ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা কারও ওপর প্রতিশোধ নেননি বলে দাবি করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দল হিসেবে জামায়াতে ইসলামী প্রতিশোধ না নেওয়ার যে ঘোষণা দিয়েছিল, তা বাস্তবায়ন করেছে।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বলেছিলাম- দল হিসেবে জামায়াতে ইসলামী কারও ওপর কোনো প্রতিশোধ নেবে না। বাংলাদেশ সাক্ষী, আমরা কারও ওপর কোনো প্রতিশোধ নিইনি।’ ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা নির্যাতনের আইনি প্রতিকার চাইলে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সমাজে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু নির্ধারণের বিরোধিতা করে জামায়াত আমির বলেন, ধর্ম, গায়ের রং কিংবা ভাষার ভিত্তিতে সমাজকে বিভক্ত করা হলে তা টেকসইভাবে গড়ে উঠতে পারে না এবং সবার প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয় না। এসব বিভাজনের ঊর্ধ্বে উঠে সবার অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রত্যেক নাগরিকের ধর্মীয়, মানবিক ও নাগরিক অধিকার সমানভাবে ভোগ করার সুযোগ থাকা উচিত। জামায়াত কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের পক্ষে নয়, বরং মানুষের অধিকারের পক্ষে কথা বলে বলেও মন্তব্য করেন তিনি।
৫ আগস্টের পর জামায়াতের ভূমিকা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের পরদিন থেকে দলের নেতাকর্মীরা মসজিদ, মাদ্রাসা, মন্দির, মঠ ও চার্চ পাহারার কাজে যুক্ত হয়েছিলেন। সে সময় দেশে প্রায় ১৫ দিন পুলিশ ছিল না উল্লেখ করে তিনি বলেন, নাশকতা ও উত্তেজনা সৃষ্টি ঠেকাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষ সহায়তা চাইলে তাদের বাড়িঘর পাহারা দেওয়ার কথাও বলা হয়েছিল এবং তা করা হয়েছে।
নিজ দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, দলের অনেক নেতাকর্মী খুন, গুম, নির্যাতন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন; অনেকের ঘরবাড়িও ধ্বংস করা হয়েছে। তবে এসব ঘটনায় নির্বিচারে মামলা করা হয়নি বলে দাবি করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ভুক্তভোগী বা ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনি প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। তবে কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করা যাবে না। প্রকৃত অভিযুক্ত যতজন, মামলায় শুধু তাদেরই নাম অন্তর্ভুক্ত করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।





