কাবা শরিফের নতুন চাবিরক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাহাবি ওসমান ইবনে তালহার (রা.) ১১০তম উত্তরসূরী ৭৮ বছর বয়স্ক শায়েখ আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি।
সোমবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে তার হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয়।
মসজিদুল হারাম ও মসজিদে নববির খবর সরবরাহকারী ওয়েব পোর্টাল ‘হারামাইন শরিফাইনে’ এ তথ্য জানানো হয়েছে।
চাবি প্রদান অনুষ্ঠানে শেখ আব্দুল ওয়াহাব এ সৌভাগ্য লাভ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পবিত্র কাবা ঘরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখার প্রতিশ্রুতি দেন। মুসলমানদের মধ্যে ঐক্য ও বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুসলিম উম্মাহর সেবায় তার পূর্বসূরিদের উত্তরাধিকার তিনি অব্যাহত রাখবেন।
এর আগে গত শনিবার (২২ জুন) কাবার চাবিরক্ষক ড. সালেহ আল শাইবা ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর থেকে পবিত্র কাবার ১০৯তম অভিভাবক বা চাবিরক্ষক ছিলেন তিনি। নতুন দায়িত্ব পাওয়া শায়েখ আবদুল ওয়াহাব পবিত্র কাবার ১১০তম চাবিরক্ষক।
ইসলামপূর্ব জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শায়বা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ (সা.) নিজেই ঐ গোত্রের উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন।
এসময় তিনি বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম’।
সেই ধারা এখনো চলমান। উসমান ইবনে তালহা (রা.) এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন।
প্রসঙ্গত, এ পর্যন্ত অসংখ্যবার কাবার তালা-চাবি পরিবর্তন করা হয়েছে। কাবাঘরের চাবি একটি বিশেষ ব্যাগে রাখা হয়। এই ব্যাগটি পবিত্র কাবাঘরের গিলাফ নির্মাণ কারখানায় বানানো হয়। কাবাঘরের চাবি কখনো হারায়নি। তবে বহু বছর পূর্বে ১ ব্যক্তি এই চাবি চুরি করেছিল। পরে তাকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে কাবাঘরের চাবি ফেরত নেয়া হয়।
আব্বাসী, আইয়ুবী, মামলুক ও ওসমানিয়া যুগে কয়েকবার কাবাঘর মেরামত করা হয়েছে। তখন প্রয়োজনমতো নতুন তালা-চাবিও বানানো হয়েছে।
২০১৩ সালের ১৮ নভেম্বর সর্বশেষ কাবাঘরের চাবি পরিবর্তন করা হয়। এখনো ঐ তালা-চাবি ব্যবহার করা হচ্ছে।
মানবকণ্ঠ/এসআরএস

