২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্যের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী সব সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিভিন্ন জাতীয় সংকট ও ঐতিহাসিক সন্ধিক্ষণে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টও জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সেই ঐতিহাসিক ধারার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।
আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও জাতীয় ঐক্যের প্রতীক ছিল, আছে এবং থাকবে। দেশের সাংবিধানিক ধারাবাহিকতা, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে সেনাবাহিনী তার ঐতিহ্য, পেশাদারিত্ব ও গৌরবময় ভূমিকা অব্যাহত রাখবে—এটাই জাতির প্রত্যাশা।
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর স্বার্থরক্ষার প্রতিষ্ঠান নয়। জনগণের অর্থে পরিচালিত এই বাহিনী জনগণেরই বাহিনী; এর সর্বোচ্চ আনুগত্য দেশ, জনগণ এবং রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্বের প্রতি। অতীতের ভুল, বিচ্যুতি ও বিতর্ক থেকে শিক্ষা নিয়ে কোনো সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ কিংবা ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডার অংশ না হয়ে সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের আশা-আকাঙ্ক্ষা, জাতীয় স্বার্থ ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেবে—এ প্রত্যাশা আমার দৃঢ়।
কুচক্রী মহলের মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা অতিক্রম করে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষায় সেনাবাহিনী তার গৌরবময় ঐতিহ্যের প্রতি বিশ্বস্ত থাকবে বলে আমি বিশ্বাস করি। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা—ন্যায়বিচার, স্বাধীনতা, অধিকার, মর্যাদা ও বৈষম্যহীনতা—রাষ্ট্র ও সমাজের প্রতিটি প্রতিষ্ঠানের পথচলার প্রেরণা হয়ে থাকুক।
মহান আল্লাহ আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে সত্য, ন্যায় ও দেশপ্রেমের পথে পরিচালিত করুন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং আধিপত্যবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র ও আগ্রাসী তৎপরতা মোকাবিলায় তাঁদের যথাযথ ভূমিকা পালনের তৌফিক দান করুন।
সশস্ত্র বাহিনী দিবসে সকল সদস্যের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা ও দোয়া।
লেখক: লেফটেন্যান্ট জেনারেল (অব.)।




