রোগ্রাম এর আওতায় বিগত প্রায় ১০-২২ বছর যাবত কর্মরত দক্ষ ও অভিজ্ঞ জনবলকে সমন্বয় করার ব্যবস্থা গ্রহণ করা হলেই কেবল এই ক্ষেত্রে সৃষ্ট অচলাবস্থা দূর করা সম্ভব।
লেখক: গবেষণা কর্মকর্তা, জেলা শিক্ষা অফিস, লালমনিরহাট
মানবকণ্ঠ/এসআরএস

