শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’-এ ভূষিত করায় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে লক্ষ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টা ৫৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘হিলারী ক্লিন-টন তো অনেক বোকা! আবার ড. ইউনূসকে পুরস্কৃত করেছে!!’
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার লাইক, কমেন্ট ও শেয়ার হতে দেখা যায়।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ড. ইউনূসের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন হিলারি ক্লিনটন।
শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলে আয়োজিত ওই বিশেষ অনুষ্ঠানে বিশ্বের প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, বিশিষ্ট উদ্যোক্তা, শীর্ষ গবেষক ও শিক্ষকসহ ৪০০ জন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। পুরস্কারের জন্য ড. ইউনূসের নাম ঘোষণার পর উপস্থিত সুধীবৃন্দ দাঁড়িয়ে দীর্ঘক্ষণ করতালি দিয়ে তাঁকে সম্মান জানান।
চলতি বছর ড. ইউনূসসহ বিশ্বজুড়ে নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা মোট চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তালিকায় স্থান পাওয়া অপর ৩ জন হলেন—ভারতের ‘সেবা’-এর পরিচালক রিমা নানাবতী, আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও টোরি বার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টোরি বার্চ এবং জর্ডানের ‘মাইক্রোফান্ড ফর উইমেন’-এর বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান।
ডিআর

