বিগত সরকারের আমলে আমরা নানাবিধ আফসোস বহন করেছি। কখনও উটের মতো, কখনও গাধার মতো। এসব আফসোসের মধ্যে বড় একটা আফসোস ছিল, স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারার আফসোস। আরও সহজ করে বললে- কথা বলতে না পারার আফসোস। এরপর দিন বদলালো। আমরা আফসোসের বোঝা খানিকটা হালকা করার সুযোগ পেলাম।
মোটকথা, আমরা কথা বলার সুযোগ পেলাম। আর এই সুযোগের সূত্র ধরেই সামনে এলো ‘সংলাপ’ নামের মহাসুযোগ। সংলাপকে মহাসুযোগ আখ্যা দেয়ার কারণ- সংলাপ এমন এক রাস্তা, যে রাস্তা ধরে চললে কাক্সিক্ষত গন্তব্যে পৌঁছা সম্ভব। অথচ এই রাস্তাটা বন্ধ ছিল এতদিন। আপনি হয়তো বলবেন, বন্ধ ছিল কোথায়? পতিত সরকারের আমলেও তো সংলাপ চালু ছিল। কিন্তু আমরা বলবো, ওই চালুকে চালু বলে না। সংলাপ মানে নিজের কথা খোলাখুলি বলতে পারার স্বাধীনতা। কিন্তু ওই সরকারের আমলে সংলাপে যারা বসতেন, তারা ওই স্বাধীনতা ভোগ করতে পারতেন বলে আমাদের জানা নেই। অনেকটা মুখস্থ কথাই বলতে হতো তাদের। যে কারণে ওই সংলাপ থেকে যেতো নামমাত্র সংলাপ হিসেবে। দেশের কোনো উপকারে আসতো না, আপামর জনগণের কোনো উপকারে আসতো না। হ্যাঁ, ওই সরকারের মূল বিরোধটা যেহেতু ছিল বিএনপির সঙ্গে অর্থাৎ কাগজে-কলমে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি স্বীকৃতি পেলেও মূলত বিএনপি যেহেতু ছিল বিরোধী দল, তাই বিএনপির সঙ্গে যদি সংলাপ হতো, তাহলে হয়তো সেখানে এমন কিছু কথা উঠে আসতে পারতো, যেগুলোর সঙ্গে জনস্বার্থ জড়িত।
কিন্তু বিএনপি তখন যায়নি অথবা যাওয়ার মতো করে তাদের ডাকাই হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও এখনও ভেসে বেড়াচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এক সাংবাদিক জিজ্ঞেস করলেন সংলাপের বিষয়ে। সেখানে বিএনপির নাম উল্লেখ করতেই তিনি যা বললেন, তার সারমর্ম হচ্ছে, এই দল একটা সন্ত্রাসী দল। অতএব সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপ নেই, সংলাপ হতে পারে না। অথচ দলটা কখনোই নিষিদ্ধ ছিল না। তবু তাদের সঙ্গে সংলাপে বসতে না চাওয়া মানে তাদের কথা বলতে না দেয়া। তবে সেটা আমাদের অতীত। কলঙ্কের কালিমা মাখানো অতীত। এই অতীত থেকে আমাদের শিক্ষা নেয়া জরুরি। আর সতর্ক থাকা আরও জরুরি- এমন পরিস্থিতি যেন আর কখনও সামনে না আসে। অর্থাৎ সংলাপ থেকে যেন কোনো দল বাদ না যায় অথবা কোনো দলকে যেন বাদ দেয়া না হয়।
এখন প্রশ্ন উঠতে পারে- বর্তমান সময়ে যে সংলাপ চলমান, সেখানে কি আওয়ামী লীগকে ডাকা উচিত? এই প্রশ্নের সংক্ষিপ উত্তর হচ্ছেÑ অবশ্যই উচিত। এবার বিস্তারিত উত্তর দেয়া যাক। আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ কোনো দল নয়। এমনকি সরকারের কোনো পরিকল্পনাও নেই দলটাকে নিষিদ্ধ করার। তাহলে আপনি কেন এই দলকে সংলাপে বসার সুযোগ দেবেন না? আজ যদি আওয়ামী লীগকে মত প্রকাশের সুযোগ দেয়া না হয়, প্রস্তাব রাখার সুযোগ দেয়া না হয়, তাহলে পতিত সরকারের আমলে কোনো কোনো দলের বাকস্বাধীনতা হরণের সেই কলংকময় অধ্যায় পুনরায় ফিরে এলো না? আমরা কি এমনটা চাই বা চেয়েছি? আর এমনটা কি কোনোভাবে মঙ্গলজনক হতে পারে একটা স্বাধীন এবং গণতান্ত্রিক দেশের জন্য? আশার কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই নানা পরিসরে সংলাপ চলছিল, এখনও চলছে। কখনও আনুষ্ঠানিকভাবে, কখনও অনানুষ্ঠানিকভাবে। আর সংলাপ মানেই যেহেতু নতুন নতুন প্রস্তাবনা, তাই প্রস্তাবও আসছে একের পর এক। কোনোটা প্রশংসিত হচ্ছে, কোনোটা সমালোচিত হচ্ছে। আবার কোনোটার ভিত্তিতে শুরু হয়ে গেছে সংস্কার কার্যক্রম। যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
