পূর্বনির্ধারিত সময় ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা হবে বলে জানিয়েছেন জুবায়েরপন্থীরা। সাদপন্থীরা এ সময় ইজতেমা করতে চাইলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ার করেন তাঁরা।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুবায়েরপন্থী তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। হাবিবুল্লাহ বলেন, গতকালের সংঘর্ষে তিনজন সাথী মারা গেছেন। এ ঘটনায় হত্যা মামলা করা হবে।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, ‘মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের আদেশ অমান্য করেছে। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখলের চেষ্টা করে তাহলে সাধারণ মুসল্লীরা তাদের প্রতিহত করবে।’ এই বিভক্তি ইজতেমার সাধারণ মুসল্লীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
মাওলানা সাদ তাঁর মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা চাইলে এ সমস্যার সমাধান সম্ভব বলেও জানান হাবিবুল্লাহ রায়হান।
এরআগে ইজতেমার মাঠ দখল নিয়ে মঙ্গলবার রাতে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হন। পরে ওই এলাকার নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

