উপহার কিংবা অন্য কোনো নামে অভিহিত করলেও ঘুষের লেনদেন অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ৫ শতাংশ ভুল ছিল।
বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইশরাক।
পোস্টে তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোপুরি শুনলে বোঝা যেত, তাঁর অধিকাংশ কথাই যথার্থ ছিল। বিশেষ করে জনগণের করের টাকায় বাস্তবায়িত নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তিনি একমত। তবে বক্তব্যের একটি জায়গায় প্রতিমন্ত্রী ভুল করেছেন বলে মনে করেন তিনি।
ইশরাক বলেন, উপহার কিংবা অন্য যে নামেই অভিহিত করা হোক না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত মত ও চর্চার বিষয় হতে পারে। তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঠিকাদার কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত বিল পাওয়ার পর নিজের মুনাফা থেকে খুশি হয়ে কোনো প্রকৌশলীকে উপহার দিলে সেটিকে ঘুষ হিসেবে বিবেচনা করা উচিত নয়। এ ধরনের উপহার গ্রহণ করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ঠিকাদারের কাজ দ্রুত বুঝে নিয়ে বিল পরিশোধের পর তাঁর মুনাফা থেকে দেওয়া উপহার ঘুষের আওতায় পড়ে কি না, তা নিয়ে নতুন করে চিন্তা করার সময় এসেছে।
প্রতিমন্ত্রীর এই বক্তব্য ঘিরে আলোচনার মধ্যে ইশরাক হোসেন স্পষ্ট করে জানিয়েছেন, উপহারের নাম দিয়ে ঘুষের লেনদেনকে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
বিএইচ

