গ্রীষ্মকালীন প্রশিক্ষণের নাম শুনেছেন? আমি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণের কথা বলছি। সেনাবাহিনীর বার্ষিক নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে সাধারণত ফিল্ড ইউনিটগুলো ১-২ সপ্তাহের জন্য গ্রীষ্মের ক্লান্তিকর গরমে কিংবা নির্দয় কালবৈশাখী ঝড়ের মধ্যে গ্রামবাংলার বিভিন্ন জঙ্গল, মাঠ-ঘাট বা প্রত্যন্ত অঞ্চলে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। অনেকটা সংঘবদ্ধ গেরিলা কৌশলের মতো, যেখানে মূলত রেইড, অ্যামবুশ, হাইডআউট এবং LRP (লং রেঞ্জ প্যাট্রোল)-এর প্রশিক্ষণ দেওয়া হয়।
সময়ের ব্যাপ্তি খুব বেশি নয়, ৭-১২ দিনের মতো। কিন্তু বাস্তবতা হলো, শারীরিক পরিশ্রমের তুলনায় এই সাত দিনের প্রশিক্ষণ শীতকালীন এক মাসের প্রশিক্ষণের চেয়েও যথেষ্ট তীব্র ও কষ্টকর। অবশ্য এই প্রশিক্ষণ নিয়ে সেনাসদস্যদের মধ্যে একটি কৌতুক প্রচলিত আছে। কৌতুকটি এমন—নিশ্চয়ই আবহাওয়া অফিসের সঙ্গে যোগাযোগ করেই প্রশিক্ষণের তারিখ নির্ধারণ করা হয়! যখন সবচেয়ে বেশি অসহনীয় গরম অথবা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা থাকে, সেই সময়ের কথা বিবেচনা করেই সেনাসদর এক-দেড় মাস আগে প্রশিক্ষণের তারিখ নির্ধারণ করে। যুগের পর যুগ আবহাওয়া অফিসের অনেক পূর্বাভাস ঠিকঠাক না মিললেও এই পূর্বাভাসে তারা নির্ভুল, কখনো ভুল হয় না। কেন জানি এই সাত-দশ দিন অসহ্য গরম পড়বেই, অথবা অঝোর বৃষ্টি হতে থাকবে, সঙ্গে ঝড় ও বজ্রপাত।
যা হোক, এমনই একটি প্রশিক্ষণের অংশ হিসেবে ২০১৮ সালে টাঙ্গাইলের কালিহাতীর গ্রামাঞ্চলে মোতায়েন হওয়ার জন্য ২৪০ সদস্যের একটি ইউনিট নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম।
প্রেক্ষাপট বোঝানোর সুবিধার্থে বলে রাখা ভালো, আমি প্রথম দিকের নারী কর্মকর্তাদের একজন, যাঁদের মেজর পদবিতে একটি স্বতন্ত্র ইউনিটের (ইন্ডিপেনডেন্ট ইউনিট) কমান্ড দেওয়া হয়েছিল। যেহেতু কমান্ডের দায়িত্বে একেবারেই নতুন, আর অধিনায়ক হিসেবে এটি ছিল আমার প্রথম বড় ধরনের প্রশিক্ষণ, তাই কিছুটা চাপ তো ছিলই। খুব ভালো করেই জানতাম, ফিল্ড বা আর্মি ইন্টেলিজেন্স ইউনিটের বাড়তি নজরদারিতে থাকতে হবে। ইউনিটের সবাইকে ঠিকমতো প্রশিক্ষণ দিতে পারছি কি না, নিজে যথাযথভাবে দায়িত্ব পালন করছি কি না, কোনো বাড়তি সুবিধা নিচ্ছি কি না, নীতিমালায় যা লেখা আছে, তার বাইরে কিছু করছি কি না—এসব চিন্তা মাথায় রেখে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছিল।
চিন্তা করতে হচ্ছিল পরবর্তী প্রজন্মের মেয়েদের নিয়েও। এমন কিছু যেন না করি, যার কারণে ভবিষ্যতে নারী কর্মকর্তাদের অধিনায়ক হিসেবে পদায়নের ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হয়। প্রস্তুতি শুধু ইউনিটেই নয়, বাসায়ও নিতে হয়।
