ব্যাংক দখল করে মানুষের জমানো টাকা হাতিয়ে নেয়া, ক্ষমতাসীনদের সঙ্গে আঁতাত করে কিংবা সরাসরি রাজনীতিতে যোগ দিয়ে ব্যাংক থেকে টাকা বের করা, বাণিজ্যের ছদ্মবেশে অর্থ পাচার, ঋণখেলাপিদের নানা সুবিধা দেয়া, টাকা ছাপিয়ে ব্যাংক টিকিয়ে রাখা, বৈদেশিক মুদ্রার মজুতে ধস-ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে আর্থিক খাতে ছিল এই চিত্র। দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তী সরকারকে সবার আগে এই পচন থামাতে পদক্ষেপ নিতে হয়েছে, যথেচ্ছ অনিয়মের সুযোগ বন্ধ করতে হয়েছে। এর ইতিবাচক ফলও এসেছে; কিন্তু সংকট পুরোপুরি কাটেনি।
অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে দীর্ঘদিন ধরে চলা ডলার-সংকটের আপাত সমাধান হলেও ব্যাংকিং খাতে যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা দূর করা যায়নি। বেসরকারি ৫-৬টি ব্যাংক থেকে গ্রাহকরা এখনো চাহিদামতো টাকা তুলতে পারছেন না। এই ব্যাংকগুলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছিল। এসব ব্যাংকে অনিয়ম বন্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, আগের পরিচালনা পর্ষদ বাতিল হয়েছে। কিন্তু তাদের তারল্য-সংকট দূর হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের আগে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে বেশ কিছু ব্যাংককে ধার দিয়ে আসছিল। নতুন সরকার গঠনের পর টাকা ছাপিয়ে ধার দেয়া বন্ধ করা হয়েছে। তাদের টাকার যোগান দিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এই ব্যবস্থায় ব্যাংকগুলো চাহিদামতো টাকা ধার পাচ্ছে না। ফলে প্রয়োজন অনুসারে টাকা তুলতে না পারায় গ্রাহকের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সার্বিকভাবে, ব্যাংক খাতের ওপর গ্রাহকের আস্থা ফিরে আসেনি।
নতুন সরকার দায়িত্ব নিয়েই আর্থিক খাত সংস্কারে বড় ধরনের উদ্যোগ নেয়। নতুন গভর্নর আহসান এইচ মনসুর কয়েক দিনের মধ্যেই ১১টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দেন। কমিটি গঠিত হয় ব্যাংক খাত সংস্কার ও পাচার করা অর্থ উদ্ধারে। তবে বিশ্লেষকেরা মনে করেন, একটি পরিষ্কার পথনকশা না থাকায় তড়িঘড়ি করে নেওয়া সংস্কার উদ্যোগ দুর্বল হয়ে পড়ছে। নীতি ও উদ্যোগের অভাবে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও সংস্কার প্রক্রিয়া টেকসই হওয়া নিয়ে রয়েছে নানা সংশয়। লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া হবে, নাকি এগুলো একীভূত করা হবে, নাকি মালিকানা বদল বা মূলধন যোগান দিয়ে শক্তিশালী করা হবে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তরও কেউ দিতে পারছেন না।
দেশের আর্থিক খাতে যে বিশাল সমস্যা তৈরি হয়েছে, তার সামাল দেওয়া বাংলাদেশ ব্যাংকের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক খাতে অনেক ধরনের ঝামেলা আছে। এত সমস্যা একসঙ্গে সমাধান করার মতো সক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংকের নেই। নীতি পরিবর্তন করায় ডলারের সংকট অনেকটাই কেটেছে, অনিয়মে জড়িয়ে পড়া ব্যাংকগুলোর পর্ষদ ভাঙার পর নিরীক্ষা করে এসব ব্যাংকের প্রকৃত তথ্য বের করার পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নিশ্চয়ই সময়োপযোগী পদক্ষেপ নেবে, যা আমানতকারীদের জন্য ভালো হবে। লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া হবে, নাকি এগুলো একীভ‚ত করা হবে, নাকি মালিকানা বদল বা মূলধন যোগান দিয়ে শক্তিশালী করা হবে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তরও কেউ দিতে পারছেন না।