ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ‘মুজিববাদী বামদের ষড়যন্ত্র’ রুখতে সব ছাত্রসংগঠনের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “ডাকসু নির্বাচন অনিবার্য। মুজিববাদী বামদের ষড়যন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করা যাবে না।”
এদিন হাইকোর্টের এক রিট আবেদনের শুনানিতে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়া হলেও, পরে আপিল বিভাগের চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করে। ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্বাচন আয়োজনে কোনো আইনি বাধা আর নেই।
জুনায়েদ তার পোস্টে আরও লিখেছেন, “ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের সাংবিধানিক অধিকার। সব ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে এই অধিকার আদায়ে সরব হতে হবে।” তিনি নির্বাচন বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এর আগে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন বাম সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী বিএম ফাহমিদা আলম। এই রিটের কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে আপিল বিভাগের সর্বশেষ রায়ে নির্বাচনের পথে বাধা দূর হওয়ায় এখন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো আইনি জটিলতা নেই।
এই নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থী সংগঠনসহ ১০টি প্যানেল অংশ নিচ্ছে। ডাকসুর ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন নারী, এবং ১৮টি হলের ১৩টি পদে ১,০৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত হয়েছেন। সদস্য পদে সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

