গণতান্ত্রিক দেশে নির্বাচন শুধু দরকার না; অপরিহার্য। তবে নির্বাচনটা দ্রুত দরকার নাকি বিলম্বে, সেটা প্রশ্ন সাপেক্ষ। আর প্রশ্নটা মূলত পরিস্থিতি সাপেক্ষ। আরেকটু পরিষ্কার করে বললে- পরিস্থিতি যদি নির্বাচন উপযোগী হয়, তাহলে অবশ্যই নির্বাচন দ্রুত দরকার। আর যদি পরিস্থিতি নির্বাচন উপযোগী না হয় বরং উপযোগী করে নেয়ার দায়িত্বটা নিজেদেরই পালন করতে হয়, তাহলে বিলম্বে হলেও সমস্যা নেই। কারণ, নির্বাচনের জন্য অনুকূল পরিস্থিতিটা ভীষণ জরুরি।
এখন প্রশ্ন হচ্ছে, আমরা এখন যে পরিবেশ বা পরিস্থিতিতে আছি, তা কি নির্বাচনের জন্য অনুকূল? এই প্রশ্নের উত্তরে চট করে ‘হ্যাঁ’ বা ‘না’ বলে ফেলার সুযোগ নেই। অবশ্যই ভেবে-চিন্তে বলতে হবে, সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে বলতে হবে। কারণ, একটা পরিবেশ অনুকূল বা প্রতিকূল হয় নানাবিধ কারণে। এসব কারণের মধ্যে প্রধানতম কারণ হচ্ছে জনমত। জনমত মানেই ভোট নয়। জনমত মানে হচ্ছে, সাধারণ মানুষের ইচ্ছা-অনিচ্ছা, চাওয়া- চা চাওয়া।
অর্থাৎ দেশের বৃহত্তর জনগোষ্ঠী যদি মনে করে এখন নির্বাচন দরকার, তাহলে অবশ্যই দরকার। আর যদি মনে করে এখনই দরকার নেই, আরেকটু সময় নেয়া উচিত, তাহলে বিলম্ব করা যেতেই পারে। আমরা প্রতিনিয়তই চারপাশের মানুষের কথা শুনছি। এমনকি দূর-দূরান্তের মানুষের কথাও শুনছি, জানছি মিডিয়ার কল্যাণে। এসব কথার সারমর্ম- নির্বাচন দরকার, তবে কোনো কোনো দল যতটা তাড়াহুড়ো করছে, ততটা তাড়াহুড়ো করা উচিত না। আরেকটু সময় নেয়া উচিত, আরেকটু গুছিয়ে নেয়া উচিত। নইলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা থেকে যায়।
এই যে গুছিয়ে নেয়ার বিষয়টা, এখানেই অনেকগুলো ব্যাপার জড়িত। এক্ষেত্রে প্রথমেই আসে আইন-শৃঙ্খলার প্রসঙ্গ। আমাদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন কতটা কার্যকর অথবা সময়োপযোগী? এই প্রশ্নের উত্তর দায়সারাভাবে দিতে চাইলে কিছু একটা বলাই যায়। আর দায়িত্বশীলতার সঙ্গে দিতে চাইলে বলতে হবে- আমাদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন ততটা শক্তিশালী নয়, যতটা শক্তিশালী হলে নির্বাচনের আয়োজন করে নিশ্চিন্ত থাকা যায় বা নিশ্চিন্তে নির্বাচন আয়োজন করা যায়। ৫ আগস্টের আগে পুলিশের উচ্চপদ থেকে শুরু করে কনস্টেবলের পদ পর্যন্ত বিস্তৃত ছিল দলীয় লেজুড়বৃত্তি। পুলিশ কাজ করতো মূলত নির্দিষ্ট একটি দলের পেটোয়াবাহিনী হিসেবে। আর তাদের গড়ে ওঠা একদিনের ছিল না। ছিল প্রায় ১৭ বছরের।
সুতরাং এই বাহিনীকে পুরোপুরি সংস্কারের আওতায় আনতেও সময়ের প্রয়োজন। আর এই সময়ের ব্যাপ্তি যদি তিন মাস বা ছয় মাস হয়, তাহলে একটু কমই হয়ে যায়। কিন্তু সময় যে বাড়াবেন, এতে তো নির্বাচন পেছাতে থাকবে। রাজনৈতিক দলগুলো কি এই বিলম্ব সহ্য করবে? সহ্য যে করবে না, তার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিনই। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য কোনো কোনো রাজনৈতিক দল ইতোমধ্যে শুধু অস্থির হয়ে ওঠেনি, সরকারের সমালোচনা করতে শুরু করেছে। অথচ এখনই সমালোচনা করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে তৈরি যে হবে না, তা না।
