ট্রাম্পের অনড় অবস্থান
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়াল
ইরানের ওপর থেকে জারি রাখা নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে টান পড়ার আশঙ্কায় আবার আকাশচুম্বী হচ্ছে তেলের দাম। বুধবার লেনদেনের একপর্যায়ে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১০৩ ডলার অতিক্রম করেছে।
কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরার বরাত দিয়ে জানা গেছে, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩.৭৩ ডলারে গিয়ে ঠেকেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের দিন মধ্যপ্রাচ্যের বিকল্প রুটগুলো দিয়ে সাময়িকভাবে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় তেলের দামে কিছুটা দরপতন দেখা গিয়েছিল। তবে মার্কিন প্রশাসনের কড়া অবস্থানের কারণে বাজার ফের উত্তপ্ত হয়ে উঠেছে। চালচিত্র বিশ্লেষণ করে বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি সেপ্টেম্বরে ব্রেন্ট ক্রুডের সার্বিক দাম প্রায় ১৪ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে—যা গত জুলাইয়ের পর সর্বোচ্চ একক মাসিক মূল্যবৃদ্ধি।
একইভাবে চলতি মাসে ডব্লিউটিআই তেলের দামও প্রায় ৪ শতাংশ বৃদ্ধির দিকে যাচ্ছে। এর আগে গত মে মাসের পর প্রথমবারের মতো বিশ্ববাজারে ডব্লিউটিআই ক্রুডের দর লাফিয়ে ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যাওয়ার নজির গড়েছিল। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ভূ-রাজনীতি ও মার্কিন তেল নীতিতে অস্থিরতা অব্যাহত থাকায় সামনের দিনগুলোতে জ্বালানি বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা।
ডিআর




Comments