জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সামাজিক সংগঠন গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের (জিকেসিজে) উদ্যোগে আগামীকাল রোববার (২৯ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম নবান্ন উৎসব। ‘শিনমাই মাৎসুরি ২০২৬’ নামে আয়োজিত এ উৎসবে প্রবাসে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির নানা আয়োজন থাকছে।
টোকিওর কিতা-কু এলাকার তাকিনোগাওয়া-নিশি কুমিন সেন্টারের ষষ্ঠ তলায় বিকেল ৪টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত উৎসব চলবে। ঠিকানা ৬-২১-২৫ তাকিনোগাওয়া, কিতা-কু, টোকিও।
প্রতিবছরের মতো এবারও বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে তুলে ধরতে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকছে ঐতিহ্যবাহী পিঠা পার্বণ, নবান্ন ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গ্রেটার খুলনা কমিউনিটি জাপানের সভাপতি জাকির হোসেন জোয়ার্দার ও সাধারণ সম্পাদক তফসির আহমেদ তুহিন জাপানপ্রবাসী সব বাংলাদেশিকে সপরিবারে ও বন্ধুবান্ধবসহ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, সবার অংশগ্রহণে উৎসবটি আনন্দমুখর ও সার্থক হয়ে উঠবে।
যাতায়াত ও যোগাযোগ
উৎসবস্থলে যেতে জেআর সাইকিয়ো লাইনের ইতাবাশি স্টেশনের হিগাশিগুচি থেকে হেঁটে প্রায় ১০ মিনিট এবং তোএই মিতা লাইনের নিশি-সুগামো স্টেশনের এ২ নম্বর প্রবেশপথ থেকে হেঁটে প্রায় ৭ মিনিট লাগবে।
অনুষ্ঠানসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০৯০-৯৩৩২-২০৩৩, ০৮০-৪০৯০-৪০৬২ ও ০৮০-৩২১৯-১৪৩০ নম্বরে। হলের ফোন নম্বর ০৩-৩৯১৬-১৪০০।





