ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এর প্রতিষ্ঠাতা মাহফুজ আলম। তাঁর মতে, শেখ হাসিনার পরিণতি প্রত্যাবর্তন নয়, বরং প্রত্যর্পণ ও আত্মসমর্পণ।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে আওয়ামী লীগকে গত ১৭ বছরের শাসনামলের সত্য স্বীকার করে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা।
পোস্টে মাহফুজ আলম বলেন, সন্ত্রাস ও খুনের রাজনীতির পরিবর্তে আওয়ামী লীগকে গত ১৭ বছরের শাসনামলে সংঘটিত ফ্যাসিবাদের সত্য স্বীকার করতে হবে। পাশাপাশি বিচারের মুখোমুখি হওয়া এবং সন্ত্রাস ত্যাগের ঘোষণা দিতে হবে। এসব শর্ত পূরণ না হলে কোনো ধরনের পুনর্মিলন বা সমঝোতার আলোচনা সম্ভব নয়।
সমঝোতার উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, সম্ভাব্য গৃহযুদ্ধের পরিস্থিতি এড়াতে ২০২৪ সালের ২১ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সংগঠকদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম পুনর্মিলনের প্রস্তাব দিয়েছিলেন। তবে আওয়ামী লীগের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা কিংবা আত্মপর্যালোচনা দেখতে পাননি বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগের কর্মকাণ্ডে দেশের অর্থনীতি ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মাহফুজ আলম। তাঁর ভাষ্য, সন্ত্রাস ও খুনের রাজনীতি অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। এতে শিল্প-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ ধরনের পরিস্থিতির জন্য আওয়ামী লীগ এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া রাষ্ট্রকে দায় নিতে হবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া সীমান্তপারের সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মাহফুজ আলম।
বিএইচ




