প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১ টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।
অন্যদিকে, বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
এনসিপি সূত্র জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।




