নেতৃত্বের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, বিস্ময়করভাবে অর্থসম্পদ গড়ে তোলা এবং ‘জুলাই অভ্যুত্থানের’ অবদান কুক্ষিগত করার অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন আরিফুল ইসলাম তালুকদার। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ২৮ নভেম্বর তিনি দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে তিনি দলের নীতিনির্ধারকদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বা ‘স্পিরিট’ নষ্ট করার গুরুতর অভিযোগ তুলেছেন।
পদত্যাগপত্রে আরিফুল ইসলাম উল্লেখ করেন, ২০১৮ ও ২০২৪ সালের আন্দোলনে তিনি দেশপ্রেমিক তারুণ্যের শক্তিকে একত্রিত করে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু তারুণ্যের সেই ঐক্য দলের কিছু নেতার হীনমন্যতা ও অদূরদর্শী আচরণের কারণে আলোর মুখ দেখেনি।
পদত্যাগপত্রে আরিফুল ইসলাম অভিযোগ করেন, কেন্দ্রীয় নেতাদের একটি অংশ বিস্ময়কর রকম অর্থসম্পদের মালিক হয়েছেন, যা সাধারণ জনগণ ও আন্দোলনের শরিকদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি বলেন, ‘জুলাইয়ের সম্পূর্ণ অবদান নিজেদের কাছে কুক্ষিগত করা হয়েছে, যার ফলে শরিকদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে।’
জুলাই বিপ্লবের পর রাষ্ট্র সংস্কারে ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘জুলাইয়ের আহতদের তালিকা তৈরিতে সীমাহীন অবিচার করা হয়েছে। সচিবালয়সহ রাষ্ট্রের ৯০ ভাগেরও বেশি ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদী আমলা বহাল রয়েছে। গণহত্যার বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এমনকি মাফিয়া সরকারের রেখে যাওয়া রাষ্ট্রপতির অধীনেই সবকিছু পরিচালিত হচ্ছে।’
তিনি আরও অভিযোগ করেন, যে আমলারা বিগত তিনটি বিতর্কিত নির্বাচন পরিচালনা করেছে, তাদের মাধ্যমেই আগামী নির্বাচনের প্রস্তুতি চলছে। এসব অনিয়ম ও দুর্নীতির দায়ভার দলের একজন সংগঠক হিসেবে তাকেও নিতে হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ গঠন নিয়েও তিনি দলের নেতৃত্বের সমালোচনা করেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘উপদেষ্টা পরিষদ গঠনের দায়িত্ব আপনাদের হাতেই ছিল, কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন। আপনাদের পছন্দসই উপদেষ্টা পরিষদ বিগত দেড় বছরে ব্যর্থতা ও অনৈক্য ছাড়া দেশকে তেমন কিছুই উপহার দিতে পারেনি।’
জাতীয় নাগরিক পার্টির বর্তমান অবস্থানের সমালোচনা করে আরিফুল ইসলাম বলেন, ‘দলটি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির বিষয়ে বিস্ময়কর রকম উদাসীন। বর্তমানে দলটি এমন একটি বলয় দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, যারা এদেশের মানুষের অনুভবকে ধারণ না করে বরং বিদ্বেষ লালন করে।’
পরিশেষে, জুলাই অভ্যুত্থানে নিজের আন্তর্জাতিক যোগাযোগের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জুলাইকে পণ্য মনে করি না, জুলাইকে অনুভব করি। কিন্তু এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) তারুণ্যের শক্তিকে একত্রিত করতে ব্যর্থ হয়ে গত ৫৪ বছরের গতানুগতিক ক্ষমতার রাজনীতির পথেই হাঁটছে।’
ভবিষ্যতে তারুণ্যের কাঙ্ক্ষিত রাজনীতি বা সম্ভাবনা জাগ্রত হলে পুনরায় রাজপথে দেখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

