জুমার দিনকে ইসলামে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। হাদিস শরিফে একে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “পৃথিবীতে যতদিন সূর্য উদিত হবে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনেই আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে। কেয়ামতও সংঘটিত হবে শুক্রবার।” (মুসলিম : ৮৫৪)
আরেকটি হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, “জুমার দিন হল দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং এটি আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত।” (ইবনে মাজাহ : ১০৮৪)
জুমার দিন মুসলিমদের জন্য বিশেষ আমলের দিন। এই দিনে বিভিন্ন ফজিলতপূর্ণ আমল করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা আল-কাহফ পবিত্র কোরআনের একটি বিশেষ সূরা। এই সুরাটিতে অনেকগুলি গল্প ও শিক্ষা রয়েছে (যেমন আসহাবে কাহফের গল্প, মুসা (আ.) ও খিজিরের (আ.) গল্প এবং জুলকারনাইনের গল্প, যা আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। যারা সম্পূর্ণ সুরাটি তেলাওয়াত করতে সক্ষম হন না, তাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সুরার প্রথম এবং শেষ ১০ আয়াত তেলাওয়াত করার।
হাদিসে আছে, ‘যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে।’ (মুসলিম শরিফ) রাসুল (সা.) আমাদের সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করতে বলেছেন।
জুমার দিনে ‘সূরা কাহাফ’ পাঠ ও তেলাওয়াতের যে যে ফজিলত চলুন তা জেনে নেয়
আবু সাঈদ আল-খুদরি (রা.) থেকে বর্ণিত এক হাদিসে বলা হয়েছে :
যে ব্যক্তি জুমার রাত (শুক্রবার) সূরা আল-কাহফ তিলাওয়াত করবে, তার জন্য এক আলো সৃষ্টি হবে যা কাবাঘর পর্যন্ত প্রসারিত হবে।(সহিহ তারগীব ওয়াত্ তারহীব - ৭৩৬)
মুসনাদে আহমদে হজরত সাহল ইবনে মুয়াজের রেওয়াতে আছে যে, রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করে তার জন্য তার পা থেকে মাথা পর্যন্ত একটি নুর হয়ে যায়। আর যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায়।
আরেক হাদিসে ইবনে উমর (রা.) হতে বর্ণিত, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করিল, কিয়ামত দিবসে তার পায়ের নীচ থেকে আকাশের মেঘমালা পর্যন্ত নূর আলোকিত হবে এবং দুই জুমার মধ্যবর্তী গুনাহ মাফ হবে। (আত তারগীব ওয়াল তারহীব- ১/২৯৮) (মিশকাত ২১৭৫)
আরেক হাদিসে রাসূল (সা.) বলেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সব ধরনের ফেতনা থেকে নিরাপদ থাকবে। যদি দাজ্জাল বের হয় তবে তার ফেতনা থেকেও নিরাপদ থাকবে।
মানবকণ্ঠ/এসআর

