বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য মতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ গুটিকয়েক দল বাদ দিলে কোনো দলেরই উল্লেখ করার মতো স্থায়ী ভোটব্যাংক নেই। ফলে বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন করে তারা আশানুরূপ ফল লাভ করতে পারে না। ভোট যে একেবারেই পায় না তা কিন্তু নয়। পায়, তবে শতকরা হারে বড় দলের তুলনায় নগণ্য। সে-কারণে তাদের প্রাপ্ত ভোট কোনো কাজে আসে না। এটা যে শুধু দলগুলোর সমস্যা তা কিন্তু নয়। সমস্যা ভোট প্রদানকারীও। তাদের প্রদত্ত ভোটের কোনো গণমূল্য থাকে না। পছন্দের দলকে ভোট দিয়ে অপছন্দের জনপ্রতিনিধির কাছে বিরাগভাজন হয়ে থাকতে হয়। কারণ বর্তমান বাস্তবতায় ভিন্নমতকে কেউ সহ্য করতে চায় না।
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসার মোক্ষম হাতিয়ার হচ্ছে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চালুকরণ। বর্তমান দ্বি-দলীয় শাসন ব্যবস্থার রাহু থেকে জাতিকে মুক্তি দানে এই পদ্ধতির বিকল্প আপাতত দেখছি না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রাধিকার তালিকায় নির্বাচন পদ্ধতির পরিবর্তন সর্বাগ্রে রাখা উচিত ছিল। তা না হলে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সময় অতিবাহিত হলে যেই লাউ সেই কদুতে পতিত হবে। পুনরায় দ্বি-দলীয় শাসন ব্যবস্থা নাগরিকের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসবে। সেক্ষেত্রে শুধু দল বা মতাদর্শের পরিবর্তন হতে পারে। বাকি সব কালা-কানুন পূর্বের মতোই থাকার সম্ভাবনা বেশি। আপাতদৃষ্টিতে তাই মনে হচ্ছে। নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রস্তাবে বৃহৎ রাজনৈতিক সংগঠন বিএনপি ব্যতীত প্রায় সব কটি দলই মোটামুটি একমত।
তারা আনুপাতিক পদ্ধতিতেই নির্বাচন চায়। এক্ষেত্রে প্রেক্ষাপট বিবেচনায় আরেক বৃহৎ সংগঠন আওয়ামী লীগের মতামতের প্রয়োজনীয়তা অনুধাবন করেনি। স¤প্রতি ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি’ আয়োজিত সভায় জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামি আন্দোলন, সিপিবি, গণঅধিকার পরিষদসহ বেশকিছু রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এই পদ্ধতির পক্ষে মত দিয়েছেন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, তাদের মত দেয়া আর বিএনপির না দেয়ার দোলাচালেই এই পদ্ধতির ভবিষ্যৎ নির্ভর করছে। তবে এই কথা জোর দিয়ে বলা যায় যে গণতন্ত্রের মোড়কে স্বৈরাচারী শাসন রুখতে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিই হতে পারে সেরা বিকল্প। কারণ এই পদ্ধতির নির্বাচনে এককভাবে কোনো দলেরই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।
আনুপাতিক প্রতিনিধি পদ্ধতি হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে প্রাপ্ত ভোটের শতকরা অনুপাতে আসন বণ্টিত হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোন দল যদি মোট কাউন্ট ভোটের ১% ভোটও পায় তাহলে সেই দল সংসদীয় মোট ৩০০ আসনের ১% এর মালিক হবে। অর্থাৎ ৩টি আসন পাবে। বর্তমান নির্বাচনী পদ্ধতির সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে অধিক সংখ্যক ভোটের কোনো মূল্য না থাকা। বিষয়টি এমন যে, মনে করি, ৫টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের প্রাপ্ত ভোটের শতকরা হার যথাক্রমে ৩০%, ২৫%, ২০%, ১৫% ও ১০%। এখানে দেখা যাচ্ছে ৩০% প্রাপ্ত ভোটের প্রার্থী নির্বাচিত। বাকি চার দলের প্রাপ্ত ৭০% মতামত মূল্যহীন। অর্থাৎ ৭০% ভোটার নির্বাচিত প্রার্থীকে পছন্দ না করলেও তাকেই তাদের জনপ্রতিনিধি হিসেবে মেনে নিতে হচ্ছে। এটা একধরনের সিস্টেমেটিক জবরদস্তিই বলা যায়।
বাংলাদেশের প্রকৃত রাজনৈতিক বাস্তবতা হচ্ছে কোনো দলেরই এককভাবে ক্ষমতায় যাওয়ার মতো জনসমর্থন নেই। এটা ধ্রæব সত্য। ফলে ছোট দলগুলো ক্ষমতার স্বাদ নিতে ও বড় দুই দল ক্ষমতায় যাওয়ার রাস্তা নিষ্কণ্টক করতে নির্বাচনী জোট গঠন করে। জোট করে, ভোট করে বিজয়ের পর ছোট দলগুলো বড় দুই দলের অনুকম্পা পেয়ে থাকে। তাতে জোটভুক্ত ছোট দলগুলোর সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে, ছোট দলগুলোর নিজস্বতা বলে কিছু থাকে না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে নিজ দলীয় আদর্শ পর্যন্ত খোয়াতে হয়। অনেক ক্ষেত্রে বড় দলের কৃত-অপকর্মের ভাগও নিতে হয়। অতীতে এমন নজির অনেক রয়েছে।
বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার এই ক্রটির কারণে গণরায় অপচয় হয়। আর যদি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হতো, তাহলে সকল দলেরই প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পেতো অর্থাৎ সকল ভোটারেরই প্রদত্ত ভোটের মূল্য থাকতো। বর্তমান বিশ্বের ১৭০টি দেশের মধ্যে ৯১টি দেশে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার ত্রুটির কারণেই এই পদ্ধতির প্রতি ঝুঁকছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও নেপাল নির্বাচনে এই পদ্ধতি অনুসরণ করে থাকে। আমাদের দেশেও এই পদ্ধতিতে নির্বাচনের কথা চাউর হয়েছে। এটা যে এবারই প্রথম আলোচনায় আসছে তা কিন্তু নয়। এর আগে ২০১৭ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আয়োজিত নির্বাচন বিষয়ক আলোচনা সভায় এ ধরনের প্রস্তাব এসেছিল। তবে তৎকালীন কমিশন তা আমলে নেয়নি।
এই পদ্ধতিতে নির্বাচনের একটি উল্লেখযোগ্য সুবিধা হচ্ছে নির্বাচনে কালোটাকার ঝনঝনানি রোধ করণ। কেননা এই পদ্ধতিতে সংসদীয় আসনে যেহেতু মনোনীত প্রার্থী থাকে না। অতএব অবৈধ টাকা ও পেশিশক্তির ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনা কম থাকে। ভোটাররা ব্যালট পেপারে তাদের পছন্দের রাজনৈতিক দলের দলীয় প্রতীকে রায় দেন। কারও দ্বারা প্ররোচিত না হয়ে ভোট দেয়ায় ভোটারদের মতামতের সঠিক প্রতিফলন ঘটে। যা গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য। যে সৌন্দর্য অন্বেষণে গণতন্ত্রকামী বিশ্ব অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই পদ্ধতির একটি অন্তরায়ও আছে। তা হচ্ছে ভোটার উপস্থিতি কম হওয়ার সম্ভাবনা বেশি। কারণ দল মনোনীত প্রার্থী না থাকায় দলীয় নেতাকর্মীদের নির্বাচন নিয়ে ওতো গরজ থাকে না।
এতদসত্ত্বেও রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধন বিষয়ক এক ভার্চুয়াল সভায় আলোচকবৃন্দ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের পক্ষেই মত দেন। কোনো সরকারকে স্বৈরাচারী মনোভাব থেকে ফেরাতে চাইলে এই পদ্ধতির বিকল্প আপাতত দেখছি না। মোট সংসদীয় আসনের দুই-তৃতীয়াংশ আসন পেলে কি হয় তা জনগণ হাড়ে হাড়ে টের পেয়েছে। ২০০১ সালের চারদলীয় জোট এবং ২০০৮ সালের মহাজোট সরকারের কার্যকলাপ স্টাডি করলেই তা বোঝা যায়। উভয় জোটই দুই তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করেছিল। যার প্রতিফল জনগণ অদ্যাবধি ভোগ করছে। নিরঙ্কুশ ক্ষমতা স্বৈরাচারী মনোভাব তৈরিতে সহায়ক। সরকারগুলো যাচ্ছেতাই করতে পারে। বাধাদানের কেউ থাকে না। না সংসদে, না রাজপথে। আইনি ঝক্কি-ঝামেলাও পোহাতে হয় না।
যেমন খুশি তেমন আইন পাস করা যায়। জনগণের প্রতি জবাবদিহিতার প্রয়োজন পড়ে না। নিরঙ্কুশ ক্ষমতার জোরে তারা গণবিরোধী সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না। সম্প্রতি আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্তে বিএনপি ভেটো দিয়েছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা অবশ্যম্ভাবী ছিল। এখানে বিএনপির স্থলে আওয়ামী লীগ বা অন্য যেকোনো বৃহৎ রাজনৈতিক দল বা গোষ্ঠী হলেও একই মত দিতো। কারণ পুঁজিবাদী রাজনীতিতে নিরঙ্কুশ ক্ষমতাই শেষ কথা। তারা জানে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে আখেরে তাদেরই ক্ষতি হবে। দল সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা হারাবে। অন্য ছোট দলের সাথে নেগোসিয়েশন বা কোয়ালিশন সরকার গঠন করতে হবে। যা তাদের ক্ষমতার একক আধিপত্যে হানা দিবে। এই শঙ্কা থাকায় কেন তারা আনুপাতিক পদ্ধতিতে মত দিবে? অতএব বিএনপি যেটা করেছে ভবিষ্যৎ আঁচ করেই করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই যে আনুপাতিক পদ্ধতিতে হতে হবে বিষয়টি এমন নয়।
এক্ষেত্রে তাড়াহুড়ো না করে বিষয়টি নিয়ে আরো বেশি আলোচনা ও নাগরিক মতামত নেয়া যেতে পারে। তবে এক্ষেত্রে উপকার যেটা হয়েছে, ছোট দলগুলোর চিন্তা উসকে দেয়া গেছে। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের সুবিধা যেমন রয়েছে তেমনি অসুবিধাও কম নেই। এই পদ্ধতির সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের শঙ্কা। স্বার্থের বনিবনা না হলে এমনটি ঘটা অস্বাভাবিক নয়। ছোট দলগুলো সরকারের চালক দলকে ডমিনেট করতে চাইবে। যে সমস্যায় ভুগছে আমাদের প্রতিবেশী নেপালসহ বিশ্বের অনেক দেশ। সমর্থন প্রত্যাহারের শঙ্কা থাকায় রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমের ব্যাঘাত ঘটবে। সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে নিরুৎসাহিত করবে। এমন কি ঘন ঘন সরকার পতনের শঙ্কাও উড়িয়ে দেয়া যায় না। অতএব উপসংহারে বলতে হয় আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় দলের ক্ষতি এবং ছোট দলগুলোর লাভই হবে বৈকি!
লেখক: সাংবাদিক ও কলামিস্ট