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বে পণ্যমূল্য বাড়ে, ফলে দেশে ডলারের সংকট শুরু হয়। যুদ্ধ শুরুর আগে যে ডলারের দাম ছিল ৮৫ টাকা, খুব দ্রুত তা বেড়ে ১২০ টাকা ছাড়িয়ে যায়। এর প্রভাবে বাড়ে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। সময়োপযোগী নীতি না নিয়ে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে আওয়ামী লীগ সরকার। তবে এই কৌশল সাফল্য আনেনি। অন্তর্বর্তী সরকার গত ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ করে। দায়িত্ব নিয়েই তিনি রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে দেন। পাশাপাশি ডলারের সরবরাহ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেন। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে বিদ্যমান সীমা ১ শতাংশ থেকে বাড়িয়ে আড়াই শতাংশ করা হয়।
ফলে বিনিময় হার নির্ধারণের ক্রলিং পেগ ব্যবস্থায় ডলারের মধ্যবর্তী দাম হয় ১১৭ থেকে সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত। এসব পদক্ষেপ দ্রুত ফল দিতে শুরু করে। বাড়তে শুরু করে প্রবাসী আয়। পাশাপাশি বিদেশি ব্যাংকগুলোর সঙ্গেও সভা করেন গভর্নর। এর পর থেকে বিদেশি ব্যাংকগুলো তাদের সঙ্গে যুক্ত থাকা বাংলাদেশি ব্যাংকগুলোর ডলার ব্যবহারের সীমা বাড়িয়ে দেয়। ফলে আমদানি ঋণপত্র খোলায় যে বাধা ছিল, তা অনেকটা কেটে যায়। এতে ডলারের সংকট কমেছে। রিজার্ভের পতনও থেমেছে। আওয়ামী সরকারের সময় গত ৩১ জুলাই রিজার্ভ ছিল ২ হাজার ৫৯২ কোটি ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২ হাজার ৪৮ কোটি ডলার। তিন বছর আগে মোট রিজার্ভ ৪ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়েছিল। বাংলাদেশ ব্যাংকের ১৩ নভেম্বরের হিসাব অনুযায়ী, মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২ হাজার ৪১৬ কোটি ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী যা ১ হাজার ৮৪৩ কোটি ডলার। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি দায়ের ১৫০ কোটি ডলার পরিশোধ করার পর রিজার্ভ কিছুটা কমেছে।
ব্যাংক খাতে অনেক ধরনের ঝামেলা আছে। এত সমস্যা একসঙ্গে সমাধান করার মতো সক্ষমতাও কেন্দ্রীয় ব্যাংকের নেই। নানা অনিয়মের তথ্য আলোচনায় আসার পর ২০২২ সালের শেষের দিকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলোতে তারল্যসংকট দেখা দেয়। ফলে তাঁর নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংককে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দিতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। তবে বিশেষ ব্যবস্থায় ধার করা সেই টাকাও নামে-বেনামে ব্যাংক থেকে তুলে নিয়ে যায় এস আলম গ্রæপ। এখন এসব ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা।তবে সরকার বদলের পর পর্ষদ বদল ও ধারের সুবিধা বন্ধ করে দেয়ায় সংকটে পড়ে এই ব্যাংকগুলো।
এসব ব্যাংকের কিছু শাখায় ভাঙচুর ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার ঘটনার পর কেন্দ্রীয় ব্যাংক তাদের গ্যারান্টির বিপরীতে সবল ব্যাংকগুলো থেকে টাকা ধার দেওয়ার ব্যবস্থা চালু করে। পাশাপাশি কোন ব্যাংক কত টাকা ধার দিতে পারবে, তার সীমাও নির্দিষ্ট করে দেয়। এর আওতায় সংকটে পড়া ৭ ব্যাংক এখন পর্যন্ত ৬ হাজার ৫৮৫ কোটি টাকা ধার পেয়েছে। এর মধ্যে দুটি ব্যাংকের (ইসলামী ব্যাংক ও আল-আরাফাহ্) নগদ টাকার সংকট কেটে গেলেও অন্যদের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে একসময়ে ব্যাংকগুলো লুট করতে সহায়তা করেছিল। এখন তারল্য মেটাতে একটি জটিল পদ্ধতি চালু করা হয়েছে। তাতে চাহিদামতো টাকা পাচ্ছে না ব্যাংকগুলো, ফলে আস্থাহীনতা তৈরি হয়েছে। কারণ, একজন টাকা না পেলে অন্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাংক টিকে থাকে আস্থার ওপর। ব্যাংকের যেসব আমানতকারী টাকা তুলে নিতে চান, তাদের কাউকে টাকা দিতে না পারলে অন্যরা টাকা তুলে ফেলতে চাইবেন, এটাই স্বাভাবিক। এই কারণে কিছু কিছু ব্যাংক থেকে টাকা উত্তোলনের চাপ বেড়ে গেছে।বাংলাদেশ ব্যাংকের জন্য চ্যালেঞ্জ হলো খেলাপি ঋণ কমানো, আওয়ামী লীগ সরকারের আমলে যা বাড়তে বাড়তে ২ লাখ ১১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায় (গত জুনের হিসাব)।
