সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে সৌদি আরবের মাহিল শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাকিবুর রহমান (২৫)। তাঁর বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার মহুরীপাড়া এলাকায়। এই দুর্ঘটনায় প্রবাসে থাকা বাংলাদেশি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সাকিবুরের বড় ভাই সাঈদুর রহমান তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, সাকিবুর চলতি বছরের ৬ জুন সৌদি আরবে যান। সেখানে তিনি গাড়ি চালানো শিখছিলেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে গাড়ি চালানো শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁদের আরেক স্বজনও আহত হয়েছেন।
জানতে চাইলে মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, সাকিবুরের মরদেহ দেশে আনতে কাগজপত্র জোগাড় করা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুতে এলাকায় শোক নেমে এসেছে। দেড় মাসের মাথায় প্রবাসে গিয়ে এমন মৃত্যু মানা যায় না।