আমরা ইতোমধ্যে জানতে পেরেছি, প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রেই গ্রহণযোগ্য ব্যক্তিবর্গের নেতৃত্বে সংস্কারের শুভ সূচনা করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পর এসব উদ্যোগের সুফল আমরা পাব। তবে ওইটুকু সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। রাজনৈতিক দলগুলো সংলাপ করবে, প্রস্তাব দেবে, সংস্কারের জন্য অনুরোধ করবে আবার দ্রুত নির্বাচনের আয়োজন করার জন্যও চাপ প্রয়োগ করবে- এটা ঠিক বাস্তবসম্মত নয়। সরকার অবশ্যই যৌক্তিক সময়ে নির্বাচন করবে এবং করা উচিত। কিন্তু এর জন্য যদি সরকারকে চাপে রাখা হয়, রীতিমতো সময় বেঁধে দেয়া হয়, তাহলে সংস্কারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। আর সেটা খানিকটা হচ্ছেও। আরও হবে, যদি এই চাপ অব্যাহত রাখা হয়।
রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে- এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে দেশের কল্যাণকামী জনগণ। তো তারা যখন বুঝবে এই সরকারের আর প্রয়োজন নেই, এবার নির্বাচিত সরকারের দরকার, তখন এমনিতেই দাবি নির্বাচনের। আর দাবিতে কাজ না হলে আরও শক্ত অবস্থানে যাবে। আর আমরা বিশ্বাস করি, এই সরকার জোর করে ক্ষমতায় থাকতেও চাইবে না। তাহলে সমস্যাটা কোথায়? এত অধৈর্য কেন আমাদের রাজনৈতিক দলগুলো? জামায়াত ইতোমধ্যে অনেকগুলো প্রস্তাব দিয়েছে। গণমাধ্যমের কল্যাণে সেসব প্রস্তাব সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এসব প্রস্তাব বাস্তবায়ন সহসাই সম্ভব নয়। তাই যৌক্তিক সময়ের কথা বারবার সামনে আসছে। শুধু জামায়াত কেন, প্রস্তাব দিচ্ছে অন্য দলগুলোও। সামনে হয়তো আরও দেবে। আর সেই আলোকে সংস্কারও হবে বলে আমরা বিশ্বাস করি। আর সংস্কার যত নিখুঁতভাবে হবে, সেটা রাজনৈতিক দলগুলোর জন্যই উপকার বয়ে আনবে।
অর্থাৎ তারা যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় বসবে, তখন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে। আর এখন যদি সংস্কারটা নিখুঁতভাবে না হয়, তাহলে নির্বাচিত সরকারকে পদে পদে বাধার সম্মুখীন হতে হবে। তখন পুনরায় প্রয়োজনীয়তা দেখা দেবে সংলাপের, সংস্কারের। তাহলে এখনই যদি সেই কাজটা আরেকটু গুছিয়ে নেয়া হয়, তাহলে সমস্যা কোথায়? তাই রাজনৈতিক দলগুলোর প্রধানদের প্রতি আমাদের আহ্বান থাকবে, একটু ধৈর্য ধরুন। গদি আপনাদের ছিল, আপনাদেরই থাকবে। এখন সংস্কার চলমান, অতএব কার্যক্রমটা শেষ হতে দিন। আপনি যখন অ্যান্টিবায়োটিক খাবেন, পুরো কোর্স শেষ করতে হবে। তাড়াহুড়ো করলেন, কোর্স শেষ হওয়ার আগেই খাওয়া বন্ধ করে দিলেন, তাহলে কোনো উপকারই পাবেন না। পুরনো রোগ আপনাকে আবার কাবু করে ছাড়বে। তাই আবারও বলি, অধৈর্য হবেন না। সংলাপ চলছে, চলুক। নতুন নতুন প্রস্তাব আসছে, আসুক। আর সংস্কার হোক মনের মতো। প্রিয় বাংলাদেশ হয়ে উঠুক তেমন, যেমনটা আমরা চেয়েছি, যেমন আমরা কল্পনা করেছি।
লেখক: কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক

