অসুস্থতা মানুষের জীবনের স্বাভাবিক বাস্তবতা। রোগ-ব্যাধিতে আক্রান্ত হলে চিকিৎসা গ্রহণের পাশাপাশি মহান আল্লাহর কাছে সুস্থতা ও আরোগ্য কামনা করেন মুমিনরা। পবিত্র কোরআন মুমিনদের জন্য হেদায়েত, রহমত ও শিফার উৎস।
আয়াতে শিফা ও রোগমুক্তির দোয়া
অসুস্থতা মানুষের জীবনের একটি স্বাভাবিক বাস্তবতা। রোগ-ব্যাধি থেকে মুক্তি পেতে চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে সুস্থতা কামনা করা মুমিনের কর্তব্য। পবিত্র কোরআন মুমিনদের জন্য হেদায়েত, রহমত ও শিফা। কোরআনের ছয়টি আয়াতকে আলেমদের একটি প্রচলিত আমলধারায় ‘আয়াতে শিফা’ বা রোগমুক্তির আয়াত বলা হয়। এসব আয়াত তিলাওয়াত করে আল্লাহ তাআলার কাছে আরোগ্য কামনা করা যায়। আয়াতগুলো পড়ার আগে সুরা ফাতিহা তিলাওয়াত করাও উত্তম বলে উল্লেখ করা হয়েছে।
আয়াতে শিফা
۞ وَيَشْفِ صُدُوْرَ قَوْمٍ مُّؤْمِنِيْنَ
۞ وَشِفَآءٌ لِّمَا فِی الصُّدُوۡرِ وَهُدًى وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ
۞ یَخۡرُجُ مِنۡۢ بُطُوۡنِہَا شَرَابٌ مُّخۡتَلِفٌ اَلۡوَانُہٗ فِیۡہِ شِفَآءٌ لِّلنَّاسِ
۞ وَنُنَزِّلُ مِنَ الۡقُرۡاٰنِ مَا هُوَ شِفَآءٌ وَّرَحۡمَۃٌ لِّلۡمُؤۡمِنِیۡنَ
۞ وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ
۞ قُلْ هُوَ لِلَّذِيْنَ آمَنُوْا هُدًى وَّشِفَاءٌ
উচ্চারণ: ১. ওয়া ইয়াশফি ছুদু-রা ক্বাওমিম মু’মিনি-ন। ২. ওয়া শিফাউ’ল লিমা- ফিচ্ছুদু-রি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মু’মিনি-ন। ৩. ইয়াখরুঝু মিমবুতু-নিহা- শারা-বুম মুখতালিফুন, আলওয়ানুহু- ফি-হি শিফা-উ লিন্না-সি। ৪. ওয়া নুনাজ্জিলু মিনাল ক্বুরআ’নি মা হুয়া শিফাউও ওয়া রাহমাতুল লিলমু’মিনি-ন। ৫. ওয়া ইজা মারিদতু ফা হুয়া ইয়াশফি-নি। ৬. কুল হুওয়া লিল্লাযীনা আ-মানূ হুদাওঁ ওয়া শিফাউন।
অর্থ: ১. এবং আল্লাহ মু’মিনদের (মুসলমানদের) অন্তরসমূহ শান্ত করে দেন। ২. এবং অন্তরের রোগের নিরাময়, হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য। ৩. তার পেট থেকে বিভিন্ন রঙে পানীয় নির্গত হয়। তাতে মানুষের জন্যে রয়েছে রোগের প্রতিকার। ৪. আমি কুরআনে এমন বিষয় নাযিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। ৫. এবং যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন ৬. বলুন, এটা বিশ্বাসীদের জন্য হেদায়েত ও রোগের প্রতিকার
আল্লাহর কাছে আরোগ্য কামনা
রোগ-ব্যাধি থেকে মুক্তির জন্য চিকিৎসা গ্রহণের পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া ও কোরআন তিলাওয়াত করা যেতে পারে। তবে কোরআনের আয়াত তিলাওয়াতকে চিকিৎসার বিকল্প মনে করা উচিত নয়। সুস্থতা ও আরোগ্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।
আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, অসুস্থদের পূর্ণ আরোগ্য দান করুন এবং কোরআনের আলোয় জীবন আলোকিত করুন। আমিন।
এনএ

