মানুষ হিসেবে আমরা ভুল করি, জেনে বা না জেনে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়। তবে ইসলামে গুনাহ থেকে পবিত্র হওয়ার এবং মুক্তির অনেক পথ বাতলে দেওয়া হয়েছে। হাদিসে বলা হয়েছে, ‘মানুষ মাত্রই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে তাওবাকারীরাই উত্তম।’ (তিরমিজি, হাদিস: ২৪৯৯)। তাই সর্বদা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, গুনাহ হলে তাওবা করা এবং যেসব আমলে গুনাহ মোচন হয়, সেগুলোর প্রতি যত্নবান হওয়া আমাদের কর্তব্য।
নিচে এমন কিছু কাজ তুলে ধরা হলো, যেগুলো পাপমোচন করে:
১. ইসলাম গ্রহণ: ইসলাম গ্রহণের মাধ্যমে পূর্ববর্তী সকল গুনাহ থেকে মুক্তি লাভ করা যায়। পবিত্র কুরআনে অমুসলিমদের উদ্দেশ্য করে মহান আল্লাহ বলেছেন, ‘যারা কুফরি করে তাদেরকে বলো, তারা যদি নিবৃত্ত হয় তাহলে তারা পূর্বে যা করেছে তা ক্ষমা করা হবে...’ (সূরা আনফাল, আয়াত: ৩৮)। বিশ্বনবী (সা.) বলেছেন, ‘ইসলাম পূর্ববর্তী সব পাপ মিটিয়ে দেয়।’ (মুসলিম, হাদিস: ২২০)।
২. নামাজ কায়েম: নামাজ এমন একটি ইবাদত, যা পূর্ববর্তী গুনাহ থেকে ক্ষমা লাভে সাহায্য করে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘আর তুমি নামাজ কায়েম করো দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়।’ (সূরা হুদ, আয়াত: ১১৪)।
৩. অজু: অজুর মাধ্যমে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ থেকে গুনাহ ঝরে পড়ে। রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি উত্তমরূপে অজু করে, তার দেহ থেকে সব পাপ ঝরে যায়, এমনকি তার নখের ভেতর থেকেও (গুনাহ) বের হয়ে যায়।’ (মুসলিম, হাদিস: ৪৬৬)।
৪. কবিরা গুনাহ থেকে বিরত থাকা: কবিরা গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করাও এক ধরনের ইবাদত, যা ছোট গুনাহ মাফ হওয়ার কারণ। মহান আল্লাহ বলেন, ‘যদি তোমরা কবিরা গুনাহ পরিহার করো, যা থেকে তোমাদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে আমি তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব...’ (সূরা নিসা, আয়াত: ৩১)।
৫. রমজানের রোজা: হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (বুখারি, হাদিস: ৩৮)।
৬. হজ পালন: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর উদ্দেশে হজ করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে, যেদিন তার মা জন্ম দিয়েছিল।’ (বুখারি, হাদিস: ১৫২১)।
৭. ওমরাহ: মহানবী (সা.) বলেছেন, ‘এক ওমরাহর পর আরেক ওমরাহ মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা।’ (বুখারি, হাদিস: ১৭৭৩)।
৮. সদকা (দান-খয়রাত): হাদিসে এসেছে, মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘দান-খয়রাত গুনাহকে বিলীন করে দেয়, যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়।’ (ইবনে মাজাহ, হাদিস: ৪২১০)।
৯. তাওবা: মহানবী (সা.) বলেছেন, ‘গুনাহ থেকে তাওবাকারী নিষ্পাপ ব্যক্তিতুল্য।’ (ইবনে মাজাহ, হাদিস: ৪২৫০)।
১০. ক্ষমা: কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ক্ষমা করার মাধ্যমেও নিজের গুনাহ মাফ হয়। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন? আর আল্লাহ বড়ই ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা নূর, আয়াত: ২২)।
মহান আল্লাহ আমাদের সবার গুনাহগুলো ক্ষমা করুন এবং এই পথগুলো অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।

