সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। তিনি বলেন, ‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।’
শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিগত ১৭ বছরে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যারা অনিয়ম বা দমন-পীড়নের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। তবে তিনি উল্লেখ করেন, ‘আমরা কারো ওপর জুলুম-অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।’
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে তিনি অতীতের রাজনৈতিক হয়রানির কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রয়াত নেতা এম কে আনোয়ার ৮৬ বছর বয়সে অসুস্থ অবস্থায় আদালতের বারান্দায় ঘুরেছেন এবং তাকে হাতকড়া পরানো হয়েছিল। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ৪০টি মামলার আসামি হিসেবে তাকেও হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়েছিল এবং মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল।
বক্তব্যের এক পর্যায়ে পাঠ্যপুস্তকের ইতিহাস রচনা ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ তুলে ধরেন সেলিম ভূঁইয়া। তিনি দাবি করেন, বিগত সময়ে পাঠ্যবইয়ে একতরফাভাবে ইতিহাস লেখা হয়েছে এবং ১৯৭৪ সালের দুর্ভিক্ষে মানুষের চরম দুর্দশার কথা তিনি স্মরণ করিয়ে দেন।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।
সম্মেলনটি পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।
ডিআর




