মুসলিম বিশ্বে প্রতি বছর সফর মাসের শেষ বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ হিসেবে পালিত হয়। ইরান, ইরাক, ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ বেশ কিছু দেশে এই দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হয়। বাংলাদেশে এটি একটি সরকারি ঐচ্ছিক ছুটি। কিন্তু ইসলামের নির্ভরযোগ্য সূত্র ও গবেষকদের মতে, এই দিনকে কেন্দ্র করে প্রচলিত ধারণাগুলোর কোনো ভিত্তি নেই। চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, হিজরি ১১ সালের সফর মাসের শেষ বুধবার হজরত মুহাম্মদ (সা.) গুরুতর অসুস্থতা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। কথিত আছে, তিনি এই দিনে শেষ গোসল করেন এবং শেষবারের মতো নামাজের ইমামতি করেন। এই খবরে মদিনার সাহাবিরা আনন্দে দান-সদকা করেন। এই ঘটনাকে স্মরণ করে অনেকেই এই দিনে বিশেষ ইবাদত বা নামাজ আদায় করেন, নবিজির (সা.) প্রতি দরুদ পাঠ করেন।
তবে নির্ভরযোগ্য ইসলামি পণ্ডিত ও গবেষকরা এই ধারণাকে ভিত্তিহীন বলে মনে করেন। তাদের মতে, রাসুল (সা.) কখন অসুস্থ হয়েছিলেন বা কোন দিনে সুস্থ হয়েছিলেন, সে বিষয়ে কোনো সহিহ হাদিসে নির্দিষ্ট দিন-তারিখের উল্লেখ নেই। বরং বিভিন্ন বর্ণনায় ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। ইতিহাসবিদ ইবনে ইসহাক ও ইবনে হিশামও তাদের লেখায় রাসুল (সা.)-এর অসুস্থতার সময়কাল নিয়ে বিস্তারিত লিখেছেন। কিন্তু সফর মাসের শেষ বুধবার সুস্থ হওয়ার কোনো প্রমাণ দেননি।
ইসলামের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, রাসুল (সা.)-এর শেষ গোসল ও নামাজের ইমামতি এই দিন হয়নি। সহিহ হাদিস থেকে প্রমাণিত যে, বুধবারের পরও তিনি গোসল করেছিলেন এবং নামাজ আদায় করেছিলেন।
ইসলামের মূল ভিত্তি হলো কোরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহ। এ দুটি উৎস ছাড়া কোনো নতুন ইবাদত বা বিশেষ দিনের প্রচলন করাকে ইসলামে \'বিদআত\' বা নব-উদ্ভাবিত বিষয় হিসেবে গণ্য করা হয়, যা ইসলামি শরিয়তে গ্রহণযোগ্য নয়। সাহাবিরা কখনও এই দিনটিকে বিশেষ আনন্দের দিন হিসেবে পালন করেননি বা কোনো বিশেষ ইবাদত করেননি।
রাসুল (সা.) তার উম্মতকে বিদআত থেকে সতর্ক করে বলেছেন, \"সব নতুন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকুন, সব নতুন উদ্ভাবিত বিষয়ই বিদআত আর সব বিদআতই পথভ্রষ্টতা।\" (সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদ, মুসনাদে আহমদ)
তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ‘আখেরি চাহার সোম্বা’কে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে কোনো ইবাদত করা বা এটি পালন করা সঠিক নয়।

