ইবাদতের পদ্ধতিগত কিছু না কিছু পার্থক্য সব উম্মতেই ছিল, কিন্তু মূল ইবাদত ছিল সবারই অভিন্ন। পূর্ববর্তী কোনো জাতির কোরবানি করার পদ্ধতি কেমন ছিল তার বিশদ বিবরণ পাওয়া না গেলেও কোরআনে প্রত্যেক সমপ্রদায়ে কোরবানির বিধিবদ্ধতার প্রমাণ পাওয়া যায়।
ইরশাদ হয়েছে, ‘আমি প্রত্যেক উম্মতের জন্য দিয়েছি কোরবানির বিধান। যাতে আল্লাহ তাদেরকে যে চতুষ্পদ জন্তু দিয়েছেন তাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে। তোমাদের মাবুদ একই মাবুদ। সুতরাং তোমরা তাঁরই আনুগত্য করো। আর সুসংবাদ দিন বিনীতদেরকে।’ (সুরা হাজ: ৩৪)
এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা নাসাফী ও যামাখশারী বলেন, ‘আদম (আ.) থেকে শুরু করে শেষ নবি মুহাম্মাদ (সা.) পর্যন্ত প্রত্যেক জাতিকে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের জন্য কোরবানির বিধান দিয়েছেন। (তাফসীরে নাসাফী ৩/৭৯; কাশশাফ, ২/৩৩)।
যুগে যুগে কোরবানি:
মানব ইতিহাসের সূচনাকাল থেকে চলে আসা পবিত্র ইবাদত কোরবানি। অতীতের সব নবী-রাসুলের শরিয়তেই কোরবানির বিধান ছিল। সময় ও পদ্ধতি ভিন্ন হলেও সব শরিয়তে কোরবানির মর্ম ছিল এক ও অভিন্ন। আল্লাহর দেওয়া সম্পদ তাঁর নামে, তাঁরই নির্দেশিত পদ্ধতিতে একমাত্র তাঁর জন্য উত্সর্গ করা। তবে পবিত্র কোরআনে শুধু দুটি কোরবানির ঘটনা সরাসরি আলোচিত হয়েছে। এ ছাড়া গ্রহণযোগ্য তাফসিরের কিতাবে আরও দু-একটা ঘটনার উল্লেখ পাওয়া যায়।
আদম (আ.)-এর যুগে কোরবানি:
পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি ছিল মানবজাতির পিতা হজরত আদম (আ.) এর দুই পুত্র হাবিল ও কাবিলের কোরবানি। সেখান থেকেই কোরবানির প্রচলন শুরু হয়।
আদম-পুত্রদ্বয়ের ঘটনা:
আদম (আ.)-এর দুই সন্তান হাবিল ও কাবিল এক মেয়েকে বিয়ে করার ব্যাপারে মতানৈক্য দেখা দেয়। তখনকার শরিয়তের নিয়মানুসারে কাবিলের জন্য তার সহোদরা বোনকে বিয়ে করা বৈধ নয়। কিন্তু সে তার সাথে একই গর্ভে জন্ম নেয়া মেয়েকে বিয়ে করার অবৈধ দাবি করে। এতে দুই ভাইয়ের মাঝে পারস্পরিক সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যা নিরসনে শরিয়তের বিধান অনুসারে দুজনকেই আল্লাহর নামে কোরবানি পেশ করতে বলা হলো। হাবিল নিজের খামার থেকে একটি উৎকৃষ্ট মানের দুম্বা এবং কাবিল নিজের খেত থেকে কিছু সবজি শস্য কোরবানির জন্য পেশ করে। দুজনের মধ্যে হাবিলের সত্ ছিল বিধায় আল্লাহ তাআলা তাঁর কোরবানি কবুল করেন। তখন কোরবানি কবুল হওয়ার আলামত ছিল, আসমান থেকে আগুন এসে কোরবানির জন্য পেশকৃত বস্তু জ্বালিয়ে ভস্ম করে দেয়া। (তাফসিরে ইবনে কাসীর, তাফসিরে মাআরিফুল কোরআন: সুরা মায়েদাহ, ২৭ তম আয়াতের তাফসির দ্রষ্টব্য)
কোরআনে এরশাদ হয়েছে, ‘আদমের দুই পুত্রের বৃত্তান্ত তাদের যথাযথভাবে শোনান। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কবুল হলো না। সে বলল, আমি তোমাকে হত্যা-ই করে ফেলবো। অপরজন বলল, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কোরবানি কবুল করেন।’ (সুরা মায়িদা: ২৭)
নুহ (আ.)-এর যুগে কোরবানি:
