জুলাই সনদ রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রতিনিধিত্ব করতে পারে বলে মনে করছেন যুক্তরাজ্যের সাংবাদিক ডেভিড বার্গম্যান। এতে কিছু সংস্কার অন্তর্ভুক্ত আছে, যেগুলোতে সংবিধান সংশোধনের প্রতি আগ্রহী বেশিরভাগ মানুষ সমর্থন জানাতে পারেন।
রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বার্গম্যান লিখেছেন, রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো ২৭ পৃষ্ঠার জুলাই সনদের একটি অপ্রকাশিত ইংরেজি সংস্করণ তিনি পড়েছেন। তাঁর মতে, এটি সম্পূর্ণভাবে বোঝার জন্য আরও সময় লাগবে। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, বেশিরভাগ প্রস্তাবে স্বাধীনভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। এতে এমন ধরনের সংস্কার অন্তর্ভুক্ত আছে যা সংবিধান সংশোধনের প্রতি আগ্রহী বেশিরভাগ মানুষ হয়তো সমর্থন করবেন।
বার্গম্যান আরও লিখেছেন, মনে হচ্ছে ‘রাষ্ট্রের মূলনীতি’ সংক্রান্ত বিষয়ে অস্পষ্টতা আছে। বর্তমানে মূলনীতিতে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি আছে। এটি ডানপন্থি ইসলামী দলগুলোর একটি আপত্তির জায়গা। এই দলগুলো বাংলাদেশের রাজনীতিতে এখন গুরুত্বপূর্ণ শক্তি।
সনদের অনুচ্ছেদ-৭ এর প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রের মূলনীতির অংশে সংবিধানে ‘সমতা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি অন্তর্ভুক্ত থাকবে। বার্গম্যান আরও লিখেছেন, ‘আমি যদি ঠিক পড়ে থাকি, তাহলে ‘‘ধর্মনিরপেক্ষতা’’ শব্দটির বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হবে। এটি একটি ভালো দিক।
সনদের শেষ অংশ পড়ে বার্গম্যানের মনে হয়েছে, ‘এই দলিলকে সর্বোচ্চ ক্ষমতা হিসেবে প্রয়োগের চেষ্টা আছে। যেটি বর্তমান সংবিধানের চেয়েও বড় হতে পারে।’
বার্গম্যান লিখেছেন, এই সনদের ভূমিকার ভাষা জুলাই ঘোষণাপত্রের চেয়ে অনেক বেশি সংযমী ও কম পক্ষপাতদুষ্ট। এরপরও আমি এর দুটি সমালোচনা করতে চাই। প্রথমত, এখানে বলা হয়েছে, ‘এক হাজার চার’শর বেশি নিরস্ত্র নাগরিক নিহত হয়েছে।’ এই সংখ্যা কোথায় থেকে এলো? সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা প্রায় ৮৫০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। ৮৫০ সংখ্যাটি হয়তো চূড়ান্ত নয়, আরও ৫০ থেকে ১০০ জন বেশি হতে পারে। সম্ভবত ৯০০ থেকে ১ হাজার হবে। কিন্তু নিহতের সংখ্যা ১ হাজার চার’শ নয়।
দ্বিতীয়ত, আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে (২০০৯-২৪) নিপীড়ন, অরাজকতা ও ভয়ের শাসনের বড় উদাহরণ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু অরাজকতা, আতঙ্ক ও ভয়ের শাসনের মধ্যে পিলখানা হত্যাকাণ্ড কীভাবে অন্তর্ভুক্ত হলো? কিছু জল্পনা আছে, আওয়ামী লীগ সেনাবাহিনীকে নিরস্ত্র করার ষড়যন্ত্রে অংশ নিয়েছিল। কিন্তু এটিকে প্রমাণ করার মতো যথাযথ প্রমাণ নেই।

