রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ ইউনিটটির কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদন শুরুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৮ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
রূপপুর প্রকল্পের পরিচালক ও এটমস্ট্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, প্রাথমিক কোর লোডিং কর্মসূচি, পরিচালনাগত বিধিমালা এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে এই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
তিনি জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর সব প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে ধারাবাহিকভাবে শতাধিক পরীক্ষা সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, খুব শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়া হবে। এরপর ধাপে ধাপে এর উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। এসব প্রক্রিয়া শেষ হলে প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন ও বাণিজ্যিক পরিচালনার পথ উন্মুক্ত হবে।
রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। জেনারেশন-থ্রি প্লাস প্রযুক্তির এ রিঅ্যাক্টরগুলো আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম বলে দাবি সংশ্লিষ্টদের।
প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ।

