ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশের মাতৃভূমির দিকে কেউ কুদৃষ্টি দিলে তাঁরা চুপ করে বসে থাকবেন না। রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক নিজস্ব জায়গায় থাকবে। তবে মাঠের রাজনীতির জবাব রাজনৈতিক ভাষাতেই দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী ও বিজেপি নেতা অর্জুন সিংয়ের ‘বাংলাদেশ দখল’ করার মন্তব্যে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁর মতে, এ ধরনের মন্তব্য ভারতের কেন্দ্রীয় সরকারের বক্তব্য না হলেও দিল্লির উচিত এর ব্যাখ্যা দেওয়া এবং মন্তব্যকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।
তিনি আরও লেখেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমির দিকে কুদৃষ্টি দিলে আমরাও চুপ করে বসে থাকব না। রাষ্ট্রীয় দ্বিপক্ষীয় ও কূটনৈতিক সম্পর্ক তার জায়গায় থাকবে। আর মাঠের রাজনীতির জবাব রাজনৈতিক ভাষাতেই দেওয়া হবে।’
নিজের পোস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন ইশরাক। তিনি অভিযোগ করেন, সুসময়ে দেশে বড় পদে থাকা একদল স্বার্থান্বেষী মানুষ বিপদের সময় দেশ ছেড়ে চলে যাবেন। আরেক দল আন্দোলনের কঠিন সময়ে আপসের মাধ্যমে নিজেদের নিরাপদ রাখবেন।
তিনি আরও দাবি করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদীরা ১৭ বছর ধরে বাংলাদেশের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়েছে। সেই লড়াইয়ে তাঁরা জয়ী হয়েছেন উল্লেখ করে ভবিষ্যতে যেকোনো ফ্রন্টে লড়াইয়ের প্রয়োজন হলে সর্বাত্মক প্রস্তুতি থাকার কথাও জানান তিনি।
পোস্টের শেষাংশে ইশরাক লেখেন, ‘আমাদের পূর্বপুরুষেরা দেশের মাটির জন্য যুদ্ধ করেছেন। আমরা দেশরক্ষায় লড়াই করেছি, আগামীতে আমরাই করব। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব।’





