শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল সরকার। এ বছর জুনে সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপরই শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। সম্পূর্ণ শান্তিপূর্ণ এই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ।
২০১৮ সালের আন্দোলনে হাতুড়ি দিয়ে পিটিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীর হাড় ভেঙে দেয়ার ঘটনাও ঘটেছিল। এবারও তৎকালীন সরকারদলীয় এই ছাত্রসংগঠনটি আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা এবং নির্যাতন শুরু করে। যার ফলশ্রুতিতে আন্দোলন আরও বেগবান হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। আবু সাইদের মৃত্যু সারাদেশের ছাত্র-জনতার আন্দোলনের গতিপথ বদলে দেয়। সরকার আন্দোলন দমনের ঘৃণ্যতম পথগুলো বেছে নিয়েও টিকতে পারেনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে ৫ আগস্ট সরকারের পতন ঘটে এবং তৎকালীন সরকার প্রধান দেশ ত্যাগ করে। এর কয়েকদিনের মধ্যেই নোবেল জয়ী প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
১৯৭১ সালে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পর এদেশের মানুষ ভেবেছিল শত বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে দেশ এগিয়ে যাবে, দারিদ্র্য দূর হবে, মানুষ শান্তিতে থাকবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সীমাহীন দুর্নীতি, বারবার সেনা বিদ্রোহ এবং ৯ বছরেরও বেশি সময় ধরে সামরিক শাসনের পদাঘাতে চূর্ণ-বিচূর্ণ হয়েছে স্বাধীন দেশের মানুষের স্বপ্নগুলো। ১৯৯০ সালে স্বৈরাচারের পতনের পর এদেশের মানুষ আবারো স্বপ্ন দেখে নতুন বাংলাদেশ গড়ার। কিন্তু বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলোর দ্বারা বারবার প্রতারিত হয়েছে। বাংলায় প্রবাদ আছে, ‘যে লঙ্কায় আসে, সে-ই হয় রাবণ’।
একইভাবে ১৯৯০ সালের পর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, তারা অধিকাংশ সময় জনগণের থেকে নিজেদের কথা বেশি ভেবেছেন। কিন্তু বাংলার মানুষ বারবার স্বৈরাচারকে ধ্বংস করেছে। যার সর্বশেষ প্রমাণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিগত সরকারের পতন। ১৯৭১ ও ১৯৯০ সালের পর দেশের সকল সেক্টরে নতুন করে কাজ করার দারুণ সুযোগ রয়েছে আমাদের। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র পঙ্গু করে দেয়া হয়েছিল। সেই ফ্যাসিবাদী ব্যবস্থাকে ধ্বংস করা না হলে ভবিষ্যতে খুব সহজেই নতুন ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদী শক্তি তৈরি হবে।
আমরা ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত অসাম্প্রদায়িক দেশ চাই। যেখানে সকল নাগরিকের সামাজিক নিরাপত্তা থাকবে। জাতি-ধর্মের ভেদাভেদ থাকবে না, মানুষের বাক-স্বাধীনতা থাকবে। শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে। কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে রাষ্ট্র হবে সাম্প্রদায়িকতা মুক্ত, পাহাড়ের মানুষের অধিকার খর্ব হবে না। ধর্ম বা বর্ণের কারণে কাউকে অবহেলা করা হবে না।
সাংবাদিকদের স্বাধীনভাবে সত্য প্রকাশের স্বাধীনতা থাকবে। অনেক সময় আমরা দেখেছি, সংবাদ সংগ্রহ করতে গিয়ে বা সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। যার প্রমাণ সাগর-রুনী হত্যাকাণ্ড এবং সেই ঘটনার তদন্ত প্রতিবেদন জমার তারিখ শতাধিক বার পেছানো। যদিও এই সরকার ইতোমধ্যে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সকল ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে।
বিচার বিভাগকে সংস্কার করতে হবে। ভবিষ্যতে যাতে কোনো সরকার বিচার বিভাগের শাসনভার নিতে না পারে সেজন্য কিছু নিয়ম তৈরি করা উচিত। বর্তমান অন্তর্বর্তী সরকার সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত না হলেও এর জনসমর্থন রয়েছে। সংবিধান সংস্কারের জন্য নতুন কমিটি হয়েছে। তাদের কাছে প্রত্যাশা থাকবে সংবিধানে যেনো জনগণের আশা আকাক্সক্ষা পূর্ণ প্রতিফলন থাকে।
আমরা এমন পুলিশ প্রশাসন চাই যারা জনগণের বন্ধু হবে। যদিও ব্রিটিশ আমলে পুলিশের সৃষ্টি হয়েছিল এদেশের নিরীহ মানুষকে দমিয়ে রাখার জন্য। ব্রিটিশ আমলের আইন পরিবর্তন করে নতুন আইন প্রণয়ন করতে হবে। পুলিশ প্রশাসনকে সংস্কার করা উচিত যাতে এটি ভবিষ্যতে কোনো সরকারের লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয় এবং নৈতিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে।