আওয়ামী লীগ সরকারের সময়ে অর্থনীতির যেসব খাত সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে, ব্যাংক তাদের মধ্যে অন্যতম। এ জন্য ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সংস্কারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায় ব্যাংক খাত। ব্যাংক খাত সংস্কারে একটি টাস্কফোর্স গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। অনিয়মের শিকার ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত মান বের করবে এই টাস্কফোর্স। ইসলামী ব্যাংকসহ পাঁচটি ব্যাংকে ফরেনসিক নিরীক্ষা করা হবে, যা শুরু হচ্ছে আগামী মাসেই। ব্যাংক খাত সংস্কারের লক্ষ্যে একটি পৃথক আইন তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। দুর্বল ব্যাংকগুলোর সম্পদের মান বের করার পর এই আইনের অধীনে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এদিকে বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তসংস্থা টাস্কফোর্স পুনর্গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, দুবাই ও কানাডা থেকে পাচারের অর্থ উদ্ধারে আন্তর্জাতিক আইনি অথবা অর্থ উদ্ধারে সহায়তাকারী প্রতিষ্ঠান নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই সময়ে গভর্নরকে একজন অর্থনীতিবিদের চেয়ে সংকট থেকে উত্তরণের ব্যবস্থাপক (ক্রাইসিস ম্যানেজার) হিসেবে বেশি ভ‚মিকা রাখতে হবে। এই যাত্রায় তাঁকে সহায়তা দেওয়ার মতো পাশে কেউ নেই। কারণ, কেন্দ্রীয় ব্যাংকের অনেকেই আগের অনিয়মের সুবিধাভোগী ছিলেন, আবার কেউ কেউ গা এড়িয়ে চলতে চান। ফলে নানা উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত সেগুলো কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম তিন মাসে প্রায় ৩০০ কোটি টাকার শুল্ক-কর ফাঁকি উদ্ঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এ ছাড়া ছোট-বড় সব ধরনের করদাতার কর ফাঁকির তদন্তকাজও করছে সংস্থাটি। আবার এনবিআরের আয়কর, মূল্য সংযোজন কর (মূসক) ও শুল্ক বিভাগের সংস্কা-রপ্রক্রিয়াও চলমান আছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিজেদের ৯০ দিনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করে প্রতিবেদন পাঠিয়েছে। পাশাপাশি রাজস্ব খাতে কী ধরনের সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত করা হচ্ছে, তা-ও জানানো হয়েছে এই প্রতিবেদনে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এনবিআরের কাছে ৯০ দিনের কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম হাতে নেয়। রাজস্ব খাতেও সংস্কার শুরু হয়েছে। শুল্ক, ভ্যাট ও আয়কর-তিনটি আইন পর্যালোচনা করার জন্য আলাদা আলাদা কমিটিও গঠন করা হয়েছে। রাজস্ব খাতের সংস্কার জরুরি হয়ে গেছে। অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায় বাড়াতেই হবে। এতে ঋণ গ্রহণের প্রবণতা কমলে অর্থনীতির ওপর চাপ কমবে। করদাতারা যাতে সহজে ও হয়রানিমুক্তভাবে কর দিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। গত তিন মাসে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগ ২৮৬ কোটি টাকার কর ফাঁকির ঘটনা খুঁজে পেয়েছে। সবচেয়ে বেশি কর ফাঁকির তথ্য পেয়েছে ভ্যাট বিভাগ। এই খাতে সব মিলিয়ে ১৬৭ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য মিলেছে। এ জন্য ১০৩টি ভ্যাট ফাঁকির মামলা হয়েছে।
