বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অভিযোগ করেছেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। মিটফোর্ডে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের পর যেভাবে দ্রুতগতিতে ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে রাস্তায় কিছু গোষ্ঠী অশালীন ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গালাগাল করেছে—তা কোনোভাবেই স্বাভাবিক নয় বলে তিনি মন্তব্য করেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে শামা ওবায়েদ এসব কথা বলেন।
তিনি বলেন, \"মিটফোর্ডের ঘটনার সব কিছুই যেন আগেই প্রস্তুত ছিল—ভিডিও ক্লিপ, রিলস, কনটেন্ট। এগুলো নির্দিষ্ট কিছু পেজ থেকে একই সময়ে ছড়ানো হয়েছে। এতে বোঝা যায়, বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি সুপরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে।\"
শামা ওবায়েদ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, \"ঘটনাটি ঘটে ৯ জুলাই অথচ দেশের মানুষ তা জানতে পারে ১১ জুলাই। একজন মানুষকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হলো, ভিডিও করা হলো, আর প্রশাসনের কোনো তৎপরতা দেখা গেল না। কেন?\" তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশেই প্রশাসনের লোকজন থাকার পরও কেন তারা কিছু জানেন না বা ব্যবস্থা নেননি, তা খতিয়ে দেখা জরুরি।
শামা ওবায়েদ জোর দিয়ে বলেন, \"বিএনপি এখন ক্ষমতায় নেই, প্রশাসনও বিএনপি চালায় না—তাহলে কেন এ ঘটনার দায় বিএনপির ঘাড়ে চাপানো হচ্ছে, তা নিয়ে ভাবার সময় এসেছে। মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনায় যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনতে হবে।\"
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই নেত্রী বলেন, \"বিএনপি গুণগত পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে এবং দলটি জনগণের ভোটে ক্ষমতায় গেলে ৩১ দফাভিত্তিক কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করবে।\" তিনি বলেন, \"আমরা প্রতিটি প্রতিষ্ঠানে পরিবর্তন চাই। সংবিধানে এমন পরিবর্তন চাই যেন দেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে।\"
ভালো প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে বিএনপি অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, \"কারণ আমরা বিশ্বাস করি, গুণগত পরিবর্তন আনতে হলে নেতৃত্বেও পরিবর্তন প্রয়োজন। আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি।\"
এনসিপি (ন্যাশনালিস্ট কনসলিডেশন পার্টি) গঠনের পর বিএনপির প্রতিক্রিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, \"বিএনপি সব সময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। তাই এনসিপিকে আমরা স্বাগত জানিয়েছি। কারণ গণতন্ত্র মানেই হলো ভিন্নমতের সহাবস্থান।\"
শামা ওবায়েদ আরও বলেন, \"একটি রাজনৈতিক দল বা নেতার সমালোচনা করা গণতান্ত্রিক অধিকার হলেও যেভাবে অশ্লীল ও সামাজিক শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার করা হচ্ছে, তা নতুন প্রজন্মের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।\" তিনি আশা প্রকাশ করেন, \"বর্তমান পরিস্থিতিতে যারা রাজনীতিতে ঘৃণা, অপমান এবং সহিংসতা ছড়াচ্ছেন, তাদের নতুন প্রজন্ম গ্রহণ করবে না। তারা পরিবর্তন চায়, সম্মাননির্ভর রাজনীতি চায়।\"

