বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার বলেছেন, দেশের একের পর এক দুর্ঘটনা প্রমাণ করে যে আমরা কতটা অসহায়। তাঁর মতে, এ দেশে মানুষ অলৌকিকভাবে বেঁচে থাকে এবং সমাজ এই ভয়াবহ বাস্তবতা দেখেও চোখ বন্ধ করে থাকে, যেন সবকিছুই স্বাভাবিক। তিনি মন্তব্য করেছেন, \"আমরা আসলে সবাই জম্বি-জীবন্মৃত, আমরা বেঁচে নাই। আমরা একেকটা চলাফেরা করা মৃতদেহ।\"
মঙ্গলবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে আব্দুন নূর তুষার দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে গভীর হতাশা ব্যক্ত করেন। তিনি লিখেছেন, \"এখানে নির্মীয়মাণ ভবন থেকে লোহার টুকরা আর ফ্লাইওভারের গার্ডার আমাদের ওপরে পড়ে। আমরা বৃষ্টির পানিতে ড্রেনে ভেসে যেতে দেখি, বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখি। আমাদের গার্মেন্টস ধসে পড়ে শ্রমিকদের ওপর। আমাদের রাজপথ দুর্ঘটনার স্বর্গ।\"
সাম্প্রতিক বিমান বিধ্বস্তের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, \"আমাদের শিশুরা মরে যায় জানেও না কেন! আকাশ থেকে যুদ্ধবিমান পড়ে মৃত্যু। কী বীভৎস ও অমানবিক।\" এই ভয়াবহতার চেয়েও বেশি অমানবিক ও নিষ্ঠুর হলো সমাজের নির্লিপ্ততা বলে তিনি মনে করেন। তুষার বলেন, \"এই সমাজ চোখ বন্ধ করে থাকে। একটি অঘটনের পর পরেরটার জন্য অপেক্ষায় থাকে। যেন এই সবকিছুই স্বাভাবিক।\"