উচ্চ মূল্যস্ফীতি বর্তমান সরকারের অন্যতম চ্যালেঞ্জ। বাজারে নিত্যপণ্যের দাম যাতে স্থিতিশীল থাকে, সে জন্য চাল, চিনি, পেঁয়াজ, ডিম ও ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ পর্যায়ে আমদানি শুল্ক, ভ্যাট, নিয়ন্ত্রণমূলক শুল্ক, অগ্রিম আয়কর কমানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শুল্ক স্টেশনে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য পড়ে ছিল। সেগুলোর দ্রুত খালাসের ব্যবস্থা করা হয়েছে। এতে ১৬০ কোটি টাকার শুল্ক-কর আদায় করা হয়েছে।
এ ছাড়া গত তিন মাসে প্রায় ৩৫ কেজি সোনা আটক করা হয়েছে। বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, মোবাইল ফোন, সিগারেট ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৫৩ কোটি টাকার ব্যান্ডরোল ও স্ট্যাম্প জব্দ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর অনলাইনে বার্ষিক আয়কর বিবরণী জমার ব্যবস্থা চালু করেছে এনবিআর। ওই সেবা চালুর পর এই পর্যন্ত দুই লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। এনবিআর। আগামী মার্চের মধ্যে শুল্ক বিভাগের ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার লক্ষ্যও নির্ধারণ করেছে সংস্থাটি। মাঠপর্যায়ে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি রাজস্ব আদায়ের পদ্ধতি ও বিধিবিধান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে জড়িত করদাতা ও কর কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।এসব ব্যবস্থার ফলে রাজস্ব প্রশাসনে গতি আসতে শুরু করেছে।
স্বৈরশাসক শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসন আমলে দেশের অনেক প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দেশে নিয়মনীতির বাইরে অনেক কিছুই হয়েছে। বিক্ষিপ্তভাবে সংস্কার না করে ব্যাংক খাতের কাঠামোগত সংস্কার করতে হবে। এ জন্য সর্বোচ্চ পর্যায় থেকে দৃঢ় রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। দেশে স্বজনতোষী পুঁজিবাদের মাধ্যমে অভিজাত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণের জন্য ব্যাংকগুলোকে ব্যবহার করছে। ব্যাংকে অনেক শেয়ারহোল্ডার থাকলেও নিয়ন্ত্রণ করেছে একজনই। একজনের প্রভাবের কারণে ব্যাংকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অলিগার্করা (ধনী প্রভাবশালী গোষ্ঠী) সব জায়গা নিয়ন্ত্রণ করছে। পুরো আর্থিক খাত ক্যানসারে আক্রান্ত হয়ে গেছে। ব্যাংকিং খাত সংক্রামক রোগে আক্রান্ত। ব্যবসায়ী, ব্যাংকের কিছু কর্মকর্তা ও সরকারের প্রভাবশালীরা মিলে জোট করে লুটপাট চালিয়েছে। এসব বিষয়ে খোলাখুলি আলোচনা না করলে প্রকৃত সমাধান হবে না। ব্যাংক খাতকে ঠিক করতে রাজনৈতিক সদিচ্ছা লাগবে।
অর্থনীতি বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য থাকা দরকার। এর মধ্যে রাজনীতি খোঁজা উচিত নয়।শুরু হয়েছে নতুন সরকারের অভিযাত্রা। সামনে আছে অনেক চ্যালেঞ্জ। এখন অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে ব্যাংক খাত সংস্কার জরুার হয়ে উঠেছে। অর্থনীতিতে নতুন সরকারের নানা চ্যালেঞ্জ আছে। এগুলোকে সরকার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছে কি না, তা বড় বিষয়। সরকার শক্ত হাতে এসব বিষয়ে পদক্ষেপ নিচ্ছে কি না, অর্থনীতিতে স্বস্তি ফেরানোর বিষয়টি তার ওপর নির্ভর করবে। দেশের সড়কে নামলে বোঝা যায়, আইনের শাসন কতটা কাজ করে। দেশের মানুষের নৈতিক মানের অবক্ষয় হয়েছে, মূল্যবোধও কমে গেছে। এমন পরিস্থিতিতে দেশের সমস্যাগুলো নিয়ে কারও বোধোদয় হবে কি না, সেটাই বড় বিষয়। স্বৈরশাসক শেখ হাসিনার টানা ১৬ বছরের স্বৈরাচারী শাসন আমলের লুটপাটে বিপর্যস্ত অর্থনীতিতে স্বস্তি ও শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ সফল হতেই হবে।
লেখক: অবসরপ্রাপ্ত ব্যাংকার ও কলামিস্ট

