অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র সমালোচনা করে লেখক ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, \"অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ।\" শুক্রবার(৮ আগস্ট) বেলা ১১টা ৫৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক লেখায় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান নস্যাৎ করার জন্য শেখ হাসিনার সংবিধান ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা অক্ষুণ্ন রাখা হয়েছে।
ফরহাদ মজহারের মতে, গণঅভ্যুত্থানের পর জনগণের আত্মত্যাগের ফল হিসেবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পরিবর্তে, সরকার পুরানো সংবিধান ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা অক্ষুণ্ন রেখে নির্বাচনের ঘোষণা দিয়েছে, যা \"এস আলমসহ লুটেরা ও মাফিয়া শ্রেণির হাতে পুনরায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা।\"
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পরপরই শেখ হাসিনার নিযুক্ত প্রেসিডেন্টকে বহাল রেখে এবং তার সংবিধান রক্ষার শপথ নিয়ে যে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে, তার কোনো আইনি বা রাজনৈতিক বৈধতা নেই। তার মতে, একটি সরকারের আইনি ও রাজনৈতিক বৈধতার ভিত্তি হলো গণঅভ্যুত্থান, অর্থাৎ জনগণ স্বয়ং।
ফরহাদ মজহার ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কে বলেন, \"অবৈধ সরকারের ‘জুলাই ঘোষণাপত্র’ দেবারও কোনো রাজনৈতিক বা আইনী বৈধতা নাই।\" তিনি আরও বলেন, যারা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের দায়মুক্তি (Indemnity) দেওয়ার দাবি করা হলেও, শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে তা সম্পূর্ণ অসম্ভব। একমাত্র উপায় হলো সংবিধান সম্পূর্ণ বাতিল করে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা।
তিনি বলেন, \"শেখ হাসিনার সংবিধান ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের অধীনে নিবন্ধন পাওয়া প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন ‘অবৈধ’।\" তার মতে, নতুন সংবিধান প্রণয়ন এবং নতুন নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচনও সম্পূর্ণ ‘অবৈধ’।
ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, \"শেখ হাসিনার সংবিধান বাতিল এবং পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প নাই।\" তিনি সতর্ক করে বলেন, লুটেরা ও মাফিয়া শ্রেণির সঙ্গে কোনো সমঝোতা তাকে ভবিষ্যতে বাঁচাতে পারবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রও তাকে রক্ষা করতে পারবে না। তিনি ড. ইউনূসকে \"নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ না করতে\" আহ্বান জানান।