মুসলিম ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক (রহ.) বর্ণনা করেন, মহাপ্লাবনের দ্বিতীয় বছরের দ্বিতীয় মাসের ২৬তম দিনে নুহ (আ.) আল্লাহর পক্ষ থেকে জাহাজ থেকে নামার আদেশ পান। নেমেই প্রথমে তিনি জন্তু জবাইয়ের জন্য একটি স্থান নির্ধারণ করেন। এরপর সব ধরনের হালাল পশু ও পাখি থেকে বাছাই করে সেগুলোকে আল্লাহর নামে কোরবানির উদ্দেশ্যে জবাই করলেন। (আল বিদায়া ওয়ান নিহায়া: ১ / ২৭৫)
ইবরাহিম (আ.)-এর যুগে কোরবানি:
হজরত ইবরাহিম (আ.) স্বপ্নযোগে ইসমাঈলকে কোরবানি করতে দেখেন। তাকে তার প্রিয় বস্তু আল্লাহর নামে কোরবানি করার নির্দেশ দেয়া। বিলম্ব না করে তিনি ইসমাইল (আ.)-কে জবাই করতে নিয়ে যান। তখন জান্নাতি দুম্বা দিয়ে তার কোরবানির বিনিময় দেয়া হয়। সুরা সফফাতের ১০১-১০৭ আয়াতে সে ঘটনা বর্ণিত হয়েছে। এখানে ইসমাঈলকে কোরবানি করানো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল মূলত পিতা-পুত্রের পরীক্ষা নেয়া।
ইলিয়াস (আ.)-এর কোরবানি:
বনি ইসরাইলের একটি অংশ মূর্তিপূজায় জড়িয়ে পড়েছিল। তারা বাআল দেবতার পূজা করতো। রাজা আখিয়াব ও তার স্ত্রী ইসাবেল এর পৃষ্ঠপোষকতা করতো। ইলিয়াস (আ.) তাদের জন্য নবী হিসেবে প্রেরিত হন। তাদেরকে একত্ববাদের দাওয়াত দেন। তখন রাজা তাকে হত্যার হুমকি দেয়।
ইলিয়াস (আ.) দোয়া করেন, ফলে তাদের ওপর নেমে আসে চরম দুর্ভিক্ষ। এ সময় ইলিয়াস (আ.) রাজাকে বললেন, ‘এই দুর্ভিক্ষের একমাত্র কারণ হচ্ছে আল্লাহর ইবাদত বাদ দিয়ে বাআল দেবতার উপাসনা করা। আল্লাহই একমাত্র সত্য ইলাহ, উপাসনা শুধু তারই জন্য হবে। চলুন, আমরা কোরবানি পেশ করে এর সত্যতা যাচাই করি। আমি আল্লাহর নামে কোরবানি করি। আর আপনার বাআল দেবতার নবিরা তার নামে কোরবানি করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি আর তারা দেবতার কাছে দোয়া করুক। যার কোরবানি কবুল হবে, সেই সত্য বলে প্রমাণিত হবে।’
রাজা সম্মত হলেন। এরপর কারামেল পাহাড়ে বাআল দেবতার কথিত নবিরা কোরবানি পেশ করে তার কাছে দুর্ভিক্ষ তুলে নেওয়ার দোয়া করলো। কোনো কাজ হলো না। এরপর ইলিয়াস (আ.) নিজের কোরবানির জন্তু পেশ করে আল্লাহর কাছে দোয়া করলেন। তখনই আসমান থেকে আগুন এসে তাঁর কোরবানি ভস্ম করে দিলো এবং আকাশ থেকে বৃষ্টি নেমে এলো। (তাফসিরে মাআরিফুল কোরআন, সুরাত সাফফাত ১২৫ নং আয়াতের তাফসির দ্রষ্টব্য)।
ইসলাম যুগে কোরবানি:
ইসলামি শরিয়ত মোতাবেক আমরা যে কোরবানি করে থাকি, তা হজরত ইবরাহিম (আ.)-এর প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিচারণা এবং হজরত ইবরাহিম (আ.) এর সুন্নত। এ প্রসঙ্গে হাদিসে এসেছে, ‘একবার কয়েকজন সাহাবি জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল (সা.)! কোরবানি কী?’ রাসুল (সা.) বললেন, ‘তোমাদের পিতা হজরত ইবরাহিম (আ.) এর সুন্নত।’ সাহাবিরা বললেন, ‘এতে আমাদের জন্য কী প্রতিদান রয়েছে?’ রাসুল (সা.) বললেন, ‘প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি।’ (সুনানে ইবনে মাজা: ৩১২৭)।
লেখক: শিক্ষক, বাইতুল আকরাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স টঙ্গী, গাজীপুর।
মানবকণ্ঠ/এফআই

