ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে \'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ\' প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু বাকের। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে।
ভাইরাল হওয়া ছবিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাসের। ছবিতে দেখা যায়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা \'বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি কর্মশালা\' আয়োজন করে। টিএসসিতে সেই কর্মশালার রেজিস্ট্রেশন বুথে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আবু বাকেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
আবু বাকের বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক। তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। ডাকসু নির্বাচনে তার প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল কাদের। সম্প্রতি এনসিপি থেকে বহিষ্কৃত মাহির সরকার নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আবু বাকেরকে তার সমর্থন দিয়েছেন।

