নেপালে চীনপন্থী সরকারের পতন ভারত ও বাংলাদেশ আওয়ামী লীগের জন্য খুশির সংবাদ। রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি দাবি করেছেন, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে নেপালে নেতৃত্ব এখন ভারতের হাতে চলে এসেছে, যা চীনের প্রভাবকে শূন্যের কোঠায় নামিয়ে দিয়েছে।
রনি একটি সোশ্যাল মিডিয়া ভিডিও বার্তায় বলেন, “নেপালে চীনের দীর্ঘদিনের মিত্র সরকার জনবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়েছে। প্রধানমন্ত্রী পালিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারা হয়েছে। এই অভ্যুত্থান চীনের বিরুদ্ধে, যার ফলে তাদের বিনিয়োগ ও প্রভাব একেবারে শূন্যে নেমে আসবে।”
তিনি আরও বলেন, “২০০৮ সাল থেকে নেপালে চীনের একচেটিয়া কর্তৃত্ব বাড়ছিল। কিন্তু এই সরকার পতনের মধ্য দিয়ে ভারতের সমর্থনপুষ্ট নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। দিল্লি ও ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এখন উৎফুল্ল। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের মধ্যেও এই সাফল্যে খুশির বন্যা বয়ে যাচ্ছে।”
রনি উল্লেখ করেন, বাংলাদেশে শেখ হাসিনার পতনের পেছনে চীনের ভূমিকা ছিল বলে তিনি মনে করেন। নেপালের ঘটনা ভারত ও আওয়ামী লীগের জন্য কৌশলগত জয়। তিনি বলেন, “শেখ হাসিনা এখন মুচকি হাসছেন, নাকি অট্টহাসি দিচ্ছেন, তা আপনারা কল্পনা করে নিন।”