এক্ষেত্রে সরকারের করণীয় হচ্ছে, সংস্কারের কাজটা দ্রুত সম্পন্ন করে ফেলা। তবে কতটা দ্রুত সম্ভব, খুব দ্রুত করা হলে সেই সংস্কার মানসম্মত হবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। তাই সংস্কার কাজে সরকারকে সহযোগিতা করা উচিত। অহেতুক তাড়া দেয়া উচিত না মোটেই। অথচ এই অনুচিত কাজটাই করা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা তো বলা হলো। তবে পরিস্থিতি কিন্তু আরও আছে। সেগুলো কতটা সরকারের নিয়ন্ত্রণে, তা বিবেচনায় রাখতে হবে। অনেকে শুধুমাত্র সমালোচনা করার জন্য বলছে, দেশ সরকারের হাতে নেই। দেশ চলছে যাচ্ছেতাইভাবে। তবে এমন ঢালাওভাবে বলাটা ঠিক না।
দেশ সরকারের হাতে নেই, তাহলে কার হাতে আছে? ক্ষেত্রবিশেষে কিছু অনিয়ম হতে পারে, তাই বলে পুরো দেশ যাচ্ছেতাইভাবে চলছে, এটা মনে করাটাও একটা ভ্রান্ত ভাবনা। নির্বাচন এগিয়ে আনতে হলে অথবা দ্রুততম সময়ের মধ্যে আয়োজন করতে হলে মন থেকে ভ্রান্ত সব ধারণাকে বিদায় করতে হবে। অবশ্যই বাস্তববাদী হতে হবে। ইতিবাচক ভাবনা ভাবতে জানতে হবে। বিগত ১৭ বছরেও নির্বাচন হয়েছে। সেই নির্বাচন কতটা গণ মানুষের নির্বাচন ছিল, তা আমরা জানি। সেই নির্বাচনগুলো সত্যিকার অর্থেই যদি গণমানুষের নির্বাচন হতো, তাহলে এত রক্ত ঝরিয়ে সরকার পরিবর্তন করতে হতো না।
কিন্তু কোনো সরকার প্রধানের পলায়নের ঘটনাও ঘটত না। তার মানে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের মনে প্রশান্তি আনয়নের জন্য একটা সুষ্ঠু নির্বাচন দরকার। তবে সেটা দ্রুত নাকি বিলম্বে, তা নিয়ে যেকথাগুলো ইতোমধ্যে হলো, এর বাইরেও কথা হতে পারে। কারণ, নির্বাচন শব্দটার আগে আমরা ‘সুষ্ঠু’ শব্দটা ব্যবহার করছি। আর এই ‘সুষ্ঠু’ শব্দের সঙ্গে কত যে প্রসঙ্গ-অনুষঙ্গ জড়িত, তা অল্প পরিসরে বলে শেষ করা যাবে না। নির্বাচন অতীতে যেমন হয়েছে, ভবিষ্যতেও হবে। তবে নিকট ভবিষ্যতে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেটা যেকোনো নির্বাচনের চেয়ে ব্যতিক্রম এবং গুরুত্বপূর্ণ। কারণ, এই নির্বাচনকে ঘিরে মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। আর এই প্রত্যাশা একদিনে তৈরি হয়নি। দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে তৈরি হয়েছে।
সুতরাং এই নির্বাচন যা-তা ভাবে আয়োজন করে ফেলার কোনো সুযোগ নেই। আজ যা-তা ভাবে আয়োজন করলাম, কাল সমালোচনা হলো, পরশু আরেকটা নির্বাচনের আয়োজন করে ফেললাম; যেহেতু এমনটা সম্ভব না, অতএব যা করার খুব ভেবে চিন্তে করতে হবে। জোরালো প্রস্তুতি নিয়ে করতে হবে। প্রন্তুতিটা যত দ্রুত সম্পন্ন করা যাবে, নির্বাচনও তত দ্রুতই হবে। শুধু নির্বাচন দ্রুত আয়োজনের জন্য প্রস্তুতিতে ঘাটতি রাখলামÑ এমন পরিকল্পনা হবে আত্মঘাতী। সুতরাং রাজনৈতিক দলগুলোর একটু ধৈর্য ধরা জরুরি। এত বছর যদি তারা ধৈর্য ধরতে পেরেছে, আর কটা দিন ধৈর্য ধরা কঠিন হওয়ার কথা না।
তবে শিরোনামে যে প্রশ্ন- কেন নির্বাচন দ্রুত দরকার, এই প্রশ্নের ভাবার্থ তুলতে গিয়ে ভুল করার সুযোগ নেই। নির্বাচন দ্রুত দরকার, কারণ আমরা চাই দেশে দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরুক। তার মানে এই না যে, একটা অপ্রস্তুত পরিস্থিতি বা পরিবেশে নির্বাচন হতে হবে। সুতরাং ঘুরে-ফিরে কথা একটাই, নির্বাচন দ্রুতই হোক। তবে অনুকূল পরিবেশে হোক। যাতে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যে দীর্ঘ প্রতীক্ষা, সেই প্রতীক্ষা শেষে আনন্দময় সময় আসে।
লেখক: কথাসাহিত্যিক ও টিভি উপস্থাপক

