Image description

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। শুক্রবার (১০ এপ্রিল) নবম ভারত মহাসাগরীয় কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভারত মহাসাগরীয় অঞ্চল একটি অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে জ্বালানি সংকট সরাসরি অর্থনীতি ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে পারস্পরিক সহযোগিতা, একে অপরের প্রয়োজনের প্রতি সংবেদনশীলতা এবং সম্মিলিত সম্পদের যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, পরিবর্তিত বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতায় বিদ্যমান কাঠামোগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও পরিবেশগতভাবে ঝুঁকিতে থাকা মানুষের সুরক্ষা নিশ্চিত করা এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

সম্মেলনে তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। ‘সুপার সোর্সিং হাব’ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও ডিজিটাল বাণিজ্যের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করার কথাও তুলে ধরেন। এতে স্থানীয় উদ্ভাবনকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযুক্ত করা সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাই তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো এবং এসএমই খাতকে উদ্ভাবনের নেতৃত্বে আনার ওপর জোর দেন তিনি।

শেষে তিনি আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার এবং বিদ্যমান সমন্বয়মূলক উদ্যোগগুলো নতুন করে মূল্যায়নের আহ্বান জানান।

মানবকণ্ঠ/আরআই