টাকা পাচার বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা চাই দেশের এক টাকাও বিদেশে পাচার না হোক। প্রতিটি সরকারের আমলেই দেশ থেকে টাকা পাচার হয়েছে। বিগত সরকার এ ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে। ফ্যাসিবাদী ব্যবস্থা দেশের অর্থনীতির বিকাশ ধ্বংস করে দিয়েছে, ব্যাংক ভেঙে পড়েছে, মুদ্রাস্ফীতি বেড়েছে। বিগত সরকারের সময় মেগা প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। বৈদেশিক ঋণের পরিমাণ আকাশচুম্বী। বর্তমান সরকারের উচিত পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যবস্থা করা।
বিভিন্ন সময়ে ধর্মীয় প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও সংখ্যালঘুদের বাড়িতে হামলা হয়েছে। বিশেষ করে যেকোনো নির্বাচনের পর। জমি দখল এর অন্যতম কারণ। এখন পর্যন্ত, বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয়নি। এসব কারণে অপরাধীরা বেশি উৎসাহিত হয়। এ পর্যন্ত যত সাম্প্রদায়িক হামলা হয়েছে তার বিচার করতে হবে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের অধিকার নিশ্চিত করতে একটি সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। যদিও এর মধ্যেই সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠার জন্য গঠিত জোটের মুখপাত্রকে রাষ্ট্রদ্রোহীতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরা হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে।
৫ আগস্ট পূর্ববর্তী সরকারের পতনের পর দেশের বিভিন্ন জায়গায় হওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনায় যতোটা তৎপরতা এবং গুরুত্ব দেখানো উচিত ছিল কর্তৃপক্ষের সেটা না দেখিয়ে তাদেরই অধিকারের জন্য আন্দোলন করা ব্যক্তিকে গ্রেপ্তার করায় তাদের আশাভঙ্গ হয়েছে। এর ফলে দেশে-বিদেশে সুযোগ সন্ধানী গোষ্ঠী অপপ্রচারের সুযোগ পাচ্ছে। ইতোমধ্যে ফরহাদ মজহার-সহ অনেকেই এ বিষয়ে সরব হয়েছেন এবং চিš§য় কৃষ্ণের মুক্তি দাবি করেছেন। ফরহাদ মজহার প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়েও এই দাবি করেছেন। অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্যের জন্য বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় দল ও সংগঠনের সাথে মতবিনিময় করছেন। তবে বর্তমানে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীর সবচেয়ে বড় অংশের প্রতিনিধিকে গ্রেপ্তার করে কারাগারে রেখে তাদের সাথে কীভাবে ন্যায় বিচার করবেন এবং কীভাবে এই ঐক্যে তাদের সামিল করবেন এই প্রশ্ন থেকেই যায়।
আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় ও গণমাধ্যমে দেখতে পাই, বিগত সরকারের পতনের পর অনেক এলাকায় চাঁদাবাজি, এলাকা দখলের মতো ঘটনা ঘটেছে। ফলস্বরূপ, আগে যে সমস্যা ছিল তা এখনও রয়েছে। বাজার দখলকে কেন্দ্র করে অনেক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটছে। অন্তর্বর্তী সরকারের উচিত যারা এই কাজ করছে তাদের চিহ্নিত করে তাদের পরিচয় জনগণের সামনে আনা এবং তাদের আইনের আওতায় আনা। তারা যাতে কোনোভাবেই জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে সেই ব্যবস্থা নেয়া। আমরা এমন বিশ্ববিদ্যালয় চাই যেখানে শিক্ষার সঠিক পরিবেশ এবং আধুনিক শিক্ষাপদ্ধতি থাকবে। যেখানে থাকবে না কোনো ক্যাডার বাহিনীর সন্ত্রাস। যেখানে গবেষণার সীমাহীন সুযোগ থাকবে। শিক্ষক নিজে গবেষণা করবেন এবং তার শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবেন। বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দুর্নীতিমুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে সব ধরনের দলীয় রাজনীতি থেকে মুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তা না হলে কতিপয় শিক্ষক-শিক্ষার্থী কী করতে পারেন তার উদাহরণ আমরা বারংবার দেখেছি।
১৯৪৭ সালে ধর্মের ভিত্ততে দেশ ভাগ হলেও, ৭১ এ এসে পাকিস্তানের সাথে থাকতে চায়নি বাঙালিরা? নতুন দেশ গড়তে জীবন দিয়েছিলেন ত্রিশ লাখ মানুষ এবং সম্ভ্রম হারিয়েছিলেন ২ লাখ মা-বোন। মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান। বিগত সময়ে অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে এবং সুযোগ সুবিধা ভোগ করেছে। তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেয়া উচিত। কিন্তু কোনো ভাবেই যেনো সঠিক মুক্তিযোদ্ধাদের অসম্মান করা না হয়। সংবাদমাধ্যমে এর মধ্যেই বেশ কিছু ঘটনা এসেছে। সেগুলোর পুনরাবৃত্তি যেনো না হয় সেই বিষয়ে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সর্বোপরি আমরা এমন বাংলাদেশ চাই যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ শান্তিতে বসবাস করবে। সন্ত্রাস, দুর্নীতি থাকবে না। সামাজিক নিরাপত্তা থাকবে। নারীদের সম্মান থাকবে। রাষ্ট্রে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/আরএইচটি

