জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, জেদনির সাথে আমার যে ছবি নিয়ে বাজে প্রচারণা করা হচ্ছে, এটা একটা সাংগঠনিক কর্মশালার ছবি ছিল। সেখানে আরো ব্যক্তিরা ছিলেন। তাদেরকে বাদ দিয়ে আমাদের দুজনকে এরকম দেখানো হচ্ছে।
সম্প্রতি এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, আমি খুব ভীষণভাবে খুশি হয়েছি কারণ হান্নান আমাদের দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। আর এই আন্দোলনে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে জেদনি একজন। তারা একটা ব্যক্তিগত জীবনে, একটা দাম্পত্য জীবনকে বেছে নিয়েছেন। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার।
তারা একসাথে থাকবেন সুখে-দুঃখে এটা আমি চাইবো সবসময়। তাদের জন্য আমার শুভকামনা আছে এবং আমি মনে করি যে হান্নান মাসউদ এবং জেদনি দুজনই সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
তুষার বলেন, জেদনি আমার খুব কাছের ছোট বোন এবং আমরা প্রায় কাছাকাছি মতদর্শের মানুষ। একই সাংগঠনিক কাঠামোর মধ্যে আছি।
যে ছবিটা দিয়ে জেদনির সাথে আমাকে নিয়ে বাজে প্রচারণা করা হচ্ছে এটা একটা সাংগঠনিক কর্মশালার ছবি ছিল। সেখানে আরো ব্যক্তিরা ছিলেন। তাদেরকে বাদ দিয়ে দুজনকে এরকম দেখানো হচ্ছে। এছাড়া আরেকটা ছবি যেটাকে বলা হচ্ছে যে একটা পারিবারিক আবহের ছবি। এটা নরসিংদীর প্রথম শহীদ তাহমিদের বাসায় তার পরিবারের সাথে।
যখন আমি, সারজিস আলম এবং জেদনি যাই, তখনকার এক ছবি। ওই ছবিকে খুব ভুলভাবে বার্তা দিয়ে প্রচার করা হচ্ছে।
তুষার আরো বলেন, আমি ঘেঁটে দেখেছি, এগুলো যারা করছেন তারা বেশিরভাগই কোনো না কোনো একটা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট। এটা রাজনৈতিক প্রতিপক্ষতাটাকে বা রাজনৈতিক বিরোধিতাটাকে এইভাবে ব্যক্তি চরিত্র ধরে আক্রমণ করা এবং তারা খেয়াল করছেন না যে জেদনি একজন নারী, ফলে তার সাথে এইটা করা যায় না। এমনকি আমার সাথেও বা কোনো ব্যক্তির মর্যাদা আপনি হানি করতে পারেন না।
তিনি বলেন, এখন আবার এআই এসেছে, ভুল ছবি জোড়া দিয়ে যেটা করা হচ্ছে তা নোংরা প্রচারণা। হান্নান মাসউদ, জেদনি বা আমি— আমরা কেউ বিচলিত না। আমরা জানি যে এই বাজে প্রচারণাগুলো হচ্ছে, হবে। রাজনীতি করতে আসলে আপনি কিছু কিছু ক্ষেত্রে টার্গেটে পরিণত হবেন, এটা চলবে। কিন্তু আমি মনে করি যারা এই কাজ করছেন তারা ঠিক করছেন না। তাদের উচিত এগুলো থেকে বের হয়ে এসে গঠনমূলক সমালোচনায় মনোযোগ দেওয়া।

