মানুষ জীবিকা নির্বাহের জন্য খাদ্যের ওপর নির্ভরশীল, আর ইসলাম মানবজাতিকে পবিত্র ও হালাল খাদ্য গ্রহণের নির্দেশ দিয়েছে। খাদ্য ও পানীয়কে হালাল তখনই বলা হয় যখন তাতে কোনো ক্ষতিকর উপাদান না থাকে। যেমন গোশত, শস্য, ফল, মধু, দুধ, খেজুর এবং এ জাতীয় অন্যান্য পবিত্র খাবার। তবে ঘোড়ার গোশত খাওয়া নিয়ে মুসলিম সমাজে একটি সাধারণ বিভ্রান্তি রয়েছে – এটি হালাল নাকি হারাম? ইসলামী খাদ্য বিধি অনুসারে ঘোড়ার গোশত সম্পর্কে বিভিন্ন মতামত প্রচলিত রয়েছে।
ইসলামের ইতিহাসে ঘোড়ার ব্যবহার ব্যাপক। বিশেষত যুদ্ধ ও পরিবহনের কাজে। কিন্তু ঘোড়ার গোশত খাওয়ার বিষয়ে ইসলামী আলেমদের মধ্যে মতপার্থক্য দেখা যায়, কারণ রাসূল (সা.)-এর হাদিসে এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়।
হযরত জাবের (রা.) বর্ণিত একটি হাদিসে উল্লেখ আছে যে, খায়বারের যুদ্ধে রাসূল (সা.) ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছিলেন। তবে এই অনুমতি বিশেষভাবে যুদ্ধের সময় খাদ্যের সংকট মেটাতে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। (বুখারী: ৫২২০)
অন্যদিকে, হযরত খালিদ ইবনে ওয়ালিদ (রা.)-এর একটি হাদিসে বলা হয়েছে যে, রাসূল (সা.) ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন। (নাসায়ি: ৮/২০৬, আবু দাউদ: ২/৫৩১)
এই দুটি হাদিসের মধ্যে বৈপরীত্য থাকায় ইসলামী স্কলাররা ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। একদল আলেম ঘোড়ার গোশত খাওয়াকে বৈধ বলে অভিহিত করেছেন। বিশেষত যুদ্ধকালীন সময়ে। তবে অন্য আলেমগণ এটিকে অবৈধ বা মাকরুহ (তানজিহি) বলে মন্তব্য করেছেন।
ফিকহশাস্ত্রের মতে, যখন একটি বিষয়ে পরস্পরবিরোধী হাদিস পাওয়া যায়। তখন সাধারণত অবৈধতার দিকটি গ্রহণ করা হয়। যাতে সতর্কতা বজায় থাকে। এ কারণে অনেক ক্ষেত্রে ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বা অযাচিত বলা হয়েছে। এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয় যে ঘোড়া জিহাদে ব্যবহৃত প্রাণী এবং যদি ব্যাপকভাবে এর গোশত খাওয়া শুরু হয়, তবে জিহাদ বা যুদ্ধের কাজে ব্যাঘাত ঘটতে পারে।
যদিও বর্তমানে যুদ্ধক্ষেত্রে ঘোড়ার ব্যবহার নেই। তবুও প্রতিরক্ষা বিভাগের কিছু অংশে ঘোড়ার রক্ষণাবেক্ষণ এবং প্রশিক্ষণ এখনও চলে আসছে।
আমাদের দেশে সাধারণত ঘোড়ার গোশত খাওয়ার প্রচলন নেই। তবে ইসলামী ফিকহের বিভিন্ন ব্যাখ্যার আলোকে, যদি কারো ইচ্ছে হয় বা রুচিতে ধরে, তবে তিনি ঘোড়ার গোশত খেতে পারবেন।
