জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারের ওপর নির্ভর না করে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
হাসনাত বলেন, পলাতক আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও আবারও ছাত্র সংগঠনগুলোকে রাজপথে নামতে হচ্ছে। সন্ত্রাসীদের আটক করা, স্লোগান দেওয়া এবং রাত জেগে রাজপথ পাহারা দেওয়ার দায়িত্বও তাদের নিতে হচ্ছে।
পোস্টে সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, চালক নিহত হওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল হামলার ঘটনা তুলে ধরেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের পক্ষে যারা কথা বলছেন, তাদের সমালোচনা করেন।
হাসনাত লেখেন, ‘কাল সারারাত ককটেল সন্ত্রাসের পর শেষ রাতে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যা করেছে নিষিদ্ধ ফ্যাসিস্টরা। আর দিনের আলোতে ককটেল হামলা করে রক্তাক্ত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।’
এসব ঘটনার পরও যারা আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের পক্ষে কথা বলছেন, তাদের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, আওয়ামী লীগের প্রকৃত রূপ জানতে আর কত রক্ত, আগুন ও সন্ত্রাসের প্রয়োজন?
পোস্টে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে এনসিপির এই নেতা বলেন, একটি দল গণহত্যা করে মাত্র ২০ দিনে দুই হাজার মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। সেই হত্যাকাণ্ডের রক্তের দাগ এখনো শুকায়নি। হত্যাকাণ্ডের ভিডিও ও ছবি থাকার পরও দলটির নেতাকর্মীরা আবারও সহিংসতার উদ্দেশ্যে লগি-বৈঠা, দা ও কুড়াল নিয়ে রাস্তায় নেমেছে বলে অভিযোগ করেন তিনি।
হাসনাতের অভিযোগ, আওয়ামী লীগের মধ্যে কোনো অনুতাপ বা ভালো-মন্দের বোধ নেই। অথচ দলটির বিরুদ্ধে আবারও রাজপথে নামতে হচ্ছে। যেখানে বিচার ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সেখানে ছাত্র সংগঠনগুলোকে মাঠে থাকতে হচ্ছে।
তরুণ প্রজন্মের ওপর বারবার আন্দোলন ও সংঘাতের চাপের কথা তুলে ধরে তিনি লেখেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তরুণদের রক্ত দিতে হয়েছে। এখনো কেন তাদের সন্ত্রাসীদের মোকাবিলা করতে রাজপথে নামতে হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।
ক্ষমতা ও পদ-পদবি বণ্টন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাসনাত। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন এবং জুলাই-আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা সাধারণ তরুণ-তরুণীরাই আবার রাজপথে নেমেছেন। অথচ ক্ষমতা ও পদ-পদবির ক্ষেত্রে তাদের যথাযথ জায়গা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা ‘নেপোকিডদের’ প্রাধান্য দেখা যাচ্ছে বলেও দাবি করেন।
তিনি আরও লেখেন, জুলাইয়ের দুটি বাস্তবতা মাথায় রাখতে হবে—একদিকে ‘নেপোকিডদের’ ক্ষমতা, অন্যদিকে জনতা। গত দুই দিনে সরকারের ভূমিকা ও সক্ষমতা বোঝা গেছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের আশায় থেকে লাভ নেই; প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে।
দুই হাজারের বেশি শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা কোনো ‘চোর, লুটেরা ও সন্ত্রাসীর’ কাছে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
পোস্টের শেষাংশে শহীদ ওসমান বিন হাদীর বক্তব্য ‘জান দেব, কিন্তু জুলাই দেব না’ উল্লেখ করে তিনি লেখেন, ‘এই দেশের মাটি হাজারো শহীদের রক্তে রঞ্জিত পবিত্র মাটি। এই মাটিকে এক মুহূর্তের জন্যও আমরা কোনো গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ।’
এনএ

