নরসিংদী-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার অভিযোগ করেছেন, এলাকায় জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গোপন মিছিল ও প্রচারণা চালানো হচ্ছে। জোটের সিদ্ধান্ত এবং জামায়াতের আমিরের স্পষ্ট সমর্থনের পরেও এ ধরনের কর্মকাণ্ডকে তিনি ‘অদ্ভুত পরিস্থিতি’ বলে অভিহিত করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সারোয়ার তুষার এই ক্ষোভ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘একদল লোক জামায়াতে ইসলামীর নামে নরসিংদী-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। আজকে তারা মিছিলও বের করেছে। এদিকে জামায়াতের দায়িত্বশীলরা বলছেন তারা এসব ব্যাপারে অবগত নন। অথচ দাঁড়িপাল্লার পক্ষে এ ধরনের গোপন মিছিল ও প্রচারণা থেমে নেই। অদ্ভুত পরিস্থিতি!’
তুষার আরও উল্লেখ করেন যে, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমীর তাঁকে নরসিংদী-২ আসনের জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং তাঁর হাতে ‘শাপলা কলি’ প্রতীক তুলে দিয়েছেন। এর আগে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারও ব্যালটে ‘দাঁড়িপাল্লা’ না রাখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছিলেন।
তুষার তাঁর পোস্টে আরও লিখেন, ‘আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সংগঠন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক জোটের পক্ষে থাকবে। আল্লাহ উত্তম ফয়সালাকারী।’
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনী প্রচারণাকালে এক জামায়াতকর্মীর সঙ্গে সারোয়ার তুষারের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর

