আমরা কত কিছু নিয়ে ব্যস্ত। বর্তমান যুগে নিজেকে আধুনিক প্রমাণ করতে ব্যস্ত। আন্দোলনের কর্মসূচি দিয়ে প্রতিবাদ করতে ব্যস্ত। হরেক রকমের উৎসব নিয়ে ব্যস্ত। ব্যস্ত বর্তমান সমাজে তাল মিলিয়ে চলতে। কিন্তু এই ব্যস্ততার মধ্যে অতিসাধারণ মানুষের যন্ত্রণার কথা বেমালুম ভুলে যাচ্ছি। যন্ত্রণা তো অনেক রকম আছে এর মধ্যে সবার আগে উঠে আসে মধ্যবিত্ত মানুষের আহাকার।
মধ্যবিত্ত হলো সমাজের একটি অর্থনৈতিক শ্রেণি, যারা ধন-সম্পত্তি বা আয়ের দিক থেকে উচ্চবিত্তদের তুলনায় কম, তবে তারা গরিব বা দুস্থ ও নয়। সাধারণত মধ্যবিত্তরা এক ধরণের স্থিতিশীল আর্থিক অবস্থানে থাকে, তার মধ্যম মানের জীবনযাপন করে এবং প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণের জন্য ব্যয় করতে পারে, কিন্তু তাদের বিলাসিতা বা অতিরিক্ত সম্পদ নেই। সাধারণত উচ্চবিত্ত ও নিন্মবিত্তের মাঝে মধ্যবিত্তদের অবস্থান। মধ্যবিত্তের জীবন মানে হিসাব করে বেঁচে থাকা। জীবন কিংবা জীবিকা তাদের চলার পথে নিত্য-সঙ্গী অঙ্ক কষে তার একটি চিত্র দাঁড় করানো। জীবনভর জাঁতাকলে পিষ্ট মানুষই মধ্যবিত্ত। অর্থনৈতিক অবনতির কারণে মধ্যবিত্ত আজ বড় অসহায়। তারা না ট্রাকের চাল নেয়ায় লাইনে দাঁড়াতে পারে, না ঋণ করে খেয়ে শোধ করতে পারে। আবার সরকারি সুযোগ ভোগ করতেও মধ্যবিত্তদের সম্মানে বাধে। এ অবস্থা তুলে ধরছে এক অস্থির সামাজিক বাস্তবতা।
শিক্ষার মান কমে যাওয়া এবং জনতুষ্টিমূলক ব্যবস্থা নেয়ার কারণে মধ্যবিত্তের বুদ্ধিবৃত্তিক জায়গাটা খর্ব হয়েছে। এখনকার পেশাজীবি, মধ্যবিত্তের পুঁজি হলো আর্থিক, বুদ্ধিবৃত্তিক নয়। আমাদের দেশে সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক আয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে কম, পৃথিবীর অন্যতম কম। গত ১০-১৫ বছরে চাহিদার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। যেমন মোবাইল ল্যাপটপ একটার সময় বিলাসিতা ধরা হতো। এখন তা নিত্যপ্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এসব চাহিদার সঙ্গে আছে গণপরিবহনের খরচ বৃদ্ধি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আঁকাশছোয়া দাম। পেট্রোল-গ্যাস-ডিজেলের মূল্যবৃদ্ধি অস্বাভাবিক নয়, তবে এগুলোর মজুত দিন দিন কমছে। চাল, ডাল, তেল, নুন তো দেশে উৎপাদন হচ্ছে, আমদানিও হচ্ছে আবার। কিন্তু খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণে নেই কেন? দিন এনে দিন খাওয়া মানুষগুলোর খবর কি কেউ রাখছে। বর্তমান বাজারে ৫০-৬০ টাকার নিচে এক কেজি আলু কিনতে গুনতে হয় ৮০-১০০ টাকা।
বাজারে কোনো সবজি ৫০ টাকার নিচে নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য দিন দিন বাড়ছে। সবকিছু প্রয়োজনের তুলনায় কম করে বাজার করা যায় কিন্তু সংসারে চাল, আটা, ডাল, নুন, তেল কম কীভাবে নেয়া যায়? ঔষধের দাম বাদ দিলাম। দুমুঠো ভাতের জন্য আজ হাহাকার। মধ্যবিত্তদের একটা বড় অংশ থাকে ভাড়া বাড়িতে।। বাড়িভাড়া বেড়েছে ব্যাপকহারে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা ও চিকিৎসা খরচ। সন্তানদের লেখাপড়ার খরচ, বৃদ্ধ মা-বাবার চিকিৎসা খরচ কুলাতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারের কর্তা। এ জন্য সুযোগ থাকলে মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী ‘দুজনকেই শ্রমে যোগ দিতে দেখা যায়। তবুও দুজনে কাজ করেও কুলানোটা কষ্টকর হয়ে যায়। বেসরকারি প্রতিষ্ঠানে বা মিডিয়ায় কাজ করাদের জন্য কর্মঘন্টার কোনো শেষ নেই । তাদের মূল কাজের বাইরে একটা বাড়তি আয়ের চিন্তা করতে হয়। তবে মধ্যবিত্ত পরিবারের মানুষের যে কি সমস্যা তা বলে বোঝানো যায় না। তারা না ট্রাকের চাল নেয়ার লাইনে দাঁড়াতে পারে, না ঋণ নিয়ে শোধ করতে পারে। আবার সরকারি সুযোগ ভোগ করতেও মধ্যবিত্তদের সম্মানে বাধে। এক কথায় পেটে খিদে মুখে লাজ।
বর্তমান প্রেক্ষাপটে মধ্যবিত্তরা আজ বড় অসহায়। অর্থনৈতিক অবনতিতে সবচেয়ে ক্লিষ্ট হয় তারা। সরকারের উচিত মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানো, কাঁচা-বাজারসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানো। মধ্যবিত্ত পরিবারের সমস্যাগুলো যেহেতু বাস্তবসম্মত ও সরাসরি জীবনের সঙ্গে সম্পর্কিত, তাই একে একে সমস্যা চিহ্নিত করে এবং ধাপে ধাপে সমাধান করা সম্ভব। তবে গুরুত্বপূর্ণ হলো যে কোনো সমস্যার মোকাবিলায় ইতিবাচক মনোভাব ও পরিবারের একে অপরের সহযোগিতা অপরিহার্য।
লেখক: শিক্ষার্থী

