ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়; বরং জুলাই গণ-অভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তাদের ভাষ্যমতে, চব্বিশের পরাজিত শক্তি আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিবৃতিতে বলা হয়, ‘তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব ইনশাআল্লাহ।’
পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনও ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন বলে উল্লেখ করেন হেফাজত নেতারা। তারা বলেন, শহীদ ও আহতদের ন্যায়বিচারের কথা না ভেবে যারা বিভিন্ন টকশো ও প্ল্যাটফর্মে এখনও পতিত ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের এজেন্ডা অনুসারে কথা বলেন, তাদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে। অতীতেও রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল এবং ১৯৯৬ সালে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও তারা শোধরায়নি বলে বিবৃতিতে দাবি করা হয়।
নেতৃবৃন্দ আরও বলেন, বিগত শাসনকালে নৃশংসতার শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর গুম-খুন এবং পিলখানা, শাপলা ও জুলাইসহ গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না; সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে স্বাধীনতা ও সার্বৌমত্ব অরক্ষিত থেকে যাবে বলে তারা মন্তব্য করেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়, নানা চেষ্টা-তদবিরেও এখনো তৃতীয় কোনো রাষ্ট্র মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত অপরাধী শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি, কারণ কোনো সভ্য রাষ্ট্র এমন অপরাধীকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্নের মুখে পড়তে চায় না। দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনোমিস্ট-এর সাম্প্রতিক প্রতিবেদন ও মন্তব্যের প্রসঙ্গ টেনে তারা বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমেও হাসিনার শাসনকাল ও চরিত্র উন্মোচিত হয়েছে।
ডিআর