বাসায় ছোট বাচ্চা, আর স্বামীর পোস্টিং অন্য কোথাও। তাই এই ৭-১০ দিনের জন্য বাচ্চার স্কুল, খাওয়া-দাওয়া ও দেখাশোনার ব্যবস্থা করার প্রস্তুতিও চলছিল একই সঙ্গে। নির্দিষ্ট দিনে বাসায় চার বছরের ছোট্ট ছেলেকে তার নানির কাছে রেখে ভোর পাঁচটার মধ্যে যাত্রা শুরু করলাম।
সকালবেলা চারদিক শান্ত, কিন্তু এগিয়ে যাচ্ছে আমার ইউনিটের চেয়ে বড়-ছোট প্রায় অর্ধশত ইউনিট। একেকজনের গন্তব্য একেক দিকে। পুরো ডিভিশনের সবাই যাচ্ছে যার যার গন্তব্যে। প্রশিক্ষণের উদ্দেশ্য হলো, ডিভিশনের এলাকায় (মূলত জঙ্গলে) ছড়িয়ে পড়া এবং নিজেদের এলাকা সম্পর্কে ভালোভাবে জানা।
যাওয়ার পথ কম নয়। পুরো দল নিয়ে হেঁটে হেঁটে হাইডআউটে পৌঁছাতে সময় লাগবে ৪-৬ ঘণ্টা। এরপর সেখানে গিয়ে তাঁবু টানানো, পানির ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, অস্ত্র পরিষ্কার এবং অবস্থানস্থলের নিরাপত্তা নিশ্চিত করা—এসব প্রাথমিক কাজ সারতেই সন্ধ্যা হয়ে যাবে। রাত থেকেই শুরু হবে কোনো না কোনো অ্যাসাইনমেন্ট, কখনো রেইড বা অ্যামবুশের রেকি, আবার কখনো ঊর্ধ্বতন কর্মকর্তার পরিদর্শন।

দিনের শুরু ভোর চারটায়, শেষ কখন হবে তার কোনো ঠিক নেই। সব ঠিকঠাক থাকলে রাত এগারোটা বা বারোটা। এরপর সবকিছু পরীক্ষা করে ঘুমাতে ঘুমাতে রাত একটা-দেড়টা। আবার পরের দিনের শুরু ভোরের সূর্য ওঠার আগেই। এসব হিসাব-নিকাশ করতে করতেই এগিয়ে যাচ্ছি।
ইউনিটের সামনে থাকে স্কাউট, এরপর অধিনায়ক ও তাঁর অর্ডার গ্রুপ। তাঁদের অনুসরণ করে পুরো ইউনিট। অধিনায়ক হিসেবে আমি সামনে, আর ইউনিটের একেবারে সামনের সারিতে রেখেছি নতুন যোগদান করা ১৩ জন নারী সৈনিককে। তখন সেনাবাহিনীতে নারী সৈনিকদের চাকরির বয়স সর্বোচ্চ চার বছর। চার হোক বা ষোলো বছর, দেশের মানুষের চোখে সেনাবাহিনীর পোশাক পরা যেকোনো নারীকে কেমন যেন অদ্ভুত লাগে।
গ্রামেগঞ্জে বা শহরেও নারী সেনাসদস্যদের সহজে দেখা যায় না। তাই সেনাবাহিনীর পোশাক পরা কোনো মেয়েকে দেখলে মানুষের আগ্রহটা অন্য মাত্রায় বেড়ে যায়—অনেকটা জীবন্ত এলিয়েন দেখার মতো। বিষয়টি অস্বাভাবিকও নয়।
হাঁটছি, ভোরের আলো ফুটছে। মানুষজনের ঘুম ভাঙতে শুরু করেছে, আর বাড়তে শুরু করেছে রোদের তীব্রতা। মানুষজন অবাক হয়ে আমাদের দেখছে। অস্ত্র হাতে, পিঠে ও কোমরে ব্যাগ আর পানির বোতল ঝুলিয়ে, মুখে কালি মেখে, মাথায় হেলমেট পরে শত শত সেনাসদস্য হেঁটে যাচ্ছে।
হাঁটার পথে দেখি, একটি ছোট বাচ্চা দাঁত ব্রাশ করছে। বয়স হবে তিন কিংবা চার বছর—অনেকটা আমার ছেলের বয়সী। আমাকে দেখে চিৎকার করে বলছে, ‘মাইয়া মানুষ! মা, দেখো মাইয়া মানুষ!’ বেচারার তখনো বিস্ময়ের ঘোর কাটেনি। আমার পেছনে একের পর এক ইউনিফর্ম পরা নারীকে দেখে সে হতবাক হয়ে চিৎকার করেই যাচ্ছে, ‘মাইয়া মানুষ, মাইয়া মানুষ!’
তার মাথায় হাত বুলিয়ে দিতেই সে কী এক মন গলানো হাসি দিল, তা বলে বোঝানো যাবে না। পাশেই দাঁড়িয়ে ছিলেন তার মা। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কি মাইয়া মানুষ?’ আমি হেসে বললাম, ‘হ্যাঁ গো বাপ, আমি মাইয়া মানুষ।’ তখন তার মা অপ্রস্তুত হয়ে বললেন, ‘ছোট তো, আগে তো কখনো পোশাক পরা মহিলা দেখে নাই, তাই এমন করতেছে। আপনি কিছু মনে কইরেন না।’
এরপর আমি চললাম আমার পথে, আর তিনি তাকিয়ে রইলেন আমাদের চলে যাওয়ার দিকে।
যেতে যেতে ভাবতে থাকলাম কত কিছু। এই ছোট বাচ্চাটি, যার শব্দভান্ডারে হয়তো আছে খুব অল্প কিছু শব্দ, যে দুনিয়ার নিয়মকানুন কিছুই বোঝে না, তারপরও সে তার পারিপার্শ্বিক সমাজ থেকে এই শিক্ষা নিয়েছে যে মেয়েরা সব কাজ করতে পারে না।
ভাবলাম আমার নিজের ছেলের কথা। একই বয়সী আরেকটি বাচ্চা আগের রাতে আমাকে বিদায় দিয়ে আমার গলা জড়িয়ে ঘুমিয়ে গিয়েছে। একবার বলেছে, ‘ভালো করে যুদ্ধ করবে’, আরেকবার বলেছে, ‘যেয়ো না’, আবার বলেছে, ‘আমি তোমার সঙ্গে যাই।’ তারপর ঘুমিয়ে পড়েছে। হয়তো কষ্ট পেয়েছে, তারপরও মেনে নিয়েছে।
দুটি বাচ্চার চোখে নারীদের জীবনের কত রূপ! কারও কাছে নারী শক্তিশালী, কারও কাছে দুর্বল। একই দেশ, অথচ কত শত ভিন্ন জীবনমান, কত শত ভিন্ন চিন্তাভাবনা!
তবে আশার আলো দেখি। ২০১৮ সালের সেই চার বছরের ছেলেটি এখন নিশ্চয়ই বারো বছরের কিশোর। তার প্রথম বছরের ‘মাইয়া মানুষ’ বলে বিস্মিত হওয়ার অভিজ্ঞতা নিশ্চয়ই এত দিনে অনেকটাই কমে গেছে। সে হয়তো ভাবতে শুরু করেছে, মেয়েরাও দেশের পোশাক পরতে পারে, কাঁধে অস্ত্র নিয়ে হাঁটতে পারে, কিছু না কিছু তো করতে পারে।
অন্যদিকে, ২০১৮ সালে নেতৃত্বের ক্ষেত্রে যে চিন্তাভাবনার পরিবর্তনের সূচনা হয়েছিল, তা নিশ্চয়ই আরও বিস্তৃত হয়েছে। ২০১৯ সালে প্রথমবারের মতো নারীদের লেফটেন্যান্ট কর্নেল পদে পূর্ণাঙ্গ বড় ইউনিটের কমান্ড দেওয়া হয়েছে। ২০২৬ সালে প্রথম দীর্ঘমেয়াদি কোর্সের নারী কর্মকর্তারা কর্নেল পদে পদায়িত হয়েছেন।
হয়তো নতুন নতুন প্রতিটি পদেই নারীদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে এগিয়ে যেতে হবে। হোক না তাঁদের অভিজ্ঞতার বয়স ২৫ কিংবা ২৭ বছর, এতে দোষের কিছু নেই। কিন্তু এগিয়ে যাক আমাদের মেয়েরা, এগিয়ে যাক আমাদের পথপ্রদর্শক পুরুষেরা, এগিয়ে যাক সমাজ, এগিয়ে যাক দেশ।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ দেশের সব মানুষের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা। আর সেনাবাহিনীর সব সদস্যের প্রতি রইল সম্মান ও শ্রদ্ধা।
লেখক: লেফটেন্যান্ট কর্নেল (অব.), পিএসসি, ইএমই।
(লেখাটি একান্তই লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত। এর সাথে মানবকণ্ঠের দায়বদ্ধতা নেই)